
ভারতীয় বংশোদ্ভূত ধনকুবের লক্ষ্মী মিত্তালের মালিকানাধীন আর্সেলর মিত্তালের মাইনিং ও মেটালার্জিক্যাল কমপ্লেক্সে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নিজ শহর ক্রিভি রিহে অবস্থিত এই কমপ্লেক্সটি দেশটির সবচেয়ে বড় সমন্বিত ইস্পাত উৎপাদন কেন্দ্র। ইউক্রেনের চালানো ব্যাপক ড্রোন হামলার পাল্টা জবাব হিসেবে এই হামলা চালানো হয়। এতে দুইজন নিহত ও ১৪ জন শ্রমিক আহত হয়েছেন। হামলায় কেন্দ্রটির গুরুত্বপূর্ণ জ্বালানি ব্যবস্থা ও ব্লাস্ট-ফার্নেস কার্যক্রম ক্ষতিগ্রস্ত হওয়ায় উৎপাদনের একটি অংশ বন্ধ রাখতে হয়েছে।
ার্তা সংস্থা এপি ও এএফপির খবরে বলা হয়েছে, এর আগে ইউক্রেন রাশিয়ার বিভিন্ন এলাকায় শত শত ড্রোনের ঝাঁক পাঠিয়ে হামলা চালায়। এতে অন্তত ৬ জন নিহত হন। এটি ছিল যুদ্ধ শুরুর পর ইউক্রেনের চালানো সবচেয়ে বড় আকাশ হামলাগুলোর একটি। মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রেই ভোরোবিয়ভ এই হামলাকে ‘সাম্প্রতিক সময়ের সবচেয়ে ব্যাপক ড্রোন হামলাগুলোর একটি’ বলে বর্ণনা করেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাতভর দেশজুড়ে ৮২২টি ড্রোন প্রতিহত করা হয়েছে।
ভোরোবিয়ভ জানান, মস্কো অঞ্চলে ইউক্রেনীয় ড্রোনের আঘাতে একটি ব্যক্তিগত বাড়িতে ৮৩ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি আরও বলেন, ইউক্রেনের আরেকটি হামলায় রাশিয়ার সবচেয়ে বড় অনলাইন খুচরা বিক্রেতা ওয়াইল্ডবেরিজের একটি গুদামে আগুন ধরে যায়। গুদামটি মস্কো অঞ্চলের পোদলস্ক শহরে অবস্থিত। ওয়াইল্ডবেরিজ কোম্পানিটির নিয়ন্ত্রণ রয়েছে দেশটির সবচেয়ে ধনী নারী ও ধনকুবের তাতিয়ানা কিমের হাতে।
মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানান, প্রায় ৬০০টি ড্রোন রুশ রাজধানীর দিকে এগিয়ে আসছিল। এর প্রায় এক-তৃতীয়াংশ মস্কো অঞ্চলের আকাশেই ধ্বংস করা হয়েছে। রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রোস্তভ অঞ্চলের তিনটি শহরেও আরেক দফা ড্রোন হামলা চালানো হয়। স্থানীয় গভর্নর ইউরি স্লিউসার জানিয়েছেন, ওই হামলায় পাঁচজন নিহত হয়েছেন। ১৫০ টির বেশি ড্রোনের এই হামলায় কয়েকটি বাড়ি ও একটি রেলস্টেশন ক্ষতিগ্রস্ত হয় এবং একটি বনাঞ্চলে আগুন ধরে যায়।
চলতি বছর রাশিয়ার ভেতরে হামলা আরও জোরদার করেছে ইউক্রেন। দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র এবং বিপুলসংখ্যক ড্রোন ব্যবহার করে দেশটি রাশিয়ার সামরিক শিল্প ও জ্বালানি স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করছে।
রসদ সরবরাহকারী জায়ান্ট ওয়াইল্ডবেরিজের বিভিন্ন ডিপোতেও ইউক্রেন ক্রমবর্ধমানভাবে হামলা চালাচ্ছে। এসব হামলায় কয়েক বিলিয়ন ডলার মূল্যের পণ্য পুড়ে গেছে। মস্কোর ইউক্রেন আক্রমণের প্রায় সাড়ে চার বছর পর এসব হামলা যুদ্ধের ভয়াবহতাকে রুশ সাধারণ মানুষের ঘরের কাছেও পৌঁছে দিয়েছে।
অন্যদিকে সম্মুখসারিতে লড়াই প্রায় স্থবির হয়ে পড়েছে এবং শান্তি আলোচনা কার্যত হিমঘরে থাকায় দুই দেশই একে অপরের প্রতিরক্ষা রেখার অনেক গভীরে দীর্ঘপাল্লার হামলা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। এর ফলে ২০২২ সালে যুদ্ধের প্রথম কয়েক মাসের পর এখন বেসামরিক মানুষের মৃত্যুর সংখ্যা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
ইউক্রেনে রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্রের ব্যাপক হামলায় রোববার প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নিজ শহর ক্রিভি রিহতে অবস্থিত আর্সেলর মিত্তালের ইস্পাত কারখানায় দুইজন নিহত হন। একই দিন ক্রিভি রিহ শহরের ওপর চালানো আরেকটি হামলায় আরও একজন নিহত হন।
ইউক্রেনের অন্যান্য অঞ্চলও রুশ হামলার শিকার হয়েছে। দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাপোরিঝিয়া অঞ্চলে দুইজন, সীমান্তবর্তী সুমি অঞ্চলে একজন এবং পূর্বাঞ্চলীয় দোনেৎস্কে আরও একজন নিহত হয়েছেন। রুশ হামলায় কিয়েভজুড়ে বেশ কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং ছয়জন আহত হন। শহরের অন্যতম বৃহৎ বইয়ের বাজারেও আগুন ছড়িয়ে পড়ে। পোচাইনা মেট্রো স্টেশনের কাছে ঘন হয়ে থাকা একের পর এক দোকানের কিয়স্কে আগুন ভয়াবহভাবে ছড়িয়ে পড়ে।
