
পরিবার পরিকল্পনা নিয়ে নতুন এক ঘোষণা দিলেন ভারতের অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। তিনি বলেছেন, কোনো পরিবারে তৃতীয় সন্তানের জন্মের পর তাঁর সরকার ৩০ হাজার রুপি দেবে। আর চতুর্থ সন্তান নিলে ৪০ হাজার রুপি দেবে। এদিকে এই ঘোষণা তীব্র সমালোচনার জন্ম দিয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, লোকসভায় আসনসংখ্যা বাড়ানোর কেন্দ্রীয় উদ্যোগের সঙ্গে এই সিদ্ধান্তের সম্পর্ক রয়েছে। একই সঙ্গে বিভিন্ন রাজনৈতিক পক্ষ প্রশ্ন তুলেছে, জাতীয় পর্যায়ে পরিবার পরিকল্পনা নীতি কেন বাস্তবায়ন করা হচ্ছে না।
গতকাল শনিবার শ্রীকাকুলাম জেলার নরসন্নপেটায় এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে নাইডু বলেন, ‘আমি এ নিয়ে অনেকবার ভেবেছি। অতীতে আমি পরিবার পরিকল্পনার পক্ষে কাজ করেছি। কিন্তু এখন আবার সন্তানই আমাদের সম্পদ, আর তাদের জন্য কাজ করার প্রয়োজন দেখা দিয়েছে।’
তেলুগু দেশম পার্টির (টিডিপি) প্রধান আরও ঘোষণা করেন, ‘এ কারণেই আমি আরেকটি সিদ্ধান্ত নিয়েছি। তৃতীয় সন্তানের জন্মের সঙ্গে সঙ্গেই আমরা ৩০ হাজার রুপি দেব। আর চতুর্থ সন্তানের জন্য দেব ৪০ হাজার রুপি।’
নাইডু বেশ কিছুদিন ধরে জন্মহার হ্রাসের বিষয়ে কথা বলছেন এবং সতর্ক করে আসছেন যে দক্ষিণ কোরিয়া ও জাপানের মতো দেশগুলো যে ভুল করেছে, ভারতের তা করা উচিত হবে না।
মুখ্যমন্ত্রী বলেন, মানুষের আয় বেড়ে যাওয়ার ফলে কোনো কোনো দম্পতি মাত্র একটি সন্তানের জন্ম দিচ্ছেন। আবার অন্যরা দ্বিতীয় সন্তান নিচ্ছেন কেবল তখনই, যদি তাঁদের প্রথম সন্তানটি কন্যাসন্তান হয়।
মুখ্যমন্ত্রী জোর দিয়ে বলেন, মোট প্রজনন হার বা টোটাল ফার্টিলিটি রেট (টিএফআর) ২ দশমিক ১ বজায় রাখা জরুরি। তাঁর ভাষ্য, প্রতি নারীর সন্তান জন্মদানের হার ২ দশমিক ১ হলে তবেই একটি জনসংখ্যা স্থিতিশীল থাকে।
এই সিদ্ধান্তের কারণে নাইডুকে কটাক্ষ করে কংগ্রেস নেতা ও সংসদ সদস্য কার্তি চিদাম্বরম মাত্র একটি শব্দে তাঁর প্রতিক্রিয়া জানিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এনডিটিভির খবরের একটি ভিডিও পোস্ট করে চিদাম্বরম লিখেছেন: ‘সিরিয়াসলি?’
তবে কংগ্রেসের জাতীয় মুখপাত্র অলোক শর্মা এ বিষয়ে বিস্তারিত প্রতিক্রিয়া জানিয়েছেন।
শর্মা বলেন, ‘১২ বছর ধরে দেশে পরিবার পরিকল্পনা ও জনসংখ্যা নিয়ন্ত্রণের বিষয়ে তেমন কোনো আলোচনা বা জাতীয় নীতি নেওয়া হয়নি। লোকসভার আসন বাড়ানোর কথা বলা হচ্ছে, আর দক্ষিণ ভারতে এই বার্তা চলে গেছে, ভবিষ্যতে তাদের জনসংখ্যা কম থাকলে তাদের আসনসংখ্যাও কমে যাবে।’
টিডিপির মিত্র দল বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের কাছে প্রশ্ন রেখে তিনি বলেন, ‘এটি দেশের জন্য দুর্ভাগ্যজনক। আপনারা কেন জাতীয় পর্যায়ে পরিবার নিয়ন্ত্রণ, পরিবার পরিকল্পনা এবং জনসংখ্যা নিয়ন্ত্রণের বিষয়ে কোনো নীতি তৈরি করছেন না?’
