পুতিনের নিজ শহরে হামলা চালাল ইউক্রেন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিজ শহর সেন্ট পিটার্সবার্গে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। শুক্রবার (২৭ নভেম্বর) রাশিয়ার এই গুরুত্বপূর্ণ শহর ও তুলা অঞ্চলে হামলার ঘটনা ঘটে। এতে আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। একই সঙ্গে তুলা অঞ্চলের একটি বিদ্যুৎকেন্দ্রেও হামলার আশঙ্কা করা হচ্ছে।
রাশিয়ার সামরিক ও জ্বালানি অবকাঠামোতে চলতি বছর নিয়মিত হামলা চালিয়ে আসছে ইউক্রেন। এসব হামলার অনেকগুলোই দুই দেশের সীমান্ত থেকে কয়েক শ মাইল দূরের লক্ষ্যবস্তুতে চালানো হয়েছে।
রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে ফিনল্যান্ড ও এস্তোনিয়ার সীমান্তের কাছে অবস্থিত সেন্ট পিটার্সবার্গে শুক্রবারের হামলায় অন্তত ৪৫টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছেন লেনিনগ্রাদ অঞ্চলের গভর্নর আলেক্সান্ডার দ্রোজদেঙ্কো।
কিয়েভ পোস্টের প্রতিবেদন অনুযায়ী, শহরের পূর্বাঞ্চলের ভেসেভোলোজস্ক ও কুদ্রোভো এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শহরের সেন্ট্রালনি, পেত্রোগ্রাদস্কি, ভাসিলিওস্ত্রোভস্কি, প্রিমোরস্কি ও ভাইবর্গস্কি এলাকাতেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইউক্রেনের পর্যবেক্ষণ চ্যানেল সুপারনোভা প্লাস একটি আবাসিক ভবনের ক্ষয়ক্ষতির ছবি প্রকাশ করেছে।
অন্যদিকে, তুলা অঞ্চলে চারটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছেন গভর্নর দিমিত্রি মিলিয়ায়েভ। টেলিগ্রামে তিনি জানান, হামলায় কেউ হতাহত হয়নি এবং প্রাথমিকভাবে কোনো অবকাঠামোগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
তবে রাশিয়ার স্বাধীন সংবাদমাধ্যম আসত্রার বরাতে কিয়েভ পোস্ট জানিয়েছে, ইয়েফ্রেমভ শহরের একটি তাপবিদ্যুৎকেন্দ্রের কাছে বিস্ফোরণের শব্দ শুনেছেন স্থানীয় বাসিন্দারা। হামলার পর তাঁদের ঘরবাড়ির তাপ সরবরাহ বন্ধ হয়ে যায়। আসত্রার বিশ্লেষণে বিদ্যুৎকেন্দ্রটিতে একটি ড্রোন আঘাত হানার সম্ভাবনাও উঠে এসেছে।
রাশিয়ার দাবি, দেশটির বিভিন্ন অঞ্চলে ও অধিকৃত ক্রিমিয়ায় মোট ৩১৮টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে।
আজ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেন, রাশিয়ার প্রতিটি হামলার যথাযথ জবাব দিচ্ছে ইউক্রেন। চলতি সপ্তাহে রাশিয়ার সামারা, নিঝনি নভগোরোদ, ক্রাসনোদার, রোস্তভ, ভলগোগ্রাদ, তুলাসহ বিভিন্ন অঞ্চলে ইউক্রেনের হামলায় সামরিক ও জ্বালানি স্থাপনা, বিস্ফোরক উৎপাদনকারী কারখানা এবং বিমানঘাঁটি লক্ষ্যবস্তু হয়েছে।
জেলেনস্কি বলেন, রাশিয়াকে যুদ্ধ বন্ধের বহু সুযোগ দেওয়া হলেও দেশটি যুদ্ধকেই বেছে নিয়েছে।









