Ajker Patrika

কলকাতায় হোটেলে আগুন: তৃণমূলকে দায়ী করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু, তদন্তের নির্দেশ

আজকের পত্রিকা ডেস্ক­
কলকাতায় হোটেলে আগুন: তৃণমূলকে দায়ী করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু, তদন্তের নির্দেশ
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় একটি হোটেলে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই ঘটনার পেছনে তিনি পূর্ববর্তী তৃণমূল কংগ্রেস (টিএমসি) সরকারের অবহেলাকে দায়ী করেছেন। একই সঙ্গে মর্মান্তিক এই অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের বিশেষ তদন্তকারী দল (এসআইটি) গঠনের নির্দেশ দিয়েছেন।

আজ বুধবার দক্ষিণ কলকাতার মির্জা গালিব স্ট্রিটের একটি ভবনে থাকা হোটেলে ভয়াবহ আগুন লাগে। এতে এক চার বছরের শিশু ও পাঁচ বাংলাদেশি নাগরিকসহ মোট ৯ জন নিহত হন এবং ৬ জন আহত হন।

অগ্নিকাণ্ডের ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, প্রশাসন উদ্ধার ও ত্রাণ কার্যক্রম বজায় রেখেছে এবং কোথায় গাফিলতি ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। এক্সে তিনি লেখেন, ‘কলকাতার মির্জা গালিব স্ট্রিটের হোটেলে মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত ও ব্যথিত।’

শহরের অবকাঠামো সম্প্রসারণের সময়ে অগ্নিনির্বাপণ নীতি ও নিরাপত্তা বিধিমালা উপেক্ষা করার অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী বলেন, ‘এই ট্র্যাজেডি পূর্ববর্তী সরকারের রেখে যাওয়া অবহেলার এক নির্মম স্মারক। বাধ্যতামূলক ফায়ার সেফটি বা অগ্নিনির্বাপণ নীতিগুলোকে সম্পূর্ণভাবে উপেক্ষা করে অনেক ভবনকে হোটেল ও অন্যান্য ব্যবসার জন্য ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছিল।’

শুভেন্দু আরও অভিযোগ করেন, পূর্ববর্তী প্রশাসন মৌলিক সুরক্ষা অডিট বাস্তবায়নে ব্যর্থ হয়েছে এবং ঝুঁকিপূর্ণ পরিস্থিতি বজায় রাখার সুযোগ করে দিয়েছিল। তিনি বলেন, ‘আমরা এখন সেই আমলের ক্ষত মুছে ফেলতে এবং যেসব নিরাপত্তা মান আগে থেকেই কার্যকর থাকা উচিত ছিল, তা কঠোরভাবে বাস্তবায়নে নিরলস কাজ করে যাচ্ছি।’

নিহতদের স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘আহত ব্যক্তিরা যেন সর্বোত্তম চিকিৎসা ও প্রয়োজনীয় সব সহায়তা পান, সে বিষয়ে প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে।’

এসআইটি গঠনের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের জন্য পাঁচ সদস্যের একটি বিশেষ তদন্তকারী দল (এসআইটি) গঠন করা হয়েছে। আমরা মূল সত্য উদ্‌ঘাটন এবং বিচার নিশ্চিত করতে বদ্ধপরিকর।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত