Ajker Patrika

রিয়াদের আরামকোতে আঘাত হানল হুতিদের ক্ষেপণাস্ত্র

আজকের পত্রিকা ডেস্ক­
রিয়াদের আরামকোতে আঘাত হানল হুতিদের ক্ষেপণাস্ত্র
সৌদি আরবের রাজধানী রিয়াদে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকোর একটি প্রশাসনিক ভবনে হামলা হয়েছে। ছবি: আরব নিউজ

সৌদি আরবের রাজধানী রিয়াদে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকোর একটি প্রশাসনিক ভবনে আঘাত হেনেছে হুতিদের ক্ষেপণাস্ত্র। এতে ভবনটির সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কেউ হতাহত হননি বলে জানিয়েছেন সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।

আরব নিউজের এক প্রতিবেদন থেকে জানা যায়, আজ রোববার এ হামলা হয়।

জ্বালানি মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা বলেন, ‘রিয়াদে সৌদি আরামকোর একটি ভবন লক্ষ্য করে হামলার চেষ্টা করা হয়েছে। এতে ভবনটির ওপর হামলার ধ্বংসাবশেষ পড়ে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কেউ আহত বা নিহত হননি।’

ঘটনাটি মোকাবিলা এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ শুরু করেছে বলে মন্ত্রণালয় জানিয়েছে।

এর আগে রোববার সৌদি নেতৃত্বাধীন জোট দাবি করে, ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করে ধ্বংস করেছে সৌদি আরবের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। এসব ক্ষেপণাস্ত্র রিয়াদ ও দেশটির দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ছোড়া হয়েছিল।

জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানান, রিয়াদ ও দক্ষিণাঞ্চলে ছোড়া দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও একটি ড্রোন প্রতিহত করে ধ্বংস করা হয়েছে। এ ছাড়া রাজধানী লক্ষ্য করে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও ধ্বংস করা হয়েছে। নভেম্বরের শুরু থেকে সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ধারাবাহিকভাবে আকাশপথে হামলার হুমকির মধ্যে সর্বশেষ এসব ঘটনা ঘটল।

এর আগে সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশ লক্ষ্য করে ছোড়া একটি ক্ষেপণাস্ত্রও প্রতিহত করেছিল দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা।

সম্ভাব্য বিপদের বিষয়ে এর আগে রিয়াদ নগরী ও নজরান প্রদেশে সতর্কবার্তা জারি করেছিল সৌদি সিভিল ডিফেন্স। তবে অল্প সময়ের মধ্যেই সতর্কতা তুলে নেওয়া হয়। একইভাবে বুখাইক ও আল-আহসা গভর্নরেট এবং দাম্মাম নগরীতেও সতর্কতা জারি করা হয়েছিল। বিপদ কেটে যাওয়ার পরপরই সেসব সতর্কবার্তা প্রত্যাহার করা হয়।

জোটের তথ্য অনুযায়ী, চলতি মাসে সৌদি আরবের বিভিন্ন এলাকায় অন্তত ১৫টি ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং চালকবিহীন আকাশযান বা ড্রোন প্রতিহত কিংবা ধ্বংস করা হয়েছে।

শনিবার রিয়াদ অঞ্চল লক্ষ্য করে ছোড়া একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংস করে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। এর আগের দিন নজরান লক্ষ্য করে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়। সেগুলোর ধ্বংসাবশেষ পড়ে যাওয়ার পর সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণ করছিল কর্তৃপক্ষ। ৬ নভেম্বর রিয়াদ ও মক্কা অঞ্চলে ছোড়া দুটি ড্রোনও ধ্বংস করা হয়।

এ ছাড়া ৫ নভেম্বর মদিনা অঞ্চল লক্ষ্য করে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়। ৩ নভেম্বর দক্ষিণাঞ্চল, পূর্বাঞ্চল ও মক্কা অঞ্চলের দিকে পাঠানো তিনটি ড্রোন ধ্বংস করা হয়। ২ নভেম্বর রিয়াদ ও দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ছোড়া দুটি ড্রোন ও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও প্রতিহত করা হয়।

জোট আরও জানিয়েছে, ১ নভেম্বর দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ছোড়া একটি ড্রোন ও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত