
বন্যায় ফসল হারিয়ে দিশেহারা হয়ে পড়েছিলেন মহারাষ্ট্রের এক কৃষক। ঠিক এমন সময়ে একটি জনপ্রিয় টিভি শো বদলে দিয়েছে ওই কৃষকের জীবন। ছত্রপতি সম্ভাজিনগর জেলার পৈঠান শহরের কৃষক কৈলাস কুন্টেওয়ার অমিতাভ বচ্চনের জনপ্রিয় কুইজ শো ‘কৌন বানেগা ক্রোড়পতিতে’ (কেবিসি) ১৪টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে জিতেছেন ৫০ লাখ রুপি।
মাত্র দুই একর জমির মালিক কুন্টেওয়ার। সেখানেই তাঁর বাবা-মা, স্ত্রী ও সন্তানদের নিয়ে বসবাস করেন। বেশ কয়েক বছর ধরে ফসল নষ্ট, খরা, বন্যা ও নানা বিপর্যয়ের মধ্যে কঠিন জীবন যাপন করছিলেন কুন্টেওয়ার। প্রায়শই তাঁকে অন্যের জমিতে শ্রমিক হিসেবে কাজ করতে হয়েছে। কিন্তু এই কঠিন বছরগুলোতেও একটি স্বপ্ন তাঁকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে। আর তা হলো—অমিতাভ বচ্চনের কেবিসির মঞ্চে পৌঁছানো।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে কুন্টেওয়ার বলেন, ‘৫০ লাখ টাকা জেতার আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয়। আমাদের মতো মানুষের কাছে এত বড় টাকার অঙ্ক শোনাও অবিশ্বাস্য মনে হয়।’
কুন্টেওয়ার জানান, কেবিসিতে পৌঁছানোর যাত্রা কয়েক বছর আগে শুরু হয়েছিল। ২০১৫ সালে কুন্টেওয়ার প্রথম মোবাইল ফোন কেনেন। এরপরই তিনি কেবিসির শো দেখতে শুরু করেন। তিনি বলেন, ‘ছোটবেলা থেকেই আমি পড়াশোনায় ভালো ছিলাম এবং যা পড়তাম বা শুনতাম, তা মনে রাখার অভ্যাস ছিল। ২০১৫ সালে আমি একটি মোবাইল ফোন কিনি এবং ইউটিউবে কেবিসি পর্ব দেখা শুরু করি। প্রথমে আমি ভেবেছিলাম এটি শুধু বিনোদনের জন্য। আমি ভাবিনি যে প্রশ্নের উত্তর দিয়ে কেউ সত্যিই টাকা আয় করতে পারে।’
২০১৮ সালে কেবিসির একটি শোতে হিংগোলি জেলার একজন প্রতিযোগীকে দেখে কুন্টেওয়ারের ধারণা পাল্টে যায়। তিনি বলেন, ‘আমি তাঁকে ফেসবুকে খুঁজে বের করি, তাঁর নম্বর পাই এবং তাঁর সঙ্গে কথা বলি। তিনি আমাকে বলেছিলেন, এটা সম্পূর্ণ সত্য। আপনার জ্ঞান থাকলে আপনি সত্যিই টাকা পেতে পারেন।’
তখন থেকে কুন্টেওয়ার নিজেকে শেখার জন্য উৎসর্গ করেন। তিনি বলেন, ‘জমিতে দীর্ঘ সময় শ্রম দেওয়ার পরেও আমি বাড়ি ফিরে অন্তত এক ঘণ্টা ইউটিউবে সাধারণ জ্ঞানের শো দেখতাম। আমি এটিকে অভ্যাসে পরিণত করি। সময়ের সঙ্গে সঙ্গে সেই অনুশীলন আমাকে আজকের এই অবস্থানে পৌঁছাতে সাহায্য করেছে।’
সাত বছরের এই অধ্যবসায়ের ফল অবশেষে এ বছর তিনি পেয়েছেন। কুন্টেওয়ার কেবিসির ‘হট সিটে’ পৌঁছান এবং ৫০ লাখ টাকা জেতেন।
পুরস্কারের অর্থ দিয়ে তিনি কী করার পরিকল্পনা করছেন—জানতে চাইলে কুন্টেওয়ার এনডিটিভিকে বলেন, ‘আমরা কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ঠান্ডা মাথায় চিন্তা করব। আমাদের সন্তানদের শিক্ষাই সব সময় প্রধান অগ্রাধিকার থাকবে। সেটি নিশ্চিত হওয়ার পর আমরা দেখব আর কী করা যায়।’ প্রতি মাসে মাত্র ৩ হাজার রুপি আয় করা কুন্টেওয়ার একজন ক্রিকেটভক্ত। তিনি তাঁর দুই ছেলেকে ক্রিকেটার বানানোর স্বপ্ন দেখেন।

যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলের শক্তিশালী ঝড়ের কবলে পড়েছেন কয়েক কোটি মানুষ। এরই মধ্যে নিউইয়র্ক ও নিউ জার্সিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এ দুটি অঙ্গরাজ্যের কয়েকটি উপকূলীয় এলাকায় ব্যাপক জলাবদ্ধতা ও বন্যা দেখা দিয়েছে। ভার্জিনিয়া থেকে মেইন পর্যন্ত বিস্তৃত এলাকায় বৃষ্টি ও প্রবল বাতাসের পূর্বাভাস...
১৬ মিনিট আগে
নেপালে প্রলয়ংকরী বন্যার এক মাস পার হলেও হাজার হাজার পরিবার আজও বাস্তুচ্যুত। অন্যদিকে নিখোঁজ হাজার হাজার মানুষের সন্ধানে এখনো উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা। নিখোঁজ ব্যক্তিদের অনেকেই জলবিদ্যুৎ প্রকল্পের ছয়টি সুড়ঙ্গে আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। প্রিয়জন, ঘরবাড়ি ও জীবিকা হারিয়ে....
১০ ঘণ্টা আগে
হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার জন্য ইরানের প্রস্তাবিত ৭ দিনের রোডম্যাপ প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইরানের সর্বশেষ প্রস্তাব অগ্রহণযোগ্য।
১১ ঘণ্টা আগে
বদলাচ্ছে বিশ্বের আবহাওয়া। এর প্রত্যক্ষ প্রভাব পড়ছে কৃষিকাজে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি সামলে বৈশ্বিক খাদ্যনিরাপত্তা নিশ্চিতের সমাধান খুঁজতে বেইজিংয়ে সম্প্রতি হয়ে গেল ‘ওয়ার্ল্ড অ্যাগ্রিফুড ইনোভেশন কনফারেন্স’। বিশ্বের ৩০টির বেশি সংস্থা ও গবেষণা প্রতিষ্ঠানের পক্ষ থেকে অন্তত ৩০০ জন প্রতিনিধি এতে অংশ...
১২ ঘণ্টা আগে