গাজার ৯৯ শতাংশ এলাকা এখন বিষাক্ত: অক্সফাম

ইসরায়েলের টানা তিন বছরের বেশি সময়ের সামরিক অভিযানে ‘বিষাক্ত বর্জ্যভূমিতে’ পরিণত হয়েছে গাজা। উপত্যকাটির ৯৯ শতাংশের বেশি এলাকায় বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্র ব্যবহারের কারণে পরিবেশদূষণ ছড়িয়ে পড়েছে। এতে বিষাক্ত হয়ে উঠছে পানি, মাটি ও বাতাস। হুমকির মুখে পড়েছে ২৩ লাখ ফিলিস্তিনির জীবন ও ভবিষ্যৎ প্রজন্মের অস্তিত্ব।
যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফাম এবং কনফ্লিক্ট অ্যান্ড এনভায়রনমেন্ট অবজারভেটরির (সিইওবিএস) যৌথ এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। উপগ্রহচিত্র, দূর অনুধাবন প্রযুক্তি, বৈজ্ঞানিক বিশ্লেষণ ও উন্মুক্ত তথ্যের ভিত্তিতে তৈরি প্রতিবেদনটিতে গাজায় ইসরায়েলি সামরিক অভিযানের পরিবেশগত প্রভাবের বিস্তারিত চিত্র তুলে ধরা হয়েছে।
অক্সফামের আন্তর্জাতিক নির্বাহী পরিচালক অমিতাভ বেহার বলেন, ‘গাজায় ইসরায়েলের চলমান গণহত্যার অংশ হিসেবে পরিবেশের ওপরও সামরিক হামলা চালানো হচ্ছে। এসব পরিবেশগত যুদ্ধাপরাধ বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জীবনকে হুমকির মুখে ফেলছে।’
তিনি আরও বলেন, ভবন ও পরিবেশ ধ্বংসের পাশাপাশি ব্যাপক দূষণের ফলে মানুষের নিরাপত্তা ও বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় পরিবেশগত অবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এটি আন্তর্জাতিক মানবিক ও মানবাধিকার আইনের অধীনে ইসরায়েলের দায়িত্বের লঙ্ঘন হতে পারে।
প্রতিবেদনে বলা হয়েছে, বোমা হামলা, অগ্নিকাণ্ড, ধ্বংসস্তূপ ও অপরিশোধিত পয়োবর্জ্য থেকে ছড়িয়ে পড়া দূষিত পদার্থ বাতাস, পানি ও খাদ্যের মাধ্যমে ফিলিস্তিনিদের শরীরে প্রবেশ করছে। দূষিত মাটি ও ধ্বংসস্তূপের সরাসরি সংস্পর্শেও স্বাস্থ্যঝুঁকি বাড়ছে।
৬ কোটি ১০ লাখ টন ধ্বংসস্তূপ
অক্সফামের হিসাব অনুযায়ী, ২০২৫ সালের ১১ অক্টোবর পর্যন্ত গাজার মোট ৩৬৫ বর্গকিলোমিটার এলাকার মধ্যে প্রায় ২৮৩ বর্গকিলোমিটার বা ৭৮ শতাংশ ইসরায়েলি স্থল অভিযানের সরাসরি প্রভাবের মধ্যে পড়ে।
জাতিসংঘের পরিবেশ কর্মসূচির (ইউএনইপি) হিসাবে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া হামলায় গাজায় প্রায় ৬ কোটি ১০ লাখ টন ধ্বংসস্তূপ তৈরি হয়েছে। বর্তমানে সেখানে বসবাসকারী প্রত্যেক মানুষের হিসাবে ধ্বংসস্তূপের পরিমাণ প্রায় ২৯ টন। এসব বর্জ্য সরাতে প্রায় ২১ লাখ ট্রাকভর্তি ধ্বংসস্তূপ পরিবহনের প্রয়োজন হবে। পুরো পৃথিবীর পরিধি প্রায় ৭৩৬ বার ঘোরার সমান পথ অতিক্রম করতে হবে এসব ট্রাককে।
প্রতিবেদনে বলা হয়েছে, গাজার প্রায় ৯৯ শতাংশ এলাকায় অন্তত একটি সম্ভাব্য দূষণের উৎস শনাক্ত করা হয়েছে। গাজা সিটি, খান ইউনিস, রাফাহ, জাবালিয়া এবং সালাহ আল-দিন সড়কসংলগ্ন এলাকায় দূষণের ঝুঁকি সবচেয়ে বেশি।
বিস্ফোরিত না হওয়া গোলাবারুদের খোলস ক্ষয় হয়ে মাটি ও ভূগর্ভস্থ পানিতে বিষাক্ত পদার্থ ছড়াতে পারে। ক্ষতিগ্রস্ত যানবাহন, ব্যাটারি ও জ্বালানি সংরক্ষণাগার থেকেও দূষণের ঝুঁকি তৈরি হয়েছে।
পানির সংকট ও পয়োবর্জ্য
প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরের আগে গাজায় দৈনিক পানির সরবরাহ ছিল ৩ লাখ ৩৪ হাজার ১০৭ ঘনমিটার। ২০২৪ সালের জুনে তা কমে দাঁড়ায় মাত্র ৫৪ হাজার ৭৪৭ ঘনমিটারে। অর্থাৎ সরবরাহ কমে যায় প্রায় ৮৪ শতাংশ। ২০২৬ সালের এপ্রিলে জরুরি মেরামতের মাধ্যমে সরবরাহ কিছুটা বাড়লেও তা যুদ্ধ-পূর্ব সময়ের তুলনায় ৬১ শতাংশ কম ছিল।
