Ajker Patrika

পশ্চিমবঙ্গে এবার গরুর ‘বার্থ সার্টিফিকেট’ চাইলেন বিজেপি বিধায়ক

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ১৭ মে ২০২৬, ১১: ২৯
পশ্চিমবঙ্গে এবার গরুর ‘বার্থ সার্টিফিকেট’ চাইলেন বিজেপি বিধায়ক
বিজেপি বিধায়ক রেখা পাত্র। ছবি: সংগৃহীত

বিধিবহির্ভূতভাবে গরু বিক্রি ঠেকাতে এবার সশরীরে রাস্তায় নেমেছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হিঙ্গলগঞ্জ বিধানসভা আসনের বিজেপি বিধায়ক রেখা পাত্র। উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জের দুলদুলি ফেরিঘাট এবং লেবুখালি এলাকায় একটি গরুবোঝাই ট্রাক আটকে তুমুল শোরগোল ফেলে দিয়েছেন তিনি। তবে শুধু গাড়ি আটকানোই নয়, গরুর ‘জন্ম শংসাপত্র’ বা বার্থ সার্টিফিকেট চেয়ে এবং মুখ্যমন্ত্রীর নাম নিয়ে তাঁর করা এক মন্তব্য ঘিরে ইতিমধ্যে পশ্চিমবঙ্গ রাজ্য রাজনীতিতে হাসির রোল ও তুমুল চর্চা শুরু হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও এবং স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, গত শুক্রবার সকালে গোপন সূত্রে বিধায়কের কাছে খবর আসে যে লেবুখালি ও দুলদুলি ফেরিঘাট এলাকা দিয়ে অবৈধভাবে গাড়ি বোঝাই করে গরু পাচার করা হচ্ছে। খবর পাওয়া মাত্রই লটবহর নিয়ে ঘটনাস্থলে পৌঁছান বিধায়ক রেখা পাত্র। গরুবোঝাই ট্রাকটি আটকে ফেলেন তিনি।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, অত্যন্ত উত্তেজিত অবস্থায় ট্রাকে থাকা ব্যক্তিদের জেরা করছেন বিধায়ক। গাড়ি থেকে একে একে গরুগুলোকে নামিয়ে হিঙ্গলগঞ্জ-লেবুখালি রাস্তার পাশে একটি বড় গাছের ছায়ায় বাঁধার নির্দেশ দেন তিনি। এখানেই শেষ নয়, উদ্ধার হওয়া পরিশ্রান্ত ও তৃষ্ণার্ত গরুগুলোর জন্য দ্রুত খড় এবং পানির ব্যবস্থাও করেন এমএলএ নিজেই।

গাড়ি আটকানোর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক রেখা পাত্র যে যুক্তি দিয়েছেন, তা শুনে চোখ কপালে উঠেছে খোদ পুলিশ প্রশাসনেরও। তিনি দাবি করেন, বিজেপির সরকার, অর্থাৎ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অবৈধ গরু ব্যবসায়ীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

রেখা পাত্র বলেন, ‘গরু গাড়ি আটকালাম কেন? আমাদের সরকার থেকে একটা গাইডলাইন বেঁধে দেওয়া হয়েছে যে ১৪ বছরের নিচে কোনো গরুকে কাটা যাবে না। কেউ যদি বেআইনিভাবে গরু নিয়ে যায়, তাকে সেই মুহূর্তে ধরতে হবে এবং তাদের কাছে গরুর জন্ম সার্টিফিকেট (বার্থ সার্টিফিকেট) দেখতে হবে, চেক করতে হবে।’

রেখা পাত্র আরও যোগ করেন, ‘জন্ম সার্টিফিকেট চাইতে হবে, জন্ম সার্টিফিকেট দেখাতে পারলে এবং তা যদি ১৪ বছরের নিচে থাকে, তবে আইনিভাবে থানায় কেস হবে তাদের নামে। আর যদি লিগ্যাল হয়, অর্থাৎ বয়স ১৪ বছরের ওপরে হয়, তবে আমরা সসম্মানে সেই ব্যক্তিকে গরুসহ ছেড়ে দেব। কিন্তু ১৪ বছর বয়স না হলে আমরা সেই গরুকে আটকাব এবং কোনোভাবেই মালিকের হাতে দেব না। দরকারে গলার দড়ি খুলে ছেড়ে দেব।’

বিধায়কের এই অতর্কিত অভিযানে এলাকায় সাময়িক উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছায় হিঙ্গলগঞ্জ থানার পুলিশ বাহিনী। পুলিশ আপাতত ওই গরুবোঝাই ট্রাকটিকে নিজেদের হেফাজতে নিয়েছে। গাড়িটির বৈধ লাইসেন্স ও অন্য কাগজপত্র রয়েছে কি না এবং গরুগুলোকে ঠিক কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

তবে গরুর বয়স যাচাইয়ের জন্য ‘বার্থ সার্টিফিকেট’ চাওয়ার অভিনব দাওয়াই নিয়ে নেটপাড়ায় ইতিমধ্যে মিমের বন্যা বয়ে যাচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত