
তুরস্ক ও সৌদি আরব রেলপথ এবং আঞ্চলিক যোগাযোগব্যবস্থা সম্প্রসারণে দুটি পৃথক সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে। গতকাল মঙ্গলবার রিয়াদে অনুষ্ঠিত এই চুক্তির মাধ্যমে ঐতিহাসিক হেজাজ রেলপথ পুনরুজ্জীবনের উদ্যোগে সৌদি আরব পরোক্ষভাবে যুক্ত হওয়া সর্বশেষ দেশ হয়ে উঠেছে।
মধ্যপ্রাচ্যকেন্দ্রিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের খবরে বলা হয়েছে, পরিকল্পনা অনুযায়ী, পুনরুজ্জীবিত হেজাজ রেলপথ ভবিষ্যতে তুরস্ক, সিরিয়া, জর্ডান ও সৌদি আরবকে একই রেল নেটওয়ার্কের আওতায় আনতে পারে। চুক্তি সইয়ের জন্য তুরস্কের পরিবহনমন্ত্রী আবদুলকাদির উরালওগলু মঙ্গলবার রিয়াদ সফর করেন এবং সৌদি আরবের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উরালওগলু বলেন, মধ্যপ্রাচ্য বর্তমানে অত্যন্ত সংবেদনশীল সময় অতিক্রম করছে। এমন পরিস্থিতিতে বাণিজ্য ও সরবরাহ শৃঙ্খলের নিরবচ্ছিন্ন কার্যক্রম আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাঁর ভাষায়, পরিবহন খাতের সামনে থাকা প্রতিবন্ধকতাগুলো দূর করা এখন একটি কৌশলগত প্রয়োজন।
উরালওগলু জানান, তুরস্ক সিরিয়া, জর্ডান ও ইরাক হয়ে চলাচলকারী পরিবহন রুটগুলোকে সক্রিয় করতে চায়। তিনি বলেন, তুরস্ক থেকে শুরু হয়ে ইরাকের মধ্য দিয়ে সৌদি আরব পর্যন্ত পরিচালিত দুটি পরীক্ষামূলক পরিবহন যাত্রা ইতিমধ্যে এই রুটের কার্যকারিতা ও সম্ভাব্যতা প্রমাণ করেছে।
গত বছর থেকে তুরস্ক একাধিকবার ঘোষণা দিয়েছে যে তারা ঐতিহাসিক হেজাজ রেলপথ পুনরুদ্ধারে আগ্রহী। একসময় এই রেলপথ ইস্তাম্বুলকে সৌদি আরবের পবিত্র নগরীগুলোর সঙ্গে যুক্ত করেছিল।
দীর্ঘমেয়াদি পরিকল্পনায় হেজাজ রেলপথকে আরও সম্প্রসারণ করে ওমান এবং ভারত মহাসাগর পর্যন্ত নিয়ে যাওয়ার কথা ভাবা হচ্ছে। এর মূল উদ্দেশ্য হলো হরমুজ প্রণালিকে পাশ কাটিয়ে একটি বিকল্প বাণিজ্য করিডর গড়ে তোলা। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে তুরস্ক উপসাগরীয় অঞ্চল ও ইউরোপের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে। একই সঙ্গে দেশটি রেলভিত্তিক লজিস্টিকস হাব এবং জ্বালানি ও বাণিজ্য করিডরের গুরুত্বপূর্ণ সংযোগস্থলে পরিণত হওয়ার সুযোগ পাবে।
এর আগে চলতি বছরের এপ্রিল মাসে তুরস্ক, সিরিয়া ও জর্ডান একটি ত্রিপক্ষীয় চুক্তি সই করে। ওই চুক্তির মাধ্যমে আঞ্চলিক সংযোগ জোরদার, পরিবহনব্যবস্থার সমন্বয় এবং সীমান্তপারের পরিবহন সহজ করার জন্য একটি বিস্তৃত কাঠামো গড়ে তোলা হয়।
