পুতিনের ইউক্রেনের ভূখণ্ড দাবি নিয়ে প্রশ্ন তুললেন ঘনিষ্ঠ মিত্র লুকাশেঙ্কো

রাশিয়ার সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো ইউক্রেনের ভূখণ্ড নিয়ে ভ্লাদিমির পুতিনের একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দাবির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। ইউক্রেনের ভূখণ্ড প্রাচীনকাল থেকেই রাশিয়ার অংশ—মস্কোর এমন দাবির সমালোচনা করতে গিয়ে তিনি উদাহরণ হিসেবে মঙ্গোলিয়ার প্রসঙ্গ টেনেছেন। তাঁর প্রশ্ন, একই যুক্তি অনুসরণ করলে রাশিয়ার ভূখণ্ডও কি মঙ্গোলিয়ার হাতে তুলে দেওয়া উচিত?
শুক্রবার (২৭ নভেম্বর) সিএনএন জানায়, গত বুধবার ফরাসি সাময়িকী ‘লে পয়েন্ট’-এ প্রকাশিত এক সাক্ষাৎকারে লুকাশেঙ্কো এমন প্রশ্ন তোলেন। তিনি বলেন, ইউক্রেনের ভূমি প্রাচীনকাল থেকেই রাশিয়ার ছিল—এমন দাবি করা হলে রাশিয়ার ইতিহাসও গভীরভাবে খতিয়ে দেখতে হবে। কারণ, একসময় রাশিয়ার ভূখণ্ড মঙ্গোল-তাতারদের অধীনে ছিল। তাহলে সেই যুক্তিতে পুরো রাশিয়াই বা কাদের দেওয়া উচিত—মঙ্গোলিয়াকে?
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দাবি, মধ্যযুগীয় রাষ্ট্রকাঠামো ‘অ্যানসিয়েন্ট রুশ’-এর কেন্দ্র ছিল কিয়েভ। সে কারণে ইউক্রেনের রাশিয়ার অংশ হওয়া উচিত। ইতিহাসবিদ ও বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরেই এই দাবিকে ইতিহাসের বিকৃত ব্যাখ্যা হিসেবে সমালোচনা করে আসছেন। এবার পুতিনের ঘনিষ্ঠ মিত্র লুকাশেঙ্কোও এর যৌক্তিকতা নিয়ে সংশয় প্রকাশ করলেন।
তবে সাক্ষাৎকারে লুকাশেঙ্কো সামগ্রিকভাবে রাশিয়ার প্রতি সমর্থনই জানিয়েছেন। ইউক্রেন যুদ্ধ শুরুর জন্যও তিনি কিয়েভকে দায়ী করে মস্কোর প্রচারিত ভাষ্য পুনরাবৃত্তি করেছেন। তাঁর দাবি, ইউক্রেনই রুশ জনগণকে হত্যা ও পুড়িয়ে যুদ্ধের সূচনা করেছে।
পুতিনের সঙ্গে দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্কের কথাও তুলে ধরেন লুকাশেঙ্কো। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন বিলুপ্তির বিপক্ষে বেলারুশের পার্লামেন্টে একমাত্র তিনিই ভোট দিয়েছিলেন। তাঁর ৩২ বছরের শাসনামলে বেলারুশ কার্যত রাশিয়ার ওপর নির্ভরশীল রাষ্ট্রে পরিণত হয়েছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর সময় রুশ সেনাদের বেলারুশের ভূখণ্ড ব্যবহারের অনুমতি দিয়েছিলেন তিনি। পরে দেশটিতে রাশিয়ার কৌশলগত পারমাণবিক অস্ত্র রাখতেও সম্মত হন।
সাক্ষাৎকারে লুকাশেঙ্কো জানান, পুতিনের সঙ্গে তাঁর সম্পর্ক অত্যন্ত সহজ ও বন্ধুত্বপূর্ণ। এমনকি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কিকে নিয়ে পুতিনের সঙ্গে বৈঠক করাতে মস্কো যাওয়ার প্রস্তাবও দেন তিনি। তবে জেলেনস্কি প্রস্তাবটিকে ‘গুরুত্বহীন’ বলে প্রত্যাখ্যান করেন। তাঁর বক্তব্য, যুদ্ধ চলাকালে মস্কো বা কিয়েভে বৈঠক করা সম্ভব নয়।
লুকাশেঙ্কো মনে করেন, শেষ পর্যন্ত রাশিয়া পূর্ব ইউক্রেনের পুরো দনবাস অঞ্চল দখল করে নিতে পারে। তবে ন্যাটোর ১৯৯৭ সালের আগের সীমানায় ফিরে যাওয়ার দাবির মতো পুতিনের কিছু কঠোর শর্তের সঙ্গে তিনি একমত নন। তাঁর মতে, সর্বোচ্চ দাবি নিয়ে আলোচনা শুরু হলেও শেষ পর্যন্ত উভয় পক্ষকে আলোচনার টেবিলে বসতে হবে।









