আমাজন থেকে বেরিয়ে এল বিচ্ছিন্ন জনগোষ্ঠী, চাইল খাবার

বহু বছর ধরে বহির্বিশ্বের সঙ্গে কোনো যোগাযোগ না রাখা আমাজন বনাঞ্চলের বিচ্ছিন্ন আদিবাসী জনগোষ্ঠী আওয়াদের প্রায় ২০ সদস্য প্রথমবারের মতো বন থেকে বেরিয়ে সরকারি একটি দলের সঙ্গে যোগাযোগ করেছেন। গত সোমবার (১৬ নভেম্বর) ব্রাজিলের আমাজন অঞ্চলে এ ঐতিহাসিক ঘটনার ছবি ও ভিডিও ধারণ করা হয়। আন্তর্জাতিক আদিবাসী অধিকারবিষয়ক সংস্থা সারভাইভাল ইন্টারন্যাশনাল সম্প্রতি সেই বিরল দৃশ্য প্রকাশ করেছে।
সংস্থাটির তথ্য অনুযায়ী, বন থেকে বেরিয়ে আসা আওয়া জনগোষ্ঠীর সদস্যরা সরকারি দলের কাছে কাসাভা বা মিষ্টি আলু চেয়েছিলেন। পরে সেগুলো নিয়ে তাঁরা আবার বনের ভেতরে ফিরে যান। প্রতিবেশী আদিবাসী গুয়ারাজারা জনগোষ্ঠীর সদস্যরা এ ঘটনার ভিডিও ধারণ করেন।
ব্রাজিলের আমাজন অঞ্চলে বসবাসকারী আওয়া জনগোষ্ঠীর মোট সদস্যসংখ্যা প্রায় ৩৫০। তাঁদের মধ্যে আনুমানিক ১০০ জনের সঙ্গে বহির্বিশ্বের কোনো যোগাযোগ নেই। তাঁরা মূলত তুপি-গুয়ারানি ভাষাপরিবারের গুয়াজা ভাষায় কথা বলেন এবং শিকার ও বনজ সম্পদ সংগ্রহের মাধ্যমে জীবনধারণ করেন।
সারভাইভাল ইন্টারন্যাশনাল জানিয়েছে, আওয়াদের এই আকস্মিক যোগাযোগ তাদের জীবন ও পরিবেশের ওপর ক্রমবর্ধমান হুমকির বিষয়টিও সামনে এনেছে। অবৈধ কাঠুরে, শিকারি ও গবাদিপশুর খামারিরা দীর্ঘদিন ধরে তাদের আবাসস্থল আরারিবোইয়া অঞ্চলে অনুপ্রবেশ করছে। এতে বননির্ভর জনগোষ্ঠীটির খাদ্য ও নিরাপত্তা ঝুঁকির মুখে পড়েছে।
আওয়াদের ভূমি রক্ষায় দীর্ঘদিন ধরে কাজ করছে প্রতিবেশী গুয়ারাজারা জনগোষ্ঠীর ‘ফরেস্ট গার্ডিয়ানস’ বা বনপ্রহরী দল। অবৈধ কাঠুরে ও খামারিদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে সাম্প্রতিক বছরগুলোতে এ দলের অনেক সদস্য প্রাণ হারিয়েছেন।
এক বিবৃতিতে বনপ্রহরীরা জানিয়েছে, জলবায়ু পরিবর্তন, দাবানল, বন উজাড় ও ভূমি দখল আওয়াদের জীবনযাত্রায় সরাসরি প্রভাব ফেলছে। তারা আদিবাসীদের জীবন, স্বাস্থ্য, নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় অবিলম্বে সরকারি পদক্ষেপ দাবি করেছে।
সারভাইভাল ইন্টারন্যাশনালের পরিচালক ক্যারোলিন পিয়ার্স বলেন, বিচ্ছিন্ন জনগোষ্ঠীর বনাঞ্চলে অব্যাহত অনুপ্রবেশ তাদের অস্তিত্বের জন্য গুরুতর বিপদ তৈরি করছে। আওয়াদের চারদিক থেকে বন ধ্বংস করে তাদের ক্রমেই ছোট একটি এলাকায় সীমাবদ্ধ করে ফেলা হচ্ছে। তাদের আবাসভূমি আরারিবোইয়া রক্ষায় ব্রাজিল সরকারকে প্রয়োজনীয় সম্পদ ও কার্যকর উদ্যোগ নিশ্চিত করতে হবে।
উল্লেখ্য, ১৯৮০-এর দশকের মাঝামাঝি সময়ে আওয়াদের একটি অংশ সরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত বসতিতে স্থানান্তরিত হলেও তাঁরা নিজেদের ঐতিহ্যবাহী জীবনধারা অনেকাংশে ধরে রেখেছে।