চুক্তিতে সড়ক, রেল, সমুদ্র, আকাশ এবং বহুমাত্রিক পরিবহনব্যবস্থাসহ সব ধরনের পরিবহন খাতে সহযোগিতার কথা বলা হয়েছে। পাশাপাশি অবকাঠামো উন্নয়ন, কারিগরি মানের সমন্বয়, ডিজিটালাইজেশন, সক্ষমতা বৃদ্ধি, বেসরকারি খাতের অংশগ্রহণ এবং পরিবহন করিডরগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর বিষয়ও এতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
হেজাজ রেলপথ ছিল উসমানীয় সুলতান দ্বিতীয় আবদুল হামিদের অন্যতম উচ্চাভিলাষী প্রকল্প। ১৯০০ সালে তিনি ইস্তাম্বুল থেকে মক্কা পর্যন্ত একটি রেলপথ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেন। আরব উপদ্বীপের পশ্চিমাঞ্চলের হেজাজ অঞ্চলের নাম অনুসারে রেলপথটির নামকরণ করা হয়। এই অঞ্চলেই ইসলামের দুই পবিত্র নগরী মক্কা ও মদিনা অবস্থিত।
রেলপথটি খুব দ্রুত নির্মিত হয়েছিল এবং এর অর্থায়ন সম্পূর্ণভাবে মুসলিম বিশ্বের অনুদানের মাধ্যমে করা হয়। যদিও কিছু অনুদান স্বেচ্ছায় দেওয়া হয়েছিল, আবার কিছু ক্ষেত্রে চাপ প্রয়োগের অভিযোগও ছিল।
এই সময়ের মধ্যে ইস্তাম্বুলের সঙ্গে সংযুক্ত রেললাইনটি দামেস্ক থেকে মদিনা পর্যন্ত বিস্তৃত হয়েছিল। এ ছাড়া তৎকালীন ফিলিস্তিনের (বর্তমানে ইসরায়েলের দখলকৃত) হাইফা পর্যন্ত পৌঁছানো একটি শাখা রেললাইনও নির্মিত হয়েছিল। বর্তমানে তুরস্ক, সৌদি আরব, সিরিয়া ও জর্ডানের নতুন সহযোগিতা সেই ঐতিহাসিক রেলপথকে আবারও আঞ্চলিক সংযোগ ও বাণিজ্যের কেন্দ্রবিন্দুতে ফিরিয়ে আনার সম্ভাবনা তৈরি করেছে।

পাকিস্তান এই হামলায় ২৬ জন টিটিপি বা পাকিস্তানি তালেবান যোদ্ধা নিহত হওয়ার দাবি করেছে। তবে আফগান সরকারের দাবি, নিহতদের মধ্যে ১১ জন শিশুসহ অন্তত ১৩ জন সাধারণ বেসামরিক নাগরিক রয়েছেন...
১ মিনিট আগে
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের ক্লিভল্যান্ড এলাকায় একটি অনানুষ্ঠানিক বসতিতে বন্দুকধারীদের হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৯ জন। হামলার কারণ এখনো জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
তৃণমূল কংগ্রেসে ভাঙনের সংকট আরও গভীর। রাজ্যসভার সদস্য সুস্মিতা দেব দল ও সংসদ থেকে পদত্যাগ করেছেন। এর আগে পদত্যাগ করেন সুখেন্দু শেখর রায়। পশ্চিমবঙ্গে ৫৮ বিধায়কের বিদ্রোহের পর দলজুড়ে অস্থিরতা বাড়ছে।
২ ঘণ্টা আগে
জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন এক যৌথ সতর্কবার্তায় জানিয়েছে, গাজার মানব উন্নয়ন প্রায় ৭৭ বছর পিছিয়ে গেছে। আর গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় অভিযোগ করেছে, যুদ্ধবিধ্বস্ত ও অবরুদ্ধ গাজা উপত্যকায় অন্তত ১৬ হাজার ৫০০ মানুষের জরুরি চিকিৎসার প্রয়োজন। কিন্তু ইসরায়েল এসব ফিলিস্তিনিদের চিকিৎসার উদ্দেশ্যে...
৬ ঘণ্টা আগে