রাতভর চালানো হামলা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জেলেনস্কি বলেন, ‘রাশিয়ানরা যেখানে তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পৌঁছাতে পারে, সেখানেই তারা বেসামরিক অবকাঠামোয় হামলা চালায়।’ তিনি জানান, গত এক সপ্তাহে ইউক্রেনের শহরগুলোতে ১ হাজার ৫৫০ টিরও বেশি আক্রমণাত্মক ড্রোন, প্রায় ১ হাজার ৫৬০টি গাইডেড অ্যারিয়াল বোমা এবং ৬২টি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে। এ অবস্থায় মিত্রদের কাছে আরও বেশি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার আহ্বান পুনর্ব্যক্ত করেন তিনি।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তাদের হামলার লক্ষ্য ছিল ক্রিভি রিহের একটি মেটালার্জিক্যাল কারখানা এবং কিয়েভের বেশ কয়েকটি সামরিক-শিল্প স্থাপনা। এর মধ্যে ইউক্রেনের ফ্ল্যামিঙ্গো ক্ষেপণাস্ত্র উৎপাদনের একটি কারখানাও ছিল।
দেশীয়ভাবে তৈরি ফ্ল্যামিঙ্গো ক্ষেপণাস্ত্র ইউক্রেনের দীর্ঘপাল্লার হামলার ক্ষেত্রে ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। গত সপ্তাহে জেলেনস্কি জানিয়েছিলেন, এসব ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইউক্রেন রাশিয়ার সামারা অঞ্চলের একটি রকেট গবেষণা ও উৎপাদন কেন্দ্রে হামলা চালিয়েছে। ওই স্থাপনাটি ইউক্রেনের সীমান্ত থেকে প্রায় ৯০০ কিলোমিটার বা ৫৬০ মাইল দূরে অবস্থিত।
এদিকে রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির আকাশসীমায় প্রবেশ করা একটি ড্রোনকে স্প্যানিশ এয়ার অ্যান্ড স্পেস ফোর্সের একটি এফ-১৮ যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে। রোমানিয়ার আকাশসীমায় ড্রোনটির প্রবেশ নজরদারি ব্যবস্থায় রোববার ভোর ৪টা ৪৪ মিনিটে শনাক্ত হয়। রোমানিয়ার পূর্বাঞ্চলীয় শহর গালাতি থেকে প্রায় ২৪ কিলোমিটার উত্তরে, প্রতিবেশী মলদোভার সীমান্তের কাছাকাছি এলাকায় ঘটনাটি ঘটে।
মলদোভা ইউক্রেন ও রোমানিয়ার মাঝখানে অবস্থিত একটি স্থলবেষ্টিত দেশ। ড্রোন নিয়ে এই ধারাবাহিক ঘটনাগুলো এমন এক সময়ে ঘটছে, যার কয়েক সপ্তাহ আগে রাশিয়া ইউক্রেনের সীমান্তবর্তী এলাকায় হামলা জোরদার করার সময় রোমানিয়ার পাইলটরা তিন দিনের মধ্যে তিনটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছিলেন।
রাশিয়ার পূর্ণমাত্রার ইউক্রেন আক্রমণ শুরুর পর থেকে রোমানিয়া তাদের আকাশসীমায় ড্রোন প্রবেশের কয়েক ডজন ঘটনা জানিয়েছে। এর মধ্যে কিছু ড্রোন দেশটির ভূখণ্ডে বিধ্বস্ত হয়ে বিস্ফোরিতও হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেন্টাগনকে দক্ষিণ কোরিয়ার সঙ্গে অনুষ্ঠেয় ১০ দিনের যৌথ সামরিক মহড়া ‘উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনার’ নির্দেশ দিয়েছেন। মহড়া শুরুর ঠিক আগে দেওয়া এই নির্দেশের পেছনে তিনি মহড়ার ব্যয় এবং ইরানের বিরুদ্ধে অভিযানে অংশ নিতে দক্ষিণ কোরিয়ার অস্বীকৃতিকে কারণ হিসেবে উ
২৭ মিনিট আগে
ভারতের বিহারের লক্ষ্মীসরাই জেলায় একটি মন্দিরের বাইরে পদদলিত হয়ে অন্তত ছয়জন নিহত ও আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। আজ সোমবার (১৭ আগস্ট) সকালে অশোকধাম মন্দিরের বাইরে এ ঘটনা ঘটে।
৪৪ মিনিট আগে
ইসরায়েলের উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির বলেছেন, গাজায় ইসরায়েলি বাহিনীর প্রতি রাতে অন্তত ‘৩০ থেকে ৪০ জনকে হত্যা’ করা উচিত এবং শুধু ‘ওই নির্দিষ্ট মুহূর্তে যারা হুমকি সৃষ্টি করছে’ তাদের মধ্যেই হত্যাকাণ্ড সীমাবদ্ধ রাখা উচিত নয়।
১ ঘণ্টা আগে
ভারতীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে মূলত বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্যকে গুরুত্ব দেওয়া হয়েছে। এর পাশাপাশি কোনো কোনো প্রতিবেদনে আগের আলোচনার সূত্র ধরে সফরের সম্ভাব্য সময়, ব্রিকস সম্মেলনে তারেক রহমানের আমন্ত্রণ এবং দুই দেশের সাম্প্রতিক কূটনৈতিক যোগাযোগের বিষয়ও তুলে ধরা হয়েছে...
১২ ঘণ্টা আগে