
মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার জবাবে উপসাগরীয় অঞ্চলে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালিয়েছে ইরান। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের বিরুদ্ধে আরও ‘কঠোর’ পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেওয়ার পর এ হামলা হলো। যুক্তরাষ্ট্রের এ হামলার জবাবে ইরানও বাহরাইন ও কুয়েতে মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে—তারা টানা দ্বিতীয় দিনের মতো ‘আত্মরক্ষামূলক হামলা’ পরিচালনা করেছে। ট্রাম্পের অভিযোগ, যুদ্ধ বন্ধে একটি সমঝোতায় পৌঁছাতে ইরান অনেক বেশি সময় নিচ্ছে। এরপরই রাতভর নতুন করে হামলা চালানো হয়।
এ হামলার জবাবে ইরান জানায়, তারা বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। আগের দিনও প্রতিশোধমূলক অভিযানে একই দুটি ঘাঁটিতে হামলা চালানো হয়েছিল।
সাম্প্রতিক কয়েক দিনের পাল্টাপাল্টি হামলা এপ্রিল মাসে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া নাজুক যুদ্ধবিরতিকে নতুন করে অনিশ্চয়তার মুখে ফেলেছে।
সর্বশেষ মার্কিন হামলার পর ইরানের দক্ষিণাঞ্চলের বিভিন্ন শহরে বিস্ফোরণের শব্দ শোনা যায়। এসব এলাকা হরমুজ প্রণালির কাছাকাছি অবস্থিত। এর আগের দফার মার্কিন হামলায় ওই অঞ্চলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার ও অন্যান্য সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছিল।
নতুন উত্তেজনার মধ্যে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড করপস (আইআরজিসি) দাবি করেছে, তারা হরমুজ প্রণালি দিয়ে চলাচলরত দুটি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য প্রকাশ করলেও তাৎক্ষণিকভাবে এর স্বাধীন কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এর আগে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, হরমুজ প্রণালি সব ধরনের নৌযানের জন্য সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। তবে সেন্টকমের দাবি, বাণিজ্যিক জাহাজগুলো এখনো ওই প্রণালি দিয়ে প্রবেশ ও প্রস্থান করছে।
প্রণালিটি বন্ধের ঘোষণা এবং ট্যাংকারে হামলার খবরে আন্তর্জাতিক জ্বালানি বাজারে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখা যায়। বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যায়। আন্তর্জাতিক বাজারের অন্যতম মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম এশিয়ার সকালের লেনদেনে প্রায় ২ শতাংশ বাড়ার পর ব্যারেলপ্রতি ৯৫ ডলারের ওপরে উঠে যায়।
সর্বশেষ মার্কিন হামলার কয়েক ঘণ্টা আগে ট্রাম্প সতর্ক করে বলেছিলেন, ‘গতকাল আমরা তাদের ওপর কঠোর আঘাত হেনেছি এবং আজও তাদের ওপর কঠোর আঘাত হানব।’ নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘ইরানের নেতারা একটি চুক্তি নিয়ে আলোচনায় অনেক বেশি সময় নিয়ে ফেলেছেন।’
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, ইরানকে সমঝোতায় পৌঁছানোর সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু তারা সেই সুযোগ কাজে লাগায়নি। তিনি বলেন, দেশটির গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে ‘বোমা বর্ষণ করা হবে’। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সতর্ক করে বলেন, কোনো শান্তি চুক্তি না হলে ইরানের বিরুদ্ধে আবারও হামলা চালানো হবে।
এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেছেন, ইরান যেকোনো চাপ কিংবা হুমকির বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকবে। এর আগে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করে, যুক্তরাষ্ট্র পরস্পরবিরোধী বার্তা পাঠিয়ে কূটনৈতিক প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করছে।
গত এপ্রিল মাসে যুক্তরাষ্ট্র ও ইরান একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল, যা প্রাথমিকভাবে দুই সপ্তাহের জন্য কার্যকর থাকার কথা ছিল। এর পর থেকে দুই পক্ষের মধ্যে বিচ্ছিন্নভাবে হামলা-পাল্টা হামলা চললেও পূর্ণমাত্রার যুদ্ধ আর শুরু হয়নি। তবে সাম্প্রতিক সময়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে নতুন করে আলোচনার প্রচেষ্টা স্থবির হয়ে পড়েছে এবং একই সঙ্গে হামলার মাত্রাও বেড়েছে।
চলতি সপ্তাহে একটি মার্কিন হেলিকপ্টার ভূপাতিত হয়। এ ঘটনার জন্য ইরানকে দায়ী করা হয়। এর প্রতিক্রিয়ায় আইআরজিসি মধ্যপ্রাচ্যজুড়ে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলা চালায়। এ অবস্থায় জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সতর্ক করে বলেছেন, মধ্যপ্রাচ্য আরও গভীর সংকটের দিকে ধাবিত হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, সাম্প্রতিক হামলাগুলোর ফলে যুদ্ধবিরতি এখন অনেকটা ‘সীমিত যুদ্ধবিরতির’ মতো অবস্থায় পৌঁছেছে।
গুতেরেস বলেন, ‘সীমিত যুদ্ধবিরতি যে পূর্ণাঙ্গ যুদ্ধে পরিণত হতে পারে, সেই ঝুঁকিকে খাটো করে দেখা উচিত নয়। সব পক্ষকে অবশ্যই কূটনৈতিক সমাধানের দিকে এগোতে হবে। আর কোনো হামলা নয়। আর কোনো অজুহাত নয়।’

যৌন অসদাচরণ অভিযোগের তদন্তের মধ্যেই যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াভিত্তিক বিখ্যাত সাল্ক ইনস্টিটিউট থেকে পদত্যাগ করেছেন ভারতীয় বংশোদ্ভূত খ্যাতনামা জীববিজ্ঞানী সচিদানন্দ (সাচিন) পান্ডা। ২২ বছর ধরে প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত থাকা এই বিজ্ঞানী আগামী ১৩ আগস্ট আনুষ্ঠানিকভাবে দায়িত্ব ছাড়বেন বলে জানিয়েছে...
১৪ মিনিট আগে
ভারতের নয়াদিল্লিতে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি বেধড়ক লাঠিপেটা ও মারমুখী আচরণের ঘটনায় স্বতঃপ্রণোদিত পদক্ষেপ (সুয়োমোটো) নিতে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছিল। দিল্লি পুলিশের বিরুদ্ধে ‘বর্বরতার’ অভিযোগ এনে করা জরুরি শুনানির আবেদন খারিজ করে শীর্ষ আদালত বলেছেন,
২ ঘণ্টা আগে
তরুণদের বিক্ষোভে সরকারের দমন-পীড়নকে কেন্দ্র করে ভারতের রাজনীতিতে নজিরবিহীন উত্তেজনা ছড়িয়ে পড়ে গতকাল মঙ্গলবার। দিনজুড়ে বিরোধী দলের ধর্না, নেতা-কর্মীদের আটক এবং সরকার-বিরোধী পাল্টাপাল্টি অভিযোগের মধ্য দিয়ে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। দিনের শেষে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী কেন্দ্র সরকারের
৫ ঘণ্টা আগে
প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের সামনে কংগ্রেসের বিক্ষোভকে কেন্দ্র করে দলটি এবং লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে শিক্ষার্থীদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার অভিযোগ তুলেছেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনি দাবি করেন, রাহুল
৬ ঘণ্টা আগে