Ajker Patrika

নৌপথে অবরুদ্ধ ইরানের ২৬ মাইলজুড়ে পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ২১: ০৮
নৌপথে অবরুদ্ধ ইরানের ২৬ মাইলজুড়ে পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি
সারিবদ্ধ ট্রাকের ছবিটি ভিডিও থেকে নেওয়া

মার্কিন নৌ অবরোধের কারণে ইরানের অর্থনীতিতে চাপ ক্রমেই বাড়ছে। দেশটির বন্দরে পণ্যবাহী জাহাজ চলাচল বাধাগ্রস্ত হওয়ায় আমদানি-রপ্তানির বড় অংশ এখন স্থলপথে সরিয়ে নিতে হচ্ছে। এতে প্রতিবেশী দেশগুলোর সীমান্তে তৈরি হয়েছে তীব্র যানজট। কাজাখস্তান ও উজবেকিস্তানের মধ্যকার ইয়ালামা সীমান্তে প্রায় ১ হাজার ২০০ পণ্যবাহী ট্রাকের ২৬ মাইল দীর্ঘ সারি দেখা গেছে।

সম্প্রতি প্রকাশিত ভিডিওতে দেখা যায়, চীন থেকে পণ্য পরিবহনের অন্যতম প্রধান স্থলপথে ট্রাকগুলো দিনের পর দিন ধীরগতিতে এগোচ্ছে। সীমান্তে অপেক্ষমাণ এক ট্রাকচালক বলেন, ‘এখানে দীর্ঘ সারি। আমাদের অপেক্ষার তৃতীয় দিন চলছে।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বন্দরগুলোতে অবরোধ আরোপের পর দেশটির ভারী ও কনটেইনার পণ্য পরিবহনের প্রধান সমুদ্রপথ কার্যত অচল হয়ে পড়েছে। ফলে কাজাখস্তান, উজবেকিস্তান, পাকিস্তান, তুর্কমেনিস্তান ও তুরস্ক ঘুরে দীর্ঘ স্থলপথে পণ্য আনতে হচ্ছে। কিন্তু এসব পথ দিয়ে বিপুল পরিমাণ পণ্য পরিবহনের সক্ষমতা নেই।

ইরানের বাণিজ্য উন্নয়ন সংস্থার কর্মকর্তা আমির রোশানবাখশ বলেন, আগে একটি সীমান্তে ২০০টি ট্রাক থাকলেও এখন সেখানে ১ হাজার ২০০টি ট্রাক অপেক্ষা করছে।

ইরান-চীন চেম্বার অব কমার্সের প্রধান মাজিদরেজা হারিরি জানান, সমুদ্রপথে একটি কনটেইনার পরিবহনে যেখানে প্রায় তিন হাজার ডলার খরচ হতো, স্থলপথে তা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ডলারে। তাঁর হিসাবে, পরিবহন ব্যয় বাড়ার কারণে ইরানের বাণিজ্যে অতিরিক্ত প্রায় ১ হাজার ৮০০ কোটি ডলারের চাপ তৈরি হয়েছে।

অবরোধের প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়ও। দেশটিতে শাকসবজি, ডাল, দুগ্ধজাত পণ্য ও বাড়িভাড়া বেড়েছে। ইরানের কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, টানা ১৮ মাস ধরে শহরাঞ্চলে মূল্যস্ফীতি বাড়ছে। বর্তমানে বার্ষিক মূল্যস্ফীতির হার প্রায় ৮৪ শতাংশ। অর্থাৎ, এক বছর আগে যে পণ্য কিনতে ১০০ টাকা লাগত, এখন একই পণ্যে খরচ হচ্ছে প্রায় ১৮৪ টাকা।

পরিস্থিতি সামাল দিতে টমেটো, পেঁয়াজ ও আলু রপ্তানি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করেছে সরকার। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, অবরোধের কারণে আমদানি ব্যয় বেড়েছে, অন্যদিকে তেল বিক্রি করতে না পারায় সরকারের আয় কমেছে।

ওষুধের সংকটও উদ্বেগ বাড়াচ্ছে। সমুদ্রপথে আসা ওষুধ তৈরির কাঁচামাল এখন আকাশপথে আনতে হচ্ছে। এতে ওষুধের দাম বেড়েছে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, যুদ্ধের কারণে ১৬টি ওষুধ কারখানা ও ৭০টির বেশি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে জ্বালানিসংকটে বিদ্যুৎ সরবরাহেও রেশনিং শুরু হয়েছে। রাষ্ট্রীয় বিদ্যুৎ কোম্পানি তাভানির ঘোষণা অনুযায়ী, প্রতিদিন দুই ঘণ্টা পর্যন্ত লোডশেডিং হতে পারে।

অবরোধ ভাঙতে সামরিক পদক্ষেপের সম্ভাবনা নিয়েও ইরানে আলোচনা চলছে। দেশটির কয়েকটি গণমাধ্যম হরমুজ প্রণালির দিকে তেলবাহী জাহাজের বহর পাঠানোর প্রসঙ্গ তুলেছে। তবে এ ধরনের কোনো পরিকল্পনার আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ইরানের কয়েকজন রাজনীতিক পাল্টা হুমকিও দিয়েছেন।

অন্যদিকে ইয়ালামা সীমান্তে অপেক্ষমাণ ট্রাকচালকদের দুর্ভোগ কাটেনি। এক চালক হতাশা প্রকাশ করে বলেন, হয়তো আরও চার দিন অপেক্ষা করতে হবে। দূর পর্যন্ত বিস্তৃত ট্রাকের সারি যেন ইরানের অর্থনীতির ওপর ক্রমবর্ধমান চাপেরই প্রতিচ্ছবি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত