Ajker Patrika

চোখে চোখ না রেখে অন্যদিকে তাকিয়ে থাকেন—স্মৃতিকথায় মোদি প্রসঙ্গে সোনিয়া গান্ধী

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ২০: ৫৭
চোখে চোখ না রেখে অন্যদিকে তাকিয়ে থাকেন—স্মৃতিকথায় মোদি প্রসঙ্গে সোনিয়া গান্ধী
মঙ্গলবার (১০ নভেম্বর) প্রকাশিত হয়েছে সোনিয়া গান্ধীর স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’। ছবি: সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে দেখা হলেও তাঁর সঙ্গে কখনো প্রকৃত অর্থে কথোপকথন হয়নি বলে জানিয়েছেন কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধী। এমনকি মুখোমুখি হলে মোদি চোখের দিকে না তাকিয়ে অন্যদিকে তাকান বলেও দাবি করেছেন তিনি।

মঙ্গলবার (১০ নভেম্বর) প্রকাশিত নিজের স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’ (Belonging: A Journey of Love)-এ এসব কথা লিখেছেন সোনিয়া গান্ধী। এতে ভারতের প্রধানমন্ত্রী, তাঁর রাজনৈতিক দর্শন ও রাষ্ট্র পরিচালনার দৃষ্টিভঙ্গি নিয়েও নিজের মূল্যায়ন তুলে ধরেছেন তিনি।

স্মৃতিকথায় সোনিয়া লিখেছেন, ‘নরেন্দ্র দামোদর দাস মোদি এক যুগের বেশি সময় ধরে ভারতের প্রধানমন্ত্রী। বর্তমানে তিনি তৃতীয় মেয়াদে দায়িত্ব পালন করছেন। অথচ আজ পর্যন্ত তাঁর সঙ্গে আমার কার্যত কোনো প্রকৃত যোগাযোগই হয়নি।’

সোনিয়া বলেন, সংসদের প্রতিটি অধিবেশন শেষে স্পিকারের কক্ষে প্রধান রাজনৈতিক দলগুলোর নেতাদের অনানুষ্ঠানিক বৈঠকসহ বিভিন্ন অনুষ্ঠানে তাঁদের দেখা হয়। এসব ক্ষেত্রে দুজনের সাক্ষাৎ হলে আনুষ্ঠানিকভাবে নমস্কার বিনিময় করেন তাঁরা। তবে অতীতের রাজনৈতিক নেতাদের মধ্যে দলীয় মতপার্থক্য সত্ত্বেও যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক দেখা যেত, মোদির আচরণে তা অনুপস্থিত।

সোনিয়ার ভাষায়, ‘তিনি চোখাচোখি এড়িয়ে সাধারণত অন্যদিকে তাকিয়ে থাকেন।’

তবে আনুষ্ঠানিক শুভেচ্ছা বিনিময়ের বাইরে তাঁদের মধ্যে কখনো কথাবার্তা হয়নি বলে জানান সোনিয়া। বিভিন্ন সময়ে জন্মদিন ও নববর্ষের শুভেচ্ছা বিনিময় হয়েছে। হাসপাতালে চিকিৎসা শেষে ফেরার পর মোদি কখনো কখনো তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন। তখন তিনি উত্তর দিয়েছেন, ‘জি, এখন ভালো আছি, ধন্যবাদ।’

স্মৃতিকথায় মোদি ও নিজের ভারত ভাবনার পার্থক্যও তুলে ধরেছেন সোনিয়া। তাঁর মতে, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) মতাদর্শীদের চিন্তাধারা থেকে মোদির ভারত ভাবনা তৈরি হয়েছে। সেখানে নিজের ধর্ম ও সংস্কৃতিকে অন্য সব কিছুর ওপরে স্থান দেওয়ার প্রবণতা রয়েছে। অন্যদিকে, তাঁর ভারত ভাবনা গড়ে উঠেছে পরিবারের কাছ থেকে পাওয়া শিক্ষা, স্বাধীনতা, সাম্য ও বহুত্ববাদের আদর্শে।

সোনিয়া লিখেছেন, ‘তিনি লড়ছিলেন তাঁর ভারত ভাবনার জন্য আর আমি আমারটির জন্য। আমার ভারত আধিপত্যবাদবিরোধী, অন্তর্ভুক্তিমূলক, ধর্মনিরপেক্ষতা ও সামাজিক ন্যায়বিচারের পক্ষে। বিষয়টি ব্যক্তিগত ছিল না।’

মোদির রাজনৈতিক উত্থান প্রসঙ্গে সোনিয়া বলেন, তাঁর রাজনৈতিক পথচলা নিজের অভিজ্ঞতা থেকে সম্পূর্ণ আলাদা। তবে আরএসএসের ভেতরে প্রান্তিক সামাজিক অবস্থান থেকে উঠে এসে ক্ষমতার কেন্দ্রে পৌঁছানোর ক্ষেত্রে মোদি যে পরিশ্রম করেছেন, তা তিনি স্বীকার করেন। একই সঙ্গে মোদির সাধারণ পরিবার থেকে উঠে আসার প্রচারিত ভাবমূর্তি নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

সংসদে মোদির বক্তব্যের সমালোচনা করে সোনিয়া লিখেছেন, অনেক সময় তিনি জনসভায় ব্যবহৃত একই ধরনের রূঢ় ভাষা সংসদেও ব্যবহার করেন। বিরোধীদের আক্রমণ করতে গিয়ে তাঁর বক্তব্য অনেক সময় দীর্ঘ তিরস্কারে পরিণত হয়। বিশেষ করে, ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু তাঁর দলের বিরোধিতার অন্যতম লক্ষ্য।

সোনিয়ার অভিযোগ, সংঘ পরিবারের বিভিন্ন ওয়েবসাইটে নেহরুকে নিয়ে অপপ্রচার ও মিথ্যা তথ্য ছড়ানো হয়। তাঁর মতে, বিজেপির ঘোষিত লক্ষ্য ‘কংগ্রেসমুক্ত ভারত’—অর্থাৎ দলটির পাশাপাশি এর নীতি ও আদর্শকেও রাজনীতি থেকে সরিয়ে দেওয়া।

তিনি আরও লিখেছেন, তাঁর শাশুড়ি ইন্দিরা গান্ধীর কাছ থেকে পাওয়া শিক্ষা এবং মহাত্মা গান্ধীর ব্যাখ্যায় অহিংসা ও ধর্মের আদর্শ তাঁর ভারত ভাবনাকে প্রভাবিত করেছে। তাঁর মতে, ভারতের ধর্মীয় ঐতিহ্য বহুমাত্রিক; এখানে একক কোনো দেবতা, মতবাদ, ধর্মপ্রচারক কিংবা ধর্মগ্রন্থের প্রতি আনুগত্যই একমাত্র পথ নয়; বরং ভিন্ন বিশ্বাস ও মতের সহাবস্থানই ভারতীয় ঐতিহ্যের শক্তি।

ভারতের দীর্ঘদিনের জাতপাতভিত্তিক বৈষম্য ও নিপীড়নের কথা স্বীকার করে সোনিয়া বলেন, সনাতন ধর্মের ভেতর থেকেই বিভিন্ন সংস্কারক জাতপাতের আধিপত্যকে প্রশ্ন করেছেন এবং এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত