
সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পোর কাছে একটি সেনা স্থাপনায় রাতভর একের পর এক শক্তিশালী বিস্ফোরণে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিস্ফোরণে আকাশে বিশাল অগ্নিগোলক ও ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে রাতের আকাশে উজ্জ্বল আলোর রেখা এবং বিস্ফোরণের পর বিভিন্ন বসতির দিকে রকেট ও অন্যান্য ধ্বংসাবশেষ ছিটকে পড়তে দেখা গেছে।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য ন্যাশনাল জানায়, সোমবার (২১ সেপ্টেম্বর) ভোরে আলেপ্পোর দক্ষিণে আল-এইস শহরের কাছে একটি গোলাবারুদ ডিপোতে প্রথম বিস্ফোরণ ঘটে। এরপর ধারাবাহিকভাবে আরও বিস্ফোরণ হতে থাকে। সামাজিক যোগাযোগমাধ্যমের কিছু ভিডিওতে ঘটনাস্থলে দ্বিতীয় দফার বিস্ফোরণ এবং আকাশে ছিটকে যাওয়া বিভিন্ন বস্তু দেখা যায়।
সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, এই ঘটনায় অন্তত চারজন আহত হয়েছেন। অব্যাহত বিস্ফোরণের কারণে শুরুতে বেসামরিক প্রতিরক্ষা দল ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। নিরাপত্তার কারণে আলেপ্পো-দামেস্ক মহাসড়কসহ ঘটনাস্থলের দিকে যাওয়া কয়েকটি সড়ক বন্ধ করে দেওয়া হয়। বাসিন্দাদেরও ধ্বংসাবশেষ ও বিস্ফোরিত না হওয়া গোলাবারুদের ঝুঁকির কারণে এলাকা থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়।
সোমবার দিনেও বিস্ফোরণ অব্যাহত ছিল। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পরবর্তী বিস্ফোরণে সীমিত পরিমাণ অবকাঠামোগত ক্ষতি হয়েছে এবং নতুন করে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনাস্থলের নিরাপত্তায় সামরিক পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে বিস্ফোরণের কারণ এখনো জানানো হয়নি।
সিরিয়ার বেসরকারি টেলিভিশন চ্যানেল সিরিয়া টিভিকে দেওয়া সাক্ষাৎকারে নিরাপত্তা ও কৌশলগত বিষয়ক বিশেষজ্ঞ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আল-বাকায়ি দাবি করেন, বিস্ফোরণের ব্যাপকতা দেখে তিনি ‘বাহ্যিক তৎপরতার’ সম্ভাবনাই বেশি বলে মনে করছেন। তিনি নাশকতা, স্থাপনায় বিস্ফোরক পুঁতে রাখা কিংবা পুরোনো যুদ্ধের অবিস্ফোরিত অস্ত্র থেকে বিস্ফোরণের সম্ভাবনার কথা উল্লেখ করেন।
তবে তিনি কোনো প্রমাণ দেননি যে ইসরায়েল এই হামলা চালিয়েছে। সিরীয় কর্তৃপক্ষও এখন পর্যন্ত ইসরায়েল বা অন্য কোনো পক্ষকে দায়ী করেনি।
সাম্প্রতিক সময়ে সিরিয়ার সামরিক অস্ত্রভান্ডারে একাধিক বিস্ফোরণ ঘটেছে। ১ সেপ্টেম্বর ইদলিবের বিনিশে বিস্ফোরণে অন্তত পাঁচজন নিহত হন। ৮ সেপ্টেম্বর সারমাদার একটি অস্থায়ী অস্ত্র ও যুদ্ধাবশেষ সংরক্ষণকেন্দ্রে বিস্ফোরণে ১৪ সেনা নিহত ও ১০ জনের বেশি আহত হন। শনিবার দেইর ইজ-জোরের পশ্চিমে আইয়াশে অস্ত্রভান্ডারে বিস্ফোরণে ১১ সেনা নিহত হন।
সিরিয়া-বিষয়ক বিশ্লেষক চার্লস লিস্টার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ১১ দিনের মধ্যে ইদলিব, দেইর ইজ-জোর ও আলেপ্পোয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তিনটি অস্ত্রভান্ডারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তাঁর মতে, বিষয়টি কেবল কাকতালীয় কি না, তা নিয়ে ‘বড় প্রশ্ন’ তৈরি হয়েছে।

নতুন করে যুক্তরাষ্ট্রের হামলা হলে ইরানের প্রতিরক্ষামূলক ও পাল্টা আক্রমণাত্মক সামরিক অভিযানে ‘গুরুত্বপূর্ণ পরিবর্তন’ আনা হবে বলে জানিয়েছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
৮ মিনিট আগে
জাপানে সন্ত্রাসবিরোধী একটি মহড়ায় ‘সন্ত্রাসী’ চরিত্রে অভিনয় করা ব্যক্তিদের পোশাক নিয়ে সমালোচনার মুখে পড়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। অভিযোগ উঠেছে, ওই পোশাক মধ্যপ্রাচ্য বা মুসলিমদের সঙ্গে সন্ত্রাসবাদের প্রচলিত ও নেতিবাচক ধারণাকে দেখাচ্ছে।
২ ঘণ্টা আগে
শ্রীলঙ্কার উত্তরাঞ্চলীয় জাফনার চেম্মানি এলাকায় এক শ্মশান সম্প্রসারণের কাজ করার সময় দুর্ঘটনাবশত উন্মোচিত হয়েছে দেশের ইতিহাসের সবচেয়ে বড় গণকবর। চলতি বছরের আগস্ট পর্যন্ত ৩টি ধাপে চালানো খননকাজে শিশু ও নবজাতকসহ মোট ৫৭২ জনের কঙ্কাল ও মানুষের অবশিষ্টাংশ উদ্ধার করা হয়েছে। কয়েক দশক ধরে চলা রক্তক্ষয়ী...
৪ ঘণ্টা আগে
হুতিদের হামলায় মধ্যপ্রাচ্যে আঞ্চলিক সংঘাত আরও তীব্র হয়ে উঠছে। এ অবস্থার মধ্যেই গতকাল রোববার নতুন করে পাল্টাপাল্টি হুমকি দিয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান কোনো চুক্তিতে না এলে দেশটির অর্থনীতি ধ্বংস হয়ে যাবে। এর নেতৃত্বকে ‘নিশ্চিহ্ন’ করে দেওয়া হবে।
৭ ঘণ্টা আগে