Ajker Patrika

‘পাপা ইজ ডেড’: সোনিয়ার স্মৃতিকথায় রাজীব গান্ধীর নির্মম হত্যাকাণ্ডের সেই রাত

আজকের পত্রিকা ডেস্ক­
‘পাপা ইজ ডেড’: সোনিয়ার স্মৃতিকথায় রাজীব গান্ধীর নির্মম হত্যাকাণ্ডের সেই রাত
১৯৯১ সালের ২৪ মে, রাজীব গান্ধীর শেষকৃত্যে মেয়ে প্রিয়াঙ্কা ও ছেলে রাহুলের সঙ্গে সোনিয়া গান্ধী (মাঝখানে)। ছবি: এএফপি

১৯৯১ সালের ২১ মে—ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর নির্মম হত্যাকাণ্ডের সেই ভয়াবহ রাতের স্মৃতি আজও কাটিয়ে উঠতে পারেননি তাঁর স্ত্রী ও কংগ্রেসের সাবেক সভানেত্রী সোনিয়া গান্ধী। সম্প্রতি প্রকাশিত নিজের আত্মজীবনীতে জীবনের অন্যতম বেদনাদায়ক সেই অধ্যায়টি অত্যন্ত আবেগঘন ও প্রাণবন্ত ভাষায় ফুটিয়ে তুলেছেন তিনি। মেয়ে প্রিয়াঙ্কা গান্ধীর মুখে ‘পাপা ইজ ডেড’ (বাবা আর নেই) শোনার সেই মুহূর্ত এবং রাজীবের বীভৎস মৃত্যুর খবর জানার বিভীষিকাময় অভিজ্ঞতার সবিস্তার বিবরণ দিয়েছেন সোনিয়া।

স্মৃতিকথায় সোনিয়া গান্ধী উল্লেখ করেন, রাজীব গান্ধীর মৃত্যুর আগের দিনগুলোতে দেশজুড়ে বিরতিহীন নির্বাচনী প্রচারণার কারণে তিনি চরম ক্লান্ত ছিলেন। রায়বেরেলির প্রচারণা থেকে ফিরে মেয়ে প্রিয়াঙ্কাও সোনিয়াকে বলেছিলেন, বাবাকে এতটা ক্লান্ত তিনি আগে কখনো দেখেননি।

স্বামীর মৃত্যু সংবাদ আসার আগের মুহূর্তটি স্মরণ করে সোনিয়া লিখেছেন, ‘রাজীব যখন বাইরে থাকতেন, তখন তাঁর বিছানার পাশে শুয়ে থাকলে আমি এক ধরনের মানসিক শান্তি পেতাম। সেদিনও আমি তাঁর বিছানায় শুয়ে একটি বই পড়ছিলাম। করিডরের অন্য প্রান্তে প্রিয়াঙ্কা তাঁর এক বন্ধুর জন্মদিনের পার্টিতে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল এবং বারবার এসে আমার মতামত নিচ্ছিল। হঠাৎ গান বন্ধ হয়ে গেল। এরপরই আমি পায়ের শব্দ শুনতে পেলাম। প্রিয়াঙ্কা হন্তদন্ত হয়ে আমার ঘরের দরজায় এসে দাঁড়াল।’

‘পাপা ইজ ডেড’—যেভাবে এল দুঃসংবাদ

প্রিয়াঙ্কার ফ্যাকাশে মুখ ও ভয়ার্ত চোখের বর্ণনা দিয়ে সোনিয়া লেখেন, প্রিয়াঙ্কা প্রথমে শান্ত থাকার চেষ্টা করে বলেছিল, ‘একটি বোমা বিস্ফোরণ হয়েছে। বাবার চারপাশের ১২ জন মারা গেলেও তিনি ভালো আছেন।’ এভাবে বলে প্রিয়াঙ্কা তাঁকে মাদ্রাজ (বর্তমানে চেন্নাই) যাওয়ার প্রস্তুতি নিতে বলেছিল।

কিন্তু প্রিয়াঙ্কার গলার আওয়াজেই সোনিয়া বুঝতে পেরেছিলেন খুব খারাপ কিছু ঘটেছে। রাজীব গান্ধীর ব্যক্তিগত সচিব ভি ডব্লিউ জর্জকে বারবার ফোন করেও কোনো সাড়া না পাওয়ায় প্রিয়াঙ্কা নিজেই কার্যালয়ে যায়।

কিছুক্ষণ পর ফিরে এসে আধো আলো-ছায়াময় ঘরে প্রিয়াঙ্কা সোনিয়ার চোখের দিকে তাকিয়ে কেবল তিনটি শব্দ উচ্চারণ করেন—‘পাপা ইজ ডেড’ (বাবা আর নেই)।

খবরটি শুনে সোনিয়া প্রিয়াঙ্কার কোলে ভেঙে পড়েন এবং চিৎকার করে বলতে থাকেন, ‘আমি কেন তাঁর সঙ্গে গেলাম না? কেন আমি গেলাম না?’ পরে সোনিয়া নিজেই সচিব জর্জকে ফোন করলে ওপাশ থেকে উত্তর আসে—‘হ্যাঁ, সত্যি। সাহেব আর নেই।’

সোনিয়া তাঁর আত্মজীবনীতে লিখেছেন, ‘মনে হয়েছিল আমার পুরো পৃথিবীটা এক মুহূর্তে অন্ধকারে ঢেকে গেছে এবং সেই অন্ধকার আমাকে গিলে খাচ্ছে।’

‘চোখ? কিছুই তো অবশিষ্ট নেই!’

স্মৃতিকথায় সোনিয়া গান্ধী রাজীবের মরদেহ দেখার আকুলতার কথা লিখেছেন। রাজীবের একটি ইচ্ছে ছিল নিজের চোখ দান করার। সে কথা মনে করে সোনিয়া পারিবারিক চিকিৎসক ডা. মাথুরকে খুঁজে বের করেন এবং রাজীবের চোখ দান করার বিষয়টি জানান।

কিন্তু ডা. মাথুরের কাছ থেকে যে উত্তর আসে, তা সোনিয়ার হৃদয়ে ভয়াবহ আঘাত হানে। চিকিৎসক অঝোরে কেঁদে উত্তর দিয়েছিলেন, ‘আঁখে? আরে কেয়া বাত করতে হো, কুছ নেহি বাঁচা হ্যায়, কুছ নেহি!’ (চোখ? কী কথা বলছেন আপনি, কিছুই যে অবশিষ্ট নেই, কিচ্ছু না!)।

চিকিৎসকের এই হৃদয়বিদারক উত্তর শুনে সোনিয়ার দম বন্ধ হয়ে আসছিল। তখনই তিনি প্রথম উপলব্ধি করতে পেরেছিলেন তাঁর প্রিয়তম স্বামীর মৃত্যু কতটা বীভৎস ও নৃশংস ছিল।

উল্লেখ্য, ১৯৯১ সালের মে মাসে তামিলনাড়ুর শ্রীপেরুম্বুদুরে এক নির্বাচনী জনসভায় শ্রীলঙ্কার বিচ্ছিন্নতাবাদী সংগঠন ‘এলটিটিই’-এর এক নারী আত্মঘাতী বোমারুর হামলায় নিহত হন ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধী। ভারতের পিস কিপিং ফোর্স (আইপিকেএফ) শ্রীলঙ্কায় পাঠানোর সিদ্ধান্তের প্রতিশোধ নিতেই এই হত্যাকাণ্ড ঘটিয়েছিল সশস্ত্র সংগঠনটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত