Ajker Patrika

কুখ্যাত গুয়াদালাহারা কার্টেলের প্রতিষ্ঠাতা ‘সম্রাটদের সম্রাট’ ফেলিক্স গায়ার্দোর মৃত্যু

আজকের পত্রিকা ডেস্ক­
কুখ্যাত গুয়াদালাহারা কার্টেলের প্রতিষ্ঠাতা ‘সম্রাটদের সম্রাট’ ফেলিক্স গায়ার্দোর মৃত্যু
মেক্সিকোর গুয়াদালাহারার ‘হসপিটাল কান্ট্রি ২০০০’-এর সামনে পাহারা দিচ্ছেন জালিস্কো অঙ্গরাজ্যের পুলিশ কর্মকর্তারা। গত ১৩ নভেম্বর ২০২৬, জরুরি শারীরিক অসুস্থতার কারণে মেক্সিকান মাদক সম্রাট মিগুয়েল অ্যাঞ্জেল ফেলিক্স গ্যালার্দো—যিনি ‘দ্য বস অব বসেস’ নামে পরিচিত—এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ছবি: এএফপি

মেক্সিকোর প্রথম দিককার শীর্ষস্থানীয় মাদক কার্টেলগুলোর একটি গুয়াদালাহারার প্রতিষ্ঠাতা মিগুয়েল অ্যাঞ্জেল ফেলিক্স গায়ার্দো মারা গেছেন। স্থানীয় সময় গতকাল রোববার দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর গুয়াদালাহারার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে তাঁর মৃত্যু হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

স্থানীয় নিরাপত্তা কর্তৃপক্ষ জানিয়েছে, মৃত্যুর দুই দিন আগে ফেলিক্স গায়ার্দোকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল। তবে একাধিক অঙ্গ বিকল হয়ে যাওয়ায় রোববার স্থানীয় সময় দুপুর ২টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

ফেলিক্স গায়ার্দো ১৯৮৫ সালে যুক্তরাষ্ট্রের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংস্থার (ডিইএ) এজেন্ট এনরিক ‘কিকি’ কামারেনাকে হত্যার ঘটনায় দোষী সাব্যস্ত হন। ওই হত্যাকাণ্ডের কারণে তিনি মেক্সিকোর সবচেয়ে কুখ্যাত মাদক পাচারকারীদের একজন হিসেবে পরিচিতি পান। ১৯৮৯ সাল থেকে কারাবন্দি ছিলেন তিনি। মেক্সিকোর পশ্চিমাঞ্চলীয় জালিসকো রাজ্যের একটি সর্বোচ্চ নিরাপত্তাবিশিষ্ট কারাগারে তাকে রাখা হয়েছিল। শারীরিক অবস্থার অবনতির কারণে তাঁর আইনজীবীরা একাধিকবার গৃহবন্দি রাখার আবেদন জানিয়েছিলেন।

১৯৭০-এর দশকে মেক্সিকোর মাদক পাচার জগতে প্রভাব বিস্তার করতে শুরু করেন ফেলিক্স গায়ার্দো। দেশটির আধুনিক মাদক পাচার বাণিজ্যের অন্যতম স্থপতি হিসেবে বিবেচিত এই মাদকসম্রাটের উত্থানের মধ্য দিয়ে বিভিন্ন অপরাধী গোষ্ঠীর মধ্যে আধিপত্য বিস্তারের সংঘাত শুরু হয়। পরবর্তী কয়েক দশকে এসব সংঘাতে কয়েক লাখ মানুষ নিহত ও নিখোঁজ হয়েছেন।

১৯৪৬ সালে মেক্সিকোর উত্তর-পশ্চিমাঞ্চলীয় সিনালোয়া রাজ্যের কুলিয়াকান শহরে জন্মগ্রহণ করেন ফেলিক্স গায়ার্দো। পরবর্তী সময়ে এই রাজ্য মাদক পাচার বাণিজ্যের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে পরিচিতি পায়। কর্মজীবনের শুরুতে তিনি পুলিশ কর্মকর্তা হিসেবে কাজ করেন। পাশাপাশি স্থানীয় এক গভর্নরের দেহরক্ষী হিসেবেও দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে অপরাধজগতে ক্ষমতাধর নেতা হিসেবে পরিচিতি পান তিনি। সেখানে তার উপাধি হয়ে ওঠে ‘বস অব বসেস’ বা ‘সম্রাটদের সম্রাট’।