গাজার ছয়টি পয়োবর্জ্য শোধনাগারের সব কটিই ২০২৪ সালের এপ্রিলের মধ্যে ধ্বংস হয়ে যায়। প্রতিদিন প্রায় ৪০ হাজার ঘনমিটার অপরিশোধিত পয়োবর্জ্য ভূমধ্যসাগরে গিয়ে পড়ছে। এটি অলিম্পিক আকারের ১৬টি সুইমিং পুলের সমান।
২০২৬ সালের জুলাইয়ে পরীক্ষা করা ৭৯টি ভূগর্ভস্থ পানির কূপের মধ্যে ১৫ টিতে মলজাতীয় ব্যাকটেরিয়া পাওয়া যায়। একই পরীক্ষায় ৭৯টি কূপের ৬১ টির পানিতে দ্রবীভূত কঠিন পদার্থের মাত্রা প্রতি লিটারে এক হাজার মিলিগ্রামের বেশি ছিল।
কৃষি ও খাদ্যনিরাপত্তায় বিপর্যয়
যুদ্ধের আগে গাজার কৃষিজমি স্থানীয় মানুষের তাজা সবজির চাহিদার প্রায় ৯৫ শতাংশ পূরণ করত। কিন্তু ২০২৫ সালের শেষ নাগাদ ৮৭ শতাংশের বেশি কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে মাত্র ৩ শতাংশ জমি ব্যবহারযোগ্য ও অক্ষত ছিল।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ১০ লাখেরও বেশি জলপাইগাছ উপড়ে ফেলা হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে সাত হাজার ২০০ টির বেশি গ্রিনহাউস। ধ্বংস হয়েছে ফিলিস্তিনি বীজ সংরক্ষণ ও বিতরণের গুরুত্বপূর্ণ অবকাঠামো।
গবাদিপশুর প্রায় ৯৫ শতাংশ হারিয়ে গেছে। মাছ ধরার কার্যক্রমও প্রায় ভেঙে পড়েছে। ২০২৬ সালের জুলাইয়ে গাজার প্রায় ১২ লাখ মানুষ তীব্র খাদ্যসংকটের মুখে ছিল।
অর্থনীতি ও জনস্বাস্থ্যে দীর্ঘমেয়াদি ক্ষতি
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে গাজার মোট দেশজ উৎপাদন (জিডিপি) ৮৩ শতাংশ কমে ৩৬ কোটি ২০ লাখ ডলারে দাঁড়ায়। ব্যবসা ও শিল্পপ্রতিষ্ঠানের ৯২ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ৭২ শতাংশ সম্পূর্ণ ধ্বংস হয়েছে।
বিশ্বব্যাংক, ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘের যৌথ মূল্যায়ন অনুযায়ী, ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত গাজায় সরাসরি অবকাঠামোগত ক্ষতির পরিমাণ ৩৫২০ কোটি ডলার এবং অর্থনৈতিক ক্ষতি ২২৭০ কোটি ডলার। পুনর্গঠনে আগামী এক দশকে প্রয়োজন হবে ৭১৪০ কোটি ডলার।
স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে। ২০২৬ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে গাজায় ১৯ লাখের বেশি শ্বাসতন্ত্রের সংক্রমণ এবং প্রায় ৮১ হাজার তীব্র পানিবাহিত ডায়রিয়ার ঘটনা নথিভুক্ত হয়েছে। ডায়রিয়ায় আক্রান্তদের মধ্যে ৩৬ হাজারের বেশি ছিল পাঁচ বছরের কম বয়সী শিশু।
অক্সফাম দূষণের প্রকৃত মাত্রা নির্ধারণে পূর্ণাঙ্গ ও স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছে। সংস্থাটির প্রস্তাবিত পাঁচ ধাপের পরিকল্পনায় রয়েছে—দূষিত এলাকায় প্রবেশ নিয়ন্ত্রণ ও মানুষের সংস্পর্শ কমানো, মাটি-পানি পরীক্ষা, ঝুঁকিপূর্ণ স্থানে জরুরি মেরামত, বিষাক্ত বর্জ্য অপসারণ এবং পরিবেশগত সুরক্ষা নিশ্চিত করে পুনর্গঠন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, গাজার পানি, খাদ্য ও পয়োনিষ্কাশন ব্যবস্থা ধ্বংসের ঘটনা আন্তর্জাতিক অপরাধ আদালতের রোম সংবিধি এবং গণহত্যা সনদের আওতায় সম্ভাব্য অপরাধের মূল্যায়নে প্রাসঙ্গিক হতে পারে। তবে গণহত্যার আইনি সিদ্ধান্তে পৌঁছাতে কোনো সুরক্ষিত জনগোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার সুনির্দিষ্ট অভিপ্রায়ের প্রমাণ প্রয়োজন।









