Ajker Patrika

ফাঁস হওয়া সরকারি নথিতে ‘আত্মহত্যা’ করেছিলেন পুতিনের দেহরক্ষী

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ২১: ৩৭
ফাঁস হওয়া সরকারি নথিতে ‘আত্মহত্যা’ করেছিলেন পুতিনের দেহরক্ষী
জিনিচেভের শেষকৃত্যে উপস্থিত ছিলেন পুতিন। ছবি: সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাবেক দেহরক্ষী ও সম্ভাব্য উত্তরসূরি হিসেবে আলোচিত জেনারেল ইয়েভগেনি জিনিচেভের মৃত্যুর ঘটনা নিয়ে নতুন রহস্য তৈরি হয়েছে। ২০২১ সালে সাইবেরিয়ার একটি জলপ্রপাত থেকে পড়ে তাঁর মৃত্যুর ঘটনাকে সে সময় অন্যের জীবন বাঁচাতে গিয়ে আত্মত্যাগ হিসেবে বর্ণনা করা হয়েছিল। কিন্তু রাশিয়ার রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থা রসস্ট্যাটের গোপন নথিতে তাঁর মৃত্যুর কারণ আত্মহত্যা হিসেবে উল্লেখ করা হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, হ্যাক হওয়া রাশিয়ার সরকারি মৃত্যুর রেকর্ড বিশ্লেষণ করে স্বাধীন সংবাদমাধ্যম মিডিয়াজোনা এই তথ্য প্রকাশ করেছে। নথিতে জিনিচেভের মৃত্যুর কারণ হিসেবে পাঁচ নম্বর কোড ব্যবহার করা হয়েছে, যা আত্মহত্যা নির্দেশ করে। তবে তাঁর মৃত্যুর প্রকৃত পরিস্থিতি সম্পর্কে নিশ্চিত কোনো প্রমাণ প্রকাশিত হয়নি।

২০২১ সালের সেপ্টেম্বরে ৫৫ বছর বয়সে মারা যান জিনিচেভ। সে সময় তিনি রাশিয়ার জরুরি পরিস্থিতিবিষয়ক মন্ত্রী এবং দেশটির নিরাপত্তা পরিষদের সদস্য ছিলেন। সাবেক সোভিয়েত গোয়েন্দা সংস্থা কেজিবির কর্মকর্তা জিনিচেভ একসময় পুতিনের অত্যন্ত ঘনিষ্ঠ নিরাপত্তারক্ষী ছিলেন।

সরকারি ভাষ্য অনুযায়ী, সাইবেরিয়ার ৯০ ফুট উচ্চতার কিতাবো-ওরন জলপ্রপাতের কাছে চলচ্চিত্র পরিচালক ও চিত্রগ্রাহক আলেক্সান্ডার মেলনিককে বাঁচাতে গিয়ে পানিতে ঝাঁপ দেন জিনিচেভ। এ সময় পাথরে আঘাত পেয়ে তাঁর মৃত্যু হয়। মেলনিকও ওই ঘটনায় মারা যান।

তবে ফাঁস হওয়া নথিতে দুজনের মৃত্যুর কারণ আলাদাভাবে উল্লেখ করা হয়েছে। জিনিচেভের মৃত্যু আত্মহত্যা হিসেবে চিহ্নিত হলেও মেলনিকের মৃত্যুর কারণ বলা হয়েছে পানিতে ডুবে যাওয়া। তাঁর মৃত্যু কর্মক্ষেত্র-সংশ্লিষ্ট দুর্ঘটনা হিসেবেও নথিভুক্ত হয়েছে।

ঘটনার পর পুতিন জিনিচেভের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তাঁকে মরণোত্তর রাশিয়ার সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ‘হিরো অব রাশিয়া’ দেওয়া হয়। পুতিন বলেছিলেন, অন্যের জীবন বাঁচাতে গিয়ে এক মুহূর্ত দ্বিধা না করে নিজের জীবন উৎসর্গ করেছেন জিনিচেভ।

জিনিচেভ ২০০৬ থেকে ২০১৫ সাল পর্যন্ত পুতিনের নিরাপত্তা বিভাগে দায়িত্ব পালন করেন। পরে তিনি রাশিয়ার গোয়েন্দা সংস্থা এফএসবির উপপরিচালক হন। ২০১৮ সালে জরুরি পরিস্থিতিবিষয়ক মন্ত্রীর দায়িত্ব পান। মৃত্যুর মাত্র ৯ মাস আগে তাঁকে সেনাবাহিনীর জেনারেল পদে উন্নীত করা হয়েছিল। দ্রুত পদোন্নতির কারণে পুতিনের ঘনিষ্ঠ মহলে তাঁকে সম্ভাব্য উত্তরসূরি হিসেবেও বিবেচনা করা হতো।

জিনিচেভের শেষকৃত্যে ব্যক্তিগতভাবে উপস্থিত ছিলেন পুতিন। কফিনের সামনে তাঁকে কয়েকবার মাথা নত করতে দেখা যায়।

এদিকে ফাঁস হওয়া একই মৃত্যুর তথ্যভান্ডার বিশ্লেষণ করে ইউক্রেন যুদ্ধে নিহত রুশ সেনার সংখ্যা ৭ লাখ ২০ হাজার ছাড়িয়েছে বলেও দাবি করেছে সংশ্লিষ্ট সূত্র। তবে এসব তথ্য এখনো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত