Ajker Patrika

ইরানে হামলার ইস্যুতে বিভক্ত ইসরায়েলি নীতিনির্ধারকেরা, তীব্র বিরোধ নেতানিয়াহু–আইজেনকটের মধ্যেও

আজকের পত্রিকা ডেস্ক­
ইরানে হামলার ইস্যুতে বিভক্ত ইসরায়েলি নীতিনির্ধারকেরা, তীব্র বিরোধ নেতানিয়াহু–আইজেনকটের মধ্যেও
নেতানিয়াহুর প্রতিদ্বন্দী আইজেনকট জিতলে ইরান যুদ্ধের বিষয়ে ইসরায়েলের নীতিতে মৌলিক পরিবর্তন আসতে পারে। ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলা চালানো হবে কি না, তা নিয়ে ইসরায়েলের রাজনৈতিক ও নিরাপত্তা মহলে তীব্র মতবিরোধ দেখা দিয়েছে। বর্তমান তত্ত্ববধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানে নতুন করে সামরিক অভিযান চালানোর পক্ষে অবস্থান নিলেও দেশটির সামরিক বাহিনী ও গোয়েন্দা সংস্থার একাংশ মনে করছে, এই মুহূর্তে হামলার কোনো জরুরি প্রয়োজন নেই। বিরোধী নেতা গাদি আইজেনকটও এখনই সামরিক পদক্ষেপের বিরোধিতা করেছেন।

এ নিয়ে নেতানিয়াহু ও আইজেনকটের মধ্যে প্রকাশ্য বিরোধ তৈরি হয়েছে। নেতানিয়াহুর অভিযোগ, রাজনৈতিক স্বার্থে তাঁর প্রতিদ্বন্দ্বীরা ইসরায়েলের নিরাপত্তাঝুঁকিকে খাটো করে দেখাচ্ছেন। অন্যদিকে আইজেনকটের বক্তব্য, ইরানের বিরুদ্ধে নতুন করে হামলার পরিবর্তে দেশটির সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত মোকাবিলায় মনোযোগ দেওয়া উচিত।

গতকাল সোমবার পার্লামেন্ট নেসেটে ক্ষমতাসীন লিকুদ পার্টির সাপ্তাহিক বৈঠকে নেতানিয়াহু বলেন, ইসরায়েলের অস্তিত্ব রক্ষায় চারপাশের বড় ধরনের নিরাপত্তা হুমকি মোকাবিলার সক্ষমতা জাতীয় ঐক্যের ওপর নির্ভর করছে। তিনি বলেন, ‘আমাদের চারপাশের বড় হুমকির বিরুদ্ধে রাষ্ট্রের অস্তিত্ব নিশ্চিত করার সক্ষমতা নির্ভর করছে আমাদের ঐক্যের ওপর। যারা এসব হুমকিকে উপহাস করছেন কিংবা খাটো করে দেখছেন, তাঁরা রাজনৈতিক কারণে এমনটি করছেন। আমাদের চারপাশের হুমকিগুলো তাৎক্ষণিক, কঠিন ও গুরুতর।’

একই সঙ্গে আবারও জাতীয় ঐক্যের সরকার গঠনের আহ্বান জানান নেতানিয়াহু। তাঁর দাবি, ইসরায়েলের নিরাপত্তা হুমকি মোকাবিলায় সব পক্ষকে একসঙ্গে কাজ করতে হবে। তবে নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে নতুন সামরিক অভিযান চালানোর জন্য চাপ দিচ্ছেন বলে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে। দেশটির নিরাপত্তা কর্মকর্তাদের একাংশ এ উদ্যোগের বিরোধিতা করছেন। এ অবস্থায় অভিযোগ উঠেছে, নতুন সরকার গঠনের প্রক্রিয়া বিলম্বিত করতে নেতানিয়াহু ইচ্ছাকৃতভাবে সামরিক সংঘাতের পরিস্থিতি তৈরি করতে চাইছেন।