ফেলিক্স গায়ার্দো ও তার সহযোগীরা জালিসকো রাজ্যের রাজধানী এবং দ্রুত বিকাশমান অর্থনৈতিক কেন্দ্র গুয়াদালাহারা শহরে গুয়াদালাহারা কার্টেল প্রতিষ্ঠা করেন। তারাই প্রথম বিপুল পরিমাণে কোকেন যুক্তরাষ্ট্রে পাচার শুরু করেন। এ ছাড়া কলম্বিয়ার মাদক সম্রাটদের সঙ্গে জোট গড়ে তোলেন তারা। এসব গোষ্ঠীর মধ্যে পাবলো এসকোবারের মেডেলিন কার্টেলও ছিল।

১৯৭০ ও ১৯৮০-এর দশকে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের ঘুষ দিয়ে সুরক্ষা আদায়ের মাধ্যমে তার মাদক সাম্রাজ্য আরও বিস্তৃত হয়। মাদক পরিবহনে নতুন কৌশলও চালু করে তার কার্টেল। এর মধ্যে ছিল মহাদেশজুড়ে মাদক পরিবহনে হালকা উড়োজাহাজ ব্যবহার। এ কাজে রাফায়েল কারো কুইন্তেরোর মতো প্রভাবশালী মাদক সম্রাটরাও তাকে সহযোগিতা করেন।

এরপর, ১৯৮৯ সালে গ্রেপ্তারের পর গুয়াদালাহারা কার্টেলের সঙ্গে সংশ্লিষ্ট মাদক পাচার ও অস্ত্রসংক্রান্ত অভিযোগে ফেলিক্স গায়ার্দোকে ৪০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে কারাগারে থাকা অবস্থাতেই ১৯৮৫ সালে যুক্তরাষ্ট্রের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংস্থার (ডিইএ) এজেন্ট এনরিক ‘কিকি’ কামারেনা এবং মেক্সিকান পাইলট আলফ্রেদো জাভালা আভেলার অপহরণ ও হত্যাকাণ্ডের ঘটনায় পৃথক মামলার মুখোমুখি হন তিনি।

কামারেনা হত্যাকাণ্ডকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সঙ্গে মেক্সিকোর কূটনৈতিক বিরোধ সৃষ্টি হয়। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে মেক্সিকোর ওপর চাপ সৃষ্টি করে ওয়াশিংটন। ২০১৭ সালে একটি ফেডারেল আদালত ওই মামলায় ফেলিক্স গায়ার্দোকে দোষী সাব্যস্ত করেন। এ ঘটনায় তাকে আরও ৩৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে হত্যাকাণ্ডের সঙ্গে নিজের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছিলেন তিনি।

মাদকসম্রাট ফেলিক্স গায়ার্দোর উত্থান ও পতনের কাহিনি পর্দায় তুলে ধরা হয়েছে নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘নারকোস: মেক্সিকো’-তে। ২০১৮ সালে মুক্তি পাওয়া সিরিজটিতে মেক্সিকান অভিনেতা দিয়েগো লুনা তার চরিত্রে অভিনয় করেন।

জীবনের শেষ কয়েক বছরে ফেলিক্স গায়ার্দোর শারীরিক অবস্থার ব্যাপক অবনতি ঘটে। ২০২১ সালে যুক্তরাষ্ট্রভিত্তিক স্প্যানিশ ভাষার টেলিভিশন নেটওয়ার্ক টেলিমুন্দো কারাগারে তার সাক্ষাৎকার নেয়। সে সময় তিনি এক চোখে অন্ধ, প্রায় সম্পূর্ণ বধির এবং নিজে নিজে হাঁটতে অক্ষম ছিলেন। তারপরও নিজের নির্দোষিতার দাবি থেকে সরে আসেননি তিনি। সাক্ষাৎকারে ফেলিক্স গায়ার্দো বলেন, ‘৩২ বছর পেরিয়ে গেছে। এমন একজন মানুষের জন্য এটি অনন্তকালের মতো, যে কোনো অপরাধই করেনি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত