
রাজ্যজুড়ে জাতিগত সহিংসতা শুরু হওয়ার দুই বছর পর আজ রোববার পদত্যাগ করেছেন ভারতের বিজেপি শাসিত মণিপুর রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ। তাঁর বিরুদ্ধে বিজেপির অন্দরে অসন্তোষ এবং আগামীকাল সোমবার কংগ্রেসের সম্ভাব্য অনাস্থা প্রস্তাবের মুখে এই সিদ্ধান্ত নিলেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বীরেন সিংহ আজ সন্ধ্যায় রাজ্যপাল অজয় কুমার ভল্লার কাছে তাঁর পদত্যাগপত্র জমা দেন। এর আগে তিনি ১৪ জন বিধায়ককে সঙ্গে নিয়ে দিল্লিতে বিজেপি সভাপতি জেপি নাড্ডা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করেন। ৬০ সদস্যের মণিপুর বিধানসভার আর কোনো সদস্যকে নিজের পক্ষে দেখাতে ব্যর্থ হন তিনি।
এ অবস্থায় রাজ্যে ফিরে গিয়ে, পদত্যাগপত্র জমা দেন বীরেন সিংহ। কংগ্রেস তাঁর এই ইস্তফাকে নিজেদের দাবির স্বীকৃতি বলে উল্লেখ করেছে।
উদ্ভূত পরিস্থিতিতে রাজ্যপাল ঘোষণা করেছেন—মণিপুর বিধানসভার বাজেট অধিবেশন আগামীকাল থেকে শুরু হওয়ার কথা থাকলেও তা বাতিল করা হয়েছে।
জানা গেছে, বিজেপির হাতে সংখ্যাগরিষ্ঠতা থাকলেও কনরাড সাংমার ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) সমর্থন প্রত্যাহার করায় অনেক বিধায়কই নেতৃত্ব বদলের পক্ষে অবস্থান নিয়েছিলেন। এই সংকট এড়াতেই কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করে মুখ্যমন্ত্রী বিরেন সিংহ পদত্যাগ করেন।
মণিপুর বিজেপির প্রধান শারদা দেবী বলেছেন, ‘রাজ্যের অখণ্ডতা রক্ষার স্বার্থে এবং জনসাধারণের কল্যাণ বিবেচনা করে মুখ্যমন্ত্রী পদত্যাগ করেছেন। ২০১৭ সাল থেকে তিনি মণিপুরের উন্নয়নে নিরলসভাবে কাজ করেছেন। তাঁর পদত্যাগ রাজ্যের প্রতি তাঁর গভীর প্রতিশ্রুতির প্রতিফলন।’
শারদা জানান, বীরেন সিংহের উত্তরসূরি এখনো ঠিক হয়নি।
তবে বিজেপি শিগগিরই নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করতে পারে। কংগ্রেসও পরবর্তী রাজনৈতিক পদক্ষেপের জন্য প্রস্তুত হচ্ছে। বিশ্লেষকেরা বলছেন, বীরেন সিংহের পদত্যাগ মণিপুরের চলমান সংকটের মোড় ঘুরিয়ে দিতে পারে। তবে নতুন নেতৃত্ব কীভাবে পরিস্থিতি সামলাবে, সেটাই এখন বড় প্রশ্ন।

কলকাতায় চিকিৎসা পর্যটনে ধস নামার পর পরিস্থিতি সামাল দিতে এবং রোগীদের নিরাপদ আবাসন নিশ্চিত করতে বিশেষ পদক্ষেপ নিয়েছে কলকাতার বড় হাসপাতালগুলো। বাংলাদেশে দল পাঠানো থেকে শুরু করে সংলগ্ন এলাকার বৈধ হোটেলগুলোর সঙ্গে চুক্তি—হরেক রকমের উদ্যোগ নিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের সাগর জেলায় বিষাক্ত মদ পানে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও দশজনেরও বেশি মানুষ।
৩ ঘণ্টা আগে
মাদকসংক্রান্ত অপরাধের দায়ে মিসরের টেলিভিশন উপস্থাপক সারা খলিফাসহ ১১ জনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন দেশটির একটি আদালত। রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদপত্র আল-আহরাম-এর প্রতিবেদনে বলা হয়েছে, তাঁরা একটি অপরাধী চক্রের সদস্য ছিলেন।
৩ ঘণ্টা আগে
নিখোঁজ ছেলেকে মৃত মনে করে ধর্মীয় আচার মেনে শেষকৃত্য সম্পন্ন করেছিল পরিবার। শোকে আচ্ছন্ন পরিবারটি যখন সান্ত্বনা খোঁজার চেষ্টা করছিল, ঠিক তখনই একটি অপ্রত্যাশিত টেলিফোন কল তাঁদের পুরো পৃথিবী বদলে দিল।
৩ ঘণ্টা আগে