নেতানিয়াহুর বক্তব্যের বিপরীতে সোমবার নিজের দল ইয়াশারের বৈঠকে আইজেনকট বলেন, নতুন সরকার শপথ নেওয়ার আগে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর মতো কোনো তাৎক্ষণিক হুমকি তিনি দেখছেন না। তিনি বলেন, ইরানের সবচেয়ে বড় হুমকি হলো দেশটির হাতে থাকা ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম, যা এখনো ধ্বংস করা হয়নি কিংবা সরিয়ে নেওয়া হয়নি। তাই নতুন করে হামলা চালানোর পরিবর্তে এ মজুতের ওপরই ইসরায়েলের মনোযোগ দেওয়া উচিত।

আইজেনকট বলেন, ‘ইরানের সবচেয়ে বড় হুমকি হলো ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম, যা এখনো ধ্বংস করা হয়নি কিংবা সরিয়ে নেওয়া হয়নি। আমাদের এ বিষয়টির ওপরই মনোযোগ দিতে হবে।’

ইরানে হামলা নিয়ে মোসাদের ভেতরেও মতবিরোধ

ইরানের বিরুদ্ধে এখনই সামরিক অভিযান চালানোর প্রয়োজন নেই বলে মূল্যায়ন করেছেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের গবেষকেরা। সোমবার ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তবে মোসাদপ্রধান রোমান গোফম্যান ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালানোর পক্ষে অবস্থান নিয়েছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে। এর আগে তিনি নেতানিয়াহুর সামরিক সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মোসাদের অভ্যন্তরীণ এই মতবিরোধ এমন এক সময়ে সামনে এল, যখন ইরান বর্তমানে ইসরায়েলের জন্য এমন কোনো হুমকি তৈরি করছে কি না, যার জবাবে অবিলম্বে সামরিক অভিযান প্রয়োজন, তা নিয়ে দেশটির রাজনৈতিক ও নিরাপত্তা মহলে বিভক্তি দেখা দিয়েছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) প্রধান লেফটেন্যান্ট জেনারেল আইয়াল জামিরও এখনই ইরানে হামলার জরুরি প্রয়োজন নেই বলে জানিয়েছেন। হিব্রু ভাষার বিভিন্ন সংবাদমাধ্যমে এ তথ্য প্রকাশিত হয়েছে।

হারেৎজের প্রতিবেদনে বলা হয়েছে, এখনই হামলার প্রয়োজন নেই বলে মোসাদের অভ্যন্তরীণ মূল্যায়ন থাকা সত্ত্বেও গোফম্যান নতুন সামরিক অভিযানের পক্ষে অবস্থান নিয়েছেন। তবে নিরাপত্তাবিষয়ক মন্ত্রিসভার বৈঠক কিংবা ইসরায়েলের অন্য কোনো ফোরামে তিনি গবেষকদের এই মূল্যায়নের কথা তুলে ধরেননি।

ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযানের পক্ষে গোফম্যানের অবস্থান এমন এক সময়ে সামনে এল, যখন গত সপ্তাহে তিনি ওয়াশিংটন সফর করেন। সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পক্ষে কথা বলেন তিনি। এসব বৈঠকে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর পরিচালক জন র‍্যাটক্লিফও উপস্থিত ছিলেন।

এ ছাড়া গোফম্যান মার্কিন কর্মকর্তাদের ইরানবিষয়ক ইসরায়েলি গোয়েন্দা তথ্য সম্পর্কে অবহিত করেন। এসব তথ্যের মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচিও ছিল। প্রতিবেদনে বলা হয়েছে, মোসাদের গোয়েন্দা বিভাগের প্রধান গোফম্যানের অবস্থানকে সমর্থন করছেন। তাঁকে নিয়োগ দিয়েছিলেন গোফম্যান নিজেই। অর্থাৎ, গোয়েন্দা বিভাগের প্রধান গবেষকদের মূল্যায়নের পরিবর্তে সংস্থাপ্রধানের অবস্থানের পক্ষে রয়েছেন।

হারেৎজের প্রতিবেদন অনুযায়ী, ভিন্নমত পোষণকারী গবেষকদের মূল্যায়নটি গোয়েন্দা বিভাগের অধীনে থাকা একটি স্বাধীন ইউনিট তৈরি করেছে।

এ বিষয়ে হারেৎজকে দেওয়া এক বিবৃতিতে মোসাদ জানিয়েছে, সংস্থাটির অভ্যন্তরীণ আলোচনায় পেশাদারদের বিভিন্ন মূল্যায়ন ও মতামত তুলে ধরার সুযোগ রয়েছে। তবে এসব আলোচনায় নির্দিষ্ট কী কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে সংস্থাটি।

