Ajker Patrika

ভারতের জম্মু ও কাশ্মীরে সিআরপিএফ ক্যাম্পে হামলা: ১৫ সেকেন্ডে ৩০ রাউন্ড গুলি

আজকের পত্রিকা ডেস্ক­
ভারতের জম্মু ও কাশ্মীরে সিআরপিএফ ক্যাম্পে হামলা: ১৫ সেকেন্ডে ৩০ রাউন্ড গুলি
গুলির ঘটনার পর সিআরপিএফ ও সাঁজোয়া যান মোতায়েন করে এলাকাটি ঘিরে ফেলা হয়েছে। ছবি: এএনআই

ভারতের জম্মু ও কাশ্মীরের কুলগামে দেশটির কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) একটি তল্লাশিচৌকিতে সশস্ত্র ব্যক্তিদের অতর্কিত হামলায় নিরাপত্তাবাহিনীর তিন সদস্য গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার (১১ নভেম্বর) বিকেলে কুলগামের মীর বাজারসংলগ্ন আখরান এলাকার সিআরপিএফ ক্যাম্পে এই হামলার ঘটনা ঘটে। সিসিটিভি ক্যামেরায় ১৫ সেকেন্ডে অন্তত ৩০ রাউন্ড গুলির আওয়াজসহ হামলার রোমহর্ষক দৃশ্য ও বিবরণ ধরা পড়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভবনের নিরাপত্তা ক্যামেরার ফুটেজে দেখা যায়, ঘটনাস্থলের পাশেই একটি দোকানের সামনে এক সিআরপিএফ সদস্য বসে আছেন। হুট করেই তাঁর ডান দিক থেকে বৃষ্টির মতো গুলির শব্দ আসতে শুরু করে। সিসিটিভি ফুটেজে প্রথম ১৫ সেকেন্ডেই প্রায় ৩০ রাউন্ড গুলির তীব্র শব্দ শোনা যায়।

পরের এক মিনিটের মধ্যে আরও এক ডজন গুলির আওয়াজ ও স্প্লিন্টার বা পাথরের টুকরো ক্যামেরার সামনে ছিটকে পড়তে দেখা যায়। বিকট শব্দের মধ্যে সিআরপিএফ সদস্যরা পাল্টা অস্ত্র উঁচিয়ে হামলাকারীদের ধাওয়া করেন এবং প্রতিহত করার চেষ্টা করেন।

ঘটনার পর সিআরপিএফের বিবৃতিতে জানানো হয়েছে, বিকেল সোয়া ২টার দিকে হামলা চালিয়ে সটকে পড়ে মোটরসাইকেল আরোহী সন্ত্রাসীরা। তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে অনন্তনাগ জেলা হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, আহত তিন জওয়ান বর্তমানে বিপদমুক্ত রয়েছেন।

ঘটনার সময় জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা কুলগাম জেলা সফরে থাকলেও তিনি ঘটনাস্থল থেকে দূরে ছিলেন।

এদিকে হামলার পরপরই পুরো এলাকা জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অতিরিক্ত সিআরপিএফ ও সাঁজোয়া যান মোতায়েন করে এলাকাটি ঘিরে ফেলা হয়েছে। মাইকিং করে স্থানীয় বাসিন্দাদের বাড়ির ভেতরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে এবং সাঁজোয়া গাড়ির টহল জোরদার করা হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি ভারতের ছত্তিশগড়ের সুকমা জেলার আলারমেদগু ক্যাম্পে একটি পুরোনো আইইডি বোমা নিষ্ক্রিয় করার সময় বিস্ফোরণে চার সিআরপিএফ সদস্য আহত হয়েছিল। ওই ঘটনার কিছুদিন পরই আজ জম্মু ও কাশ্মীরে এই বড় ধরনের হামলার ঘটনা ঘটল।

তথ্যসূত্র: এনডিটিভি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত