Ajker Patrika

ইরানে আমাদের মিশন এখনো শেষ হয়নি: ইসরায়েল কাৎজ

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ২১: ২৯
ইরানে আমাদের মিশন এখনো শেষ হয়নি: ইসরায়েল কাৎজ
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযান এখনো শেষ হয়নি বলে মন্তব্য করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। একই সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে ইরানের মিত্র লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে সংঘাতে জড়ানো থেকে বিরত থাকার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

রোববার (৮ নভেম্বর) এক বক্তব্যে কাৎজ অভিযোগ করেন, গত বছর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বড় ধরনের দুই দফা হামলার পরও ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা পুনরায় শুরু করেছে। তবে ইরান বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে।

কাৎজ বলেন, ‘ইরানে আমাদের অভিযান এখনো শেষ হয়নি। দেশটি পারমাণবিক অস্ত্র অর্জনের প্রচেষ্টা নতুন করে শুরু করার চেষ্টা করছে। পাশাপাশি এমন কিছু গুরুতর কর্মকাণ্ড চালাচ্ছে, যা ইসরায়েলের জন্য প্রকৃত হুমকি।’

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানের বিরুদ্ধে নতুন করে হামলার হুমকি দিয়ে আসছেন। তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন তিনি পাবেন কি না, তা এখনো স্পষ্ট নয়।

এদিকে ইসরায়েলের চ্যানেল-১২ গত শুক্রবার জানিয়েছে, গত ২৭ অক্টোবরের নির্বাচনের আগে ইরানের বিরুদ্ধে একটি অভিযান চালানোর চেষ্টা করেছিল নেতানিয়াহু ও ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। তবে বিষয়টি জানতে পেরে যুক্তরাষ্ট্র সেই উদ্যোগ থামিয়ে দেয়।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর থেকে গাজা, লেবাননসহ একাধিক ফ্রন্টে সামরিক অভিযান চালাচ্ছে ইসরায়েল। সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর দেশটির ভূখণ্ডের একাংশও দখলে নিয়েছে ইসরায়েল।

কাৎজ বলেন, গাজা, লেবানন ও সিরিয়ায় প্রতিষ্ঠিত নিরাপত্তা অঞ্চল থেকে ইসরায়েল সেনা প্রত্যাহার করবে না। হিজবুল্লাহ ইরানের সঙ্গে মিলে ইসরায়েলে হামলা চালালে তাদের ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে।

উল্লেখ্য, গত ২৭ অক্টোবরের নির্বাচনে নেতানিয়াহুর জোট ক্ষতির মুখে পড়েছে। তাঁর প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকট নতুন সরকার গঠনের দায়িত্ব পেয়েছেন। আইজেনকট সতর্ক করে বলেছেন, নেতানিয়াহুর রাজনৈতিক স্বার্থে ইসরায়েলি সেনাবাহিনীকে যুদ্ধে জড়ানো উচিত নয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত