দুই পারমাণবিক স্থাপনার মাঝে বিশাল ‘সামরিক কমপ্লেক্স’ নির্মাণ করছে ইরান, দ্রুত চলছে কাজ

ইরানের দুটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনার মাঝামাঝি এলাকায় পাহাড়ের ভেতরে বিশাল এক ভূগর্ভস্থ কমপ্লেক্স নির্মাণের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। নতুন স্যাটেলাইট চিত্রে স্থাপনাটির নির্মাণকাজের অগ্রগতি, বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকার অবস্থান এবং নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলার চিত্র উঠে এসেছে। স্থাপনাটি ক্ষেপণাস্ত্র কিংবা অন্যান্য বড় ধরনের অস্ত্রব্যবস্থার কাজে ব্যবহার করা হতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকেরা। তবে এর পারমাণবিক উদ্দেশ্যও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বুধবার মার্কিন থিংক ট্যাংক ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি এ তথ্য জানিয়েছে।
ইনস্টিটিউটটির প্রকাশিত তথ্য অনুযায়ী, ভ্যান্টর টেকনোলজিসের সরবরাহ করা নতুন স্যাটেলাইট ছবিতে ইরানের বেহজাতাবাদ ভূগর্ভস্থ স্থাপনায় দ্রুত নির্মাণকাজ চলার বিষয়টি দেখা গেছে। গত মঙ্গলবার প্রকাশিত সর্বশেষ ছবিতে স্থাপনাটির বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকার অবস্থান এবং চলমান নির্মাণকাজের অগ্রগতি চিহ্নিত করা হয়েছে।
পাহাড়ের ভেতরে নির্মিত এই স্থাপনাটি ইরানের ইসফাহান পারমাণবিক স্থাপনা এবং নাতাঞ্জ পারমাণবিক স্থাপনার কাছের পিকঅ্যাক্স মাউন্টেনের মাঝামাঝি এলাকায় অবস্থিত। দুটি স্থাপনার মধ্যবর্তী দূরত্ব প্রায় ৬২ কিলোমিটার। ইরান দেশজুড়ে এ ধরনের একাধিক ভূগর্ভস্থ স্থাপনা নির্মাণ করেছে বলে জানা যায়। তবে নির্মাণকাজের অস্বাভাবিক দ্রুতগতির কারণে বেহজাতাবাদের এই স্থাপনাটি বিশেষভাবে নজরে এসেছে বলে জানিয়েছে ইনস্টিটিউটটি।
স্থাপনাটির প্রকৃত উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়। এ বিষয়ে নির্ভুল মূল্যায়নের জন্য আরও তথ্য প্রয়োজন বলে জানিয়েছে সংস্থাটি। তবে স্থাপনাটির নিরাপত্তাব্যবস্থা, নির্মাণকাজের ধরন ও গতি এবং ইরানের অতীত নির্মাণপদ্ধতি বিবেচনায় নিয়ে ধারণা করা হচ্ছে, এটি বিভিন্ন সামরিক কাজে ব্যবহার করা হতে পারে। এর মধ্যে ক্ষেপণাস্ত্র কিংবা অন্যান্য বড় ধরনের অস্ত্রব্যবস্থাসংশ্লিষ্ট কার্যক্রম থাকতে পারে। একই সঙ্গে স্থাপনাটি পারমাণবিক উদ্দেশ্যে নির্মিত হচ্ছে, সেই সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
এক্সে দেওয়া এক পোস্টে ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি জানায়, স্থাপনাটির বাইরের সীমানায় নিরাপত্তাবেষ্টনী নির্মাণের কাজ সম্প্রতি শুরু করেছে ইরান। স্যাটেলাইট ছবির বিশ্লেষণ থেকে স্থাপনাটির সবচেয়ে বাইরের নিরাপত্তাবেষ্টনীর সম্ভাব্য সীমানাও চিহ্নিত করা সম্ভব হয়েছে। নির্মাণকাজ শেষ হলে পুরো স্থাপনাটির আয়তন প্রায় ১২ হাজার একর হতে পারে।
নির্মাণকাজের অগ্রগতি
ভ্যান্টরের পর্যালোচনা করা সেন্টিনেল-২ স্যাটেলাইটের ছবিতে স্থাপনাটির নির্মাণকাজের ধারাবাহিক অগ্রগতির তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে ইনস্টিটিউটটি। এসব ছবির বিশ্লেষণ অনুযায়ী, ২০২৫ সালের ৭ থেকে ১২ ডিসেম্বরের মধ্যে স্থাপনাটিতে নির্মাণকাজ শুরুর প্রথম লক্ষণ দেখা যায়। ওই সময় ভবিষ্যতে স্থাপনাটির প্রশাসনিক ও প্রবেশপথের এলাকা হিসেবে ব্যবহারের জন্য নির্ধারিত জায়গায় জমি পরিষ্কারের কাজ শুরু হয়েছিল।
এরপর ২০২৬ সালের জানুয়ারিতে তোলা স্যাটেলাইট ছবিতে সেখানে আরও নির্মাণকাজের প্রমাণ পাওয়া যায়। এপ্রিলে স্থাপনাটিতে মাটি খননের কার্যক্রম শুরুর লক্ষণ দেখা যায়। জুন মাস নাগাদ ভূগর্ভস্থ কমপ্লেক্সটির আরও কয়েকটি এলাকায় নির্মাণকাজ বিস্তৃত হয়।
তবে বিপুল আয়তনের এই স্থাপনা ঠিক কী উদ্দেশ্যে নির্মাণ করা হচ্ছে, তা এখনো নিশ্চিত করতে পারেননি বিশ্লেষকেরা। এ বিষয়ে আরও স্যাটেলাইট চিত্র ও অন্যান্য তথ্য বিশ্লেষণের প্রয়োজন রয়েছে বলে জানিয়েছে ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি।