ওয়াইএসআর কংগ্রেসের জাতীয় মুখপাত্র কার্তিক ইয়েল্লাপ্রগদা এই সিদ্ধান্তকে অন্ধ্র প্রদেশে টিডিপি নেতৃত্বাধীন সরকারের ‘ব্যর্থতা’ থেকে মানুষের দৃষ্টি ঘোরানোর একটি প্রচেষ্টা বলে অভিহিত করেছেন।
কার্তিক ইয়েল্লাপ্রগদা অভিযোগ করে বলেন, ‘এই ঘোষণা অন্ধ্র প্রদেশের টিডিপি নেতৃত্বাধীন জোট সরকারের চরম ব্যর্থতা থেকে জনগণের দৃষ্টি অন্যদিকে ঘোরানোর লক্ষ্যে নেওয়া আরেকটি মরিয়া রাজনৈতিক কৌশল ছাড়া আর কিছুই নয়। যে মুখ্যমন্ত্রী একটি বড় প্রতিশ্রুতিও পূরণ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন, তিনি এখন নির্লজ্জের মতো এমন সব নতুন প্রতিশ্রুতি দিচ্ছেন, যার কোনো নির্ভরযোগ্যতা ও আর্থিক ভিত্তি নেই।’
কার্তিক ইয়েল্লাপ্রগদা আরও যোগ করেন, ‘অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা, কর্মসংস্থান সৃষ্টি করা, কল্যাণমূলক কর্মসূচিগুলো জোরদার করা এবং জনগণের আস্থা পুনর্গঠন করার পরিবর্তে মি. নাইডু কোনো ধরনের জবাবদিহি ছাড়াই এই নাটকীয় ঘোষণা দিচ্ছেন।’

ইউক্রেনের জনপ্রিয় প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভকে আকস্মিকভাবে বরখাস্ত করার সিদ্ধান্তের বিরুদ্ধে দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভ শুরু হয়েছে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির এই সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানী কিয়েভসহ বিভিন্ন স্থানে মানুষ রাস্তায় নেমে আসেন।
২৬ মিনিট আগে
মিয়ানমারের উপকূলে দুটি নৌকাডুবির ঘটনায় ৫০০ জনের বেশি রোহিঙ্গার মৃত্যাশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ। আইওএম ও ইউএনএইচসিআর জানিয়েছে, রাখাইন ও কক্সবাজার থেকে যাত্রা করা নৌকাগুলোতে প্রধানত রোহিঙ্গা শরণার্থী ছিলেন। আন্তর্জাতিক সহায়তা ও উদ্ধার অভিযান জোরদারের আহ্বান জানিয়েছে সংস্থাদ্বয়।
১ ঘণ্টা আগে
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘বিষয়টি বয়স নিয়ে নয়, বিষয়টি হলো কতটা পথ পেরিয়েছেন তা নিয়ে।’ রাজনৈতিক বিশ্লেষকদের একটি বড় অংশ যখন তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবনের সমাপ্তি নিয়ে আলোচনা করছেন, তখন এই ক্ষুরধার রাজনীতিক পাল্টা জানিয়েছেন, তাঁর ভেতরে...
৪ ঘণ্টা আগে
মার্কিন সামরিক নেতৃত্ব কিউবার বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপের বিভিন্ন বিকল্প পর্যালোচনা করছেন। এর মধ্যে কয়েক হাজার মার্কিন সেনাকে নিয়ে বিমান হামলার পরিকল্পনাও। স্থানীয় সময় গতকাল বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ।
৪ ঘণ্টা আগে