
রাশিয়ার পক্ষ থেকে ‘পরিণতি ভোগের’ হুমকি দেওয়া হলেও ইউক্রেনকে শতভাগ সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম। যুক্তরাজ্যের নির্মিত ড্রোন ব্যবহার করে ইউক্রেন রাশিয়ার ভূখণ্ডে দূরপাল্লার হামলা জোরদার করার পর মস্কোর পক্ষ থেকে ওই হুমকি আসে।
মঙ্গলবার (১৮ আগস্ট) উলভারহ্যাম্পটন সফরের সময় রাশিয়ার হুমকি সম্পর্কে জানতে চাইলে বার্নহাম জানান, ইউক্রেনের পাশে থাকার ব্রিটিশ নীতিতে কোনো পরিবর্তন আসবে না। তিনি বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নেতৃত্বে চলা ‘অবৈধ যুদ্ধের’ বিরুদ্ধে আত্মরক্ষায় ইউক্রেনকে পূর্ণ সহায়তা দিচ্ছে যুক্তরাজ্য। এই অবস্থান আগের ব্রিটিশ সরকারগুলোরও ছিল এবং তাঁর সরকারও তা অব্যাহত রাখবে।
এর আগে গতকাল সোমবার যুক্তরাজ্যে নিযুক্ত রুশ দূতাবাস অভিযোগ করে, ব্রিটেন ইচ্ছাকৃতভাবে ইউক্রেন সংঘাতকে আরও উসকে দিচ্ছে। এক বিবৃতিতে তারা সতর্ক করে, সংঘাতে যুক্তরাজ্যের সম্পৃক্ততা যত গভীর হবে, দেশটিকে তত বেশি ‘মূল্য’ দিতে হবে। রুশ দূতাবাস ব্রিটেনের বিরুদ্ধে ইউক্রেনকে ব্যবহার করে রাশিয়ার ওপর সর্বোচ্চ ক্ষতি চাপানোর অভিযোগও তোলে।
তবে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনের পাশে থাকার বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট। ইউক্রেনের আত্মরক্ষার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
ইউক্রেন সাম্প্রতিক সময়ে রাশিয়ার গভীরে হামলার মাত্রা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। ব্রিটেন নির্মিত অস্ত্রের মধ্যে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র আগে থেকেই ব্যবহার করে আসছে দেশটি। পাশাপাশি নিজস্ব প্রযুক্তিতে তৈরি দূরপাল্লার ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার তেল শোধনাগার, সামরিক স্থাপনা, বন্দর, গুদাম ও জ্বালানি অবকাঠামো লক্ষ্যবস্তু করছে কিয়েভ।
স্বাধীন সংঘাত পর্যবেক্ষণ সংস্থা অ্যাকলেডের তথ্য অনুযায়ী, রাশিয়ার ভূখণ্ডে জানুয়ারির তুলনায় জুলাইয়ে প্রায় তিন গুণ বেশি দূরপাল্লার হামলা চালিয়েছে ইউক্রেন। দেশটির এই কৌশলের অন্যতম লক্ষ্য রাশিয়ার যুদ্ধ অর্থনীতিতে চাপ সৃষ্টি করা এবং দেশটির সাধারণ মানুষকে যুদ্ধের বাস্তবতা অনুভব করানো।
অন্যদিকে রাশিয়াও পাল্টা হামলা অব্যাহত রেখেছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, এক দিনে ১৯টি রুশ অঞ্চলের পাশাপাশি কৃষ্ণসাগর, আজভ সাগর ও ক্রিমিয়ায় ৫৯৮টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে।
এদিকে আজ ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভ অঞ্চলের পেচেনিহি গ্রামে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ১০ জন নিহত ও আটজন আহত হয়েছেন বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর। হামলায় বহু বেসরকারি ভবন, একটি ক্যাফে, ডাকঘর, দোকান ও কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিশ্লেষকদের মতে, দুই পক্ষের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ক্রমেই অতিরিক্ত চাপের মুখে পড়ছে। ফলে সামনের দিনগুলোতে যুদ্ধক্ষেত্রের বাইরেও হামলা ও বেসামরিক হতাহতের ঝুঁকি আরও বাড়তে পারে।

শিক্ষার মান নিয়ে ফ্রান্সে চলমান বিক্ষোভ তীব্র আকার ধারণ করেছে। আঞ্চলিক সরকারের তথ্য অনুযায়ী, নঁতের নেলসন ম্যান্ডেলা উচ্চবিদ্যালয়ে ২০ লাখ ইউরোর বেশি ক্ষতি হয়েছে। আগুনে স্কুলটির কাচের প্রবেশপথ এবং ভেতরের কয়েকটি অংশ পুড়ে গেছে। গত সপ্তাহে স্কুল অবরোধ ও বিক্ষোভ শুরু হওয়ার পর তা সারা দেশের শত শত স্কুলে ছড়
১ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর নীতিগুলো প্রচারের জন্য বহু মিলিয়ন ডলার ব্যয়ে ১৩টি প্রচারণাধর্মী বিজ্ঞাপন তৈরি করেছে ট্রাম্প প্রশাসন। এ দিকে বিপুল সরকারি অর্থ ব্যয়ে এসব বিজ্ঞাপনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে রিপাবলিকান ও ডেমোক্র্যাট দুই দল থেকেই। তবে হোয়াইট হাউস এসব বিজ্ঞাপনকে...
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে সন্তানের আইনি অভিভাবকত্ব হারানোর কয়েক ঘণ্টার মধ্যে চার বছর বয়সী নিজ মেয়েকে গুলি করে হত্যা করেছেন এক নারী। পরে তিনি নিজেও আত্মঘাতী হন। ঘটনাটি ঘটেছে হিউস্টন শহরের একটি আবাসিক ভবনে।
৩ ঘণ্টা আগে
ইয়েমেনে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে নতুন করে একটি বড় ধরনের সামরিক অভিযান শুরুর প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব। গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নৌপথ বাব আল-মান্দেব প্রণালি এবং লোহিত সাগরের উপকূলীয় অঞ্চলে নিজেদের নিয়ন্ত্রণ পুনর্দখল করতেই রিয়াদ এ পরিকল্পনা এগিয়ে নিচ্ছে।
৪ ঘণ্টা আগে