ইরানে এখনই হামলার প্রয়োজন নেই: আইডিএফ প্রধান

এই পরিস্থিতিতে সোমবার ইসরায়েলের সামরিক গোয়েন্দা বিভাগের গবেষণা শাখার প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ওফির মিজরাহি রোজেনের সঙ্গে প্রায় আড়াই ঘণ্টা বৈঠক করেন আইডিএফ প্রধান ইয়াল জামির। ইসরায়েলি টেলিভিশন চ্যানেল ১৩-এর প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে জামির বলেন, ‘এই মুহূর্তে ইরানে হামলা চালানোর কোনো জরুরি প্রয়োজন নেই।’

তবে ইরানের বিভিন্ন নিরাপত্তা হুমকির ওপর আইডিএফ নজর রাখছে বলে জানান তিনি। এসব হুমকির মধ্যে রয়েছে ইরানের ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র, পারমাণবিক কর্মসূচি এবং অপ্রচলিত অস্ত্র তৈরির প্রচেষ্টা। চ্যানেল ১৩-এর প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় বজায় রাখা ইসরায়েলের স্বার্থের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করেন জামির। তাঁর মতে, আপাতত ওয়াশিংটনের জন্য অপেক্ষা করতে পারে ইসরায়েল।

এ ছাড়া নতুন সরকার গঠিত হওয়া এবং দেশে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসার পর ইরান বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ইসরায়েল আরও ভালো অবস্থানে থাকবে বলেও মত দেন তিনি।

ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাবেক মোসাদপ্রধান

এদিকে ইসরায়েলের সাবেক গোয়েন্দাপ্রধান ডেভিড বার্নিয়া সোমবার ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর আহ্বান জানিয়েছেন। তাঁর মতে, সব ধরনের পরিস্থিতি অনুকূলে এলেই ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করা উচিত। ইরানের বিরুদ্ধে সম্ভাব্য হামলা নিয়ে জেরুজালেমে আলোচনার মধ্যেই তিনি এ মন্তব্য করেন। জেরুজালেমে অনুষ্ঠিত ইএলনেট সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে বার্নিয়া বলেন, ‘আয়াতুল্লাহ শাসনের সঙ্গে কূটনৈতিক চুক্তি কখনোই সফল হবে না।’

ইরানের ‘মৌলিক উচ্চাকাঙ্ক্ষা’ হলো পারমাণবিক অস্ত্র অর্জন করা বলে মন্তব্য করেন তিনি।

গত জুনে মোসাদপ্রধানের দায়িত্ব ছাড়েন বার্নিয়া। তাঁর দায়িত্ব পালনকালে ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দুটি সামরিক অভিযান পরিচালনা করেছিল। বার্নিয়া বলেন, ইরানের আচরণ পরিবর্তনের জন্য নিষেধাজ্ঞাকে কিছুটা সময় দেওয়া একটি বিকল্প হতে পারে। তবে একই সঙ্গে পশ্চিমা দেশগুলোকে ইরানের ‘কৌশল ও চালাকি’ সম্পর্কে সতর্ক থাকতে হবে।

এ ছাড়া দেশগুলোকে নিজেদের কাছে প্রশ্ন রাখতে হবে, তারা দীর্ঘস্থায়ী বিশৃঙ্খল পরিস্থিতির জন্য প্রস্তুত কি না। তিনি বলেন, ‘ইতিহাসের কঠিন সিদ্ধান্তগুলো কখনোই জনপ্রিয় হয়নি।’ বার্নিয়ার ভাষায়, ‘আমরা মানব ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়গুলোর একটির সামনে দাঁড়িয়ে আছি।’ তিনি আরও বলেন, ‘এই শাসনব্যবস্থার পতন ঘটাতে আমাদের দ্রুত ও সিদ্ধান্তমূলক পদক্ষেপ নিতে হবে। এর অর্থ যদি আরেকটি যুদ্ধে জড়ানো হয়, তাহলে সেটিই করতে হবে।’

তথ্যসূত্র: টাইমস অব ইসরায়েল

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত