Ajker Patrika

মার্কিন নৌ অবরোধ মোকাবিলায় যা করার করবে ইরান

আজকের পত্রিকা ডেস্ক­
মার্কিন নৌ অবরোধ মোকাবিলায় যা করার করবে ইরান
হরমুজে জ্বালানিবাহী ট্যাংকার ও অন্যান্য বাণিজ্যিক জাহাজে প্রতিদিন হামলা চালানো হচ্ছে। ছবি: সংগৃহীত

মার্কিন নৌ অবরোধ মোকাবিলায় হাতে থাকা সব ধরনের উপায় ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, যুক্তরাষ্ট্রের চলমান নৌ অবরোধের বিরুদ্ধে পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেবে তেহরান।

বাঘাই বলেন, ইরানের ওপর অর্থনৈতিক ও নৌ অবরোধকে কোনোভাবেই সাধারণ নিষেধাজ্ঞা হিসেবে দেখার সুযোগ নেই। এগুলো দেশটির বিরুদ্ধে সামরিক আগ্রাসনেরই অংশ। যুক্তরাষ্ট্র যেভাবে নৌ অবরোধের কথা বলছে, সেটিও সামরিক আগ্রাসনের শামিল।

সম্প্রতি ইরানের ওপর নৌ অবরোধ আরও জোরদার করেছে মার্কিন সামরিক বাহিনী। জাহাজ থেকে জাহাজে পণ্য স্থানান্তরের মাধ্যমে ইরানি পণ্য গ্রহণকারী জাহাজগুলোকে সামরিক পদক্ষেপের মুখে পড়তে হতে পারে বলেও সতর্ক করেছে ওয়াশিংটন।

এদিকে আন্তর্জাতিক আইনের ৫১ অনুচ্ছেদের উল্লেখ করে মার্কিন অবরোধ ভাঙতে সামরিক শক্তি ব্যবহারের অধিকার রয়েছে বলে দাবি করেছেন বাঘাই। তিনি বলেন, আত্মরক্ষার স্বার্থে একটি রাষ্ট্র যেকোনো উপায় অবলম্বন করতে পারে। অবরোধ মোকাবিলায় কূটনৈতিক ও প্রতিরক্ষামূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ইরানের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তারা।

তিনি আরও বলেন, ইরানের ওপর আরোপিত সাম্প্রতিক ও পূর্ববর্তী নিষেধাজ্ঞাগুলো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক আগ্রাসনের ধারাবাহিকতা। এগুলো আন্তর্জাতিক আইনের সনদের চতুর্থ অনুচ্ছেদের লঙ্ঘন।

অন্যদিকে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) উপপ্রধান মেজর জেনারেল মোস্তফা ইজাদি বলেছেন, যে কোনো স্থানে, যে কোনো সময় এবং যে কোনো ধরনের হুমকির তাৎক্ষণিক ও কার্যকর জবাব দিতে প্রস্তুত ইরানের সামরিক বাহিনী।

স্থানীয় সংবাদমাধ্যমকে তিনি বলেন, বিশ্বের বৃহত্তম সামরিক শক্তিকে চ্যালেঞ্জ জানানোর সক্ষমতা অর্জন করেছে ইরানের সশস্ত্র বাহিনী। এই সক্ষমতা ধরে রাখার প্রচেষ্টা অব্যাহত থাকবে। ইরানের সামরিক বাহিনী ও আইআরজিসিকে ধ্বংস করার শত্রুপক্ষের পরিকল্পনাও সফল হয়নি বলে দাবি করেন তিনি।

গত ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে সংঘাত অবসানে একাধিক কূটনৈতিক উদ্যোগ নেওয়া হয়েছে। তবে অচলাবস্থা কাটেনি। গত সপ্তাহে ইরানের পার্লামেন্টের স্পিকার পরিস্থিতিকে ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ বলে বর্ণনা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত