পুতিনের সঙ্গে বন্ধুত্ব মানে হিটলারের সঙ্গে বন্ধুত্ব: ট্রাম্পের আচরণ নিয়ে জেলেনস্কি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তোলাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অ্যাডলফ হিটলারের সঙ্গে বন্ধুত্বের সঙ্গে তুলনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি। পুতিনকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বন্ধু হিসেবে উল্লেখ করার সমালোচনা করে তিনি বলেছেন, একজন আগ্রাসী ও হত্যাকারীকে বন্ধু বলা যায় না।
বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কার সঙ্গে বন্ধুত্ব করবেন, সেটি তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে পুতিনকে বন্ধু হিসেবে গ্রহণ করার বিষয়টি তাঁর কাছে অদ্ভুত মনে হয়েছে। তিনি বলেন, তিনি একজন আগ্রাসী এবং হত্যাকারী। তিনি বন্ধু হতে পারেন না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কেউ যদি হিটলারকে ভালো বন্ধু বলত, বিষয়টি ঠিক তেমনই হতো।
চলতি মাসের শুরুতে চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর শেনজেনে পুতিনের সঙ্গে বৈঠকের আগে ট্রাম্প তাঁকে ‘বন্ধু’ বলে অভিহিত করেন। পরে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দুই নেতার আলিঙ্গনের একটি ছবিও প্রকাশ করেন তিনি। এতে ইউক্রেনের পশ্চিমা মিত্রদের মধ্যে উদ্বেগ তৈরি হয়।
২০২৫ সালে হোয়াইট হাউসের ওভাল অফিসে দুই নেতার বিরোধের পর থেকে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের সম্পর্কের অবনতি ঘটেছে। ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়ার ক্ষেত্রে ট্রাম্পের অনীহা, মস্কোর তেল শোধনাগারে হামলা বন্ধে কিয়েভের প্রতি তাঁর আহ্বান এবং রাশিয়ার জ্বালানি কেনার মার্কিন চুক্তি এই দূরত্ব আরও বাড়িয়েছে।
এদিকে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান অব্যাহত রয়েছে। দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে রুশ হামলার সংখ্যা বাড়ছে। এতে বেসামরিক মানুষের প্রাণহানিও বৃদ্ধি পেয়েছে। তবে ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার অগ্রযাত্রা অনেকাংশে থামিয়ে দিয়েছে এবং স্থানীয় পাল্টা অভিযানে কিছু এলাকায় অগ্রগতি অর্জন করেছে।
ট্রাম্পের বিশেষ দূত জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ মস্কো ও কিয়েভের মধ্যে শান্তি আলোচনা এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন। তবে তাঁদের বিরুদ্ধে রাশিয়ার অবস্থানের প্রতি পক্ষপাত দেখানোর অভিযোগ রয়েছে।
জেলনস্কি বলেন, যুক্তরাষ্ট্রের উচিত নিজেদের শক্তি ও আন্তর্জাতিক মর্যাদার পরিচয় দেওয়া এবং রাশিয়ার ওপর চাপ অব্যাহত রাখতে ইউক্রেনের মিত্রদের এগিয়ে আসা। রাশিয়া ইউক্রেনের জ্বালানি অবকাঠামো, যোগাযোগব্যবস্থা ও গুরুত্বপূর্ণ সেবাপ্রতিষ্ঠানে নতুন বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে বলেও সতর্ক করেন তিনি।
এদিকে আগামী মাসে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য জি২০ সম্মেলনে পুতিনকে আমন্ত্রণ জানানোর আগ্রহ প্রকাশ করেছেন ট্রাম্প। গতকাল বৃহস্পতিবার ফ্লোরিডার মার-আ-লাগোতে সাংবাদিকদের তিনি বলেন, পুতিন আসতে চাইলে আসতে পারেন। ব্যক্তিগতভাবে তিনি তাঁকে সম্মেলনে দেখতে চান।
ইউক্রেনে আগ্রাসন শুরুর পর থেকে পুতিন বড় কোনো আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেননি। আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। তবে যুক্তরাষ্ট্র আইসিসির সদস্য নয়। অন্যদিকে ইউরোপীয় মিত্রদের আগ্রহ থাকলেও এই সম্মেলনে জেলেনস্কিকে আমন্ত্রণ জানানো হয়নি।
ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প রাশিয়াকে যুদ্ধের বিস্তার এড়ানোর আহ্বান জানান। তবে ইউক্রেন ও রাশিয়া—উভয় পক্ষকেই যুদ্ধ সম্প্রসারণের মতো পদক্ষেপ থেকে বিরত থাকার কথা বলেন তিনি।









