
রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ভয়াবহ হামলার মধ্যেই ইউক্রেনের কিয়েভ শহরের রাস্তায় অ্যাম্বুলেন্সে করে দ্রুতগতিতে ছুটে যাচ্ছিলেন হৃদ্রোগ বিশেষজ্ঞ ড. বরিস তোদুরভ। তাঁর সঙ্গে ছিল এক অনন্য ও অমূল্য পাথেয়—একটি হৃৎপিণ্ড। তাঁর লক্ষ্য ছিল, সময়ের সঙ্গে পাল্লা দিয়ে একটি শিশুর জীবন বাঁচানো।
সিএনএন জানিয়েছে, ড. তোদুরভের রোগী ছিল এক মরণাপন্ন শিশু, বহুদিন ধরে হৃদ্রোগে ভুগছিল সে। কয়েক দিন আগে তার অবস্থার দ্রুত অবনতি হলে চিকিৎসক বুঝতে পারেন—হৃদ্যন্ত্র প্রতিস্থাপনই একমাত্র উপায়। ঠিক এমন সময় শহরের অপর প্রান্তে এক চার বছর বয়সী মেয়ের মৃত্যু ঘোষণা করা হয়। পরে মেয়েটির পরিবার তার হৃৎপিণ্ড, কিডনি ও লিভার দান করে দেয়।
কিয়েভের ওখমাতদিত শিশু হাসপাতালে দান করা ওই হৃৎপিণ্ড অপসারণ করে এটি নিয়ে তোদুরভ পাড়ি জমান শহরের অন্য প্রান্তে অবস্থিত হার্ট ইনস্টিটিউটের উদ্দেশে। সেখানেই অপেক্ষা করছিল তাঁর রোগী। কিন্তু যাত্রাপথে পুরো ১০ মাইল পথজুড়ে কিয়েভের আকাশে উড়ছিল রুশ ড্রোন, ক্ষেপণাস্ত্রের বিস্ফোরণে কেঁপে উঠছিল শহরটি।
তবু থামেননি তোদুরভ। ডিনিপ্রো নদীর ওপর সেতু পেরোনো ছিল সবচেয়ে ঝুঁকিপূর্ণ অংশ। কারণ, ওই অঞ্চলেই ইউক্রেনীয় প্রতিরক্ষাব্যবস্থা ড্রোন লক্ষ্য করে গুলি ছুড়ে থাকে, যাতে ধ্বংসাবশেষ নদীতে পড়ে।
রাস্তায় আগুন জ্বলছিল, মাথার ওপর দিয়ে উড়ছে ড্রোন—তার মাঝেই ভিডিওতে দেখা যায়, তোদুরভ বলছেন, ‘আমরা একটি হৃদয় বহন করছি।’
অবশেষে তিনি সফলভাবে হাসপাতালে পৌঁছে অপারেশন থিয়েটারে প্রবেশ করেন এবং শুরু হয় প্রতিস্থাপন প্রক্রিয়া। মাত্র কয়েক ঘণ্টা আগে মৃত একটি দেহ থেকে নেওয়া হৃৎপিণ্ডটি তখন নতুন শিশুটির বুকে স্পন্দন তুলছিল। তোদুরভ বলেন, ‘হৃৎপিণ্ডটি কাজ করছে, রক্তচাপ স্থিতিশীল। আমরা আশাবাদী—শিশুটি সুস্থ হয়ে দীর্ঘ ও পরিপূর্ণ জীবন পাবে।’
ইউক্রেনীয় ট্রান্সপ্ল্যান্ট কো-অর্ডিনেশন সেন্টার জানায়, চার বছর বয়সী যে মেয়ে হৃদয় দান করেছিল, তার কিডনি প্রতিস্থাপন করা হয় এক ১৪ বছর বয়সী ছেলের শরীরে এবং লিভার প্রতিস্থাপন করা হয় ১৬ বছরের এক কিশোরীর শরীরে। ওই দুটি অস্ত্রোপচার ওখমাতদিত হাসপাতালেই সম্পন্ন হয়।
নতুন জীবন পাওয়া তিনজনের মধ্যে দুজনই ছিল সংকটাপন্ন অবস্থায়। সময়মতো অঙ্গ প্রতিস্থাপন না হলে তাঁদের বাঁচার সম্ভাবনা ছিল না বললেই চলে।
সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, ‘ছোট্ট দানকারীর আত্মা শান্তিতে থাকুক। তার পরিবারের প্রতি আমাদের সমবেদনা এবং তাদের এই কঠিন ও মহান সিদ্ধান্তের প্রতি গভীর কৃতজ্ঞতা।’

কোন দেশের কাছে কতটি পারমাণবিক অস্ত্র আছে—এটি বড় প্রশ্ন নয়। বর্তমান সময়ে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, সংকট দেখা দিলে প্রথম কে এই অস্ত্রের ট্রিগারে চাপ দেবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা ব্যবহারের পর আর কোনো যুদ্ধে এ অস্ত্র ব্যবহার হয়নি...
২৩ মিনিট আগে
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জাপানের দাবিকৃত ইতুরুপ দ্বীপ সফর করেছেন। রুশ গণমাধ্যম আজ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে। হোক্কাইডো দ্বীপের কাছে কুরিল দ্বীপপুঞ্জের একেবারে শেষ প্রান্তে অবস্থিত এই দ্বীপে পুতিনের সফরের এক দিন আগে রাশিয়া বড় ধরনের নৌ মহড়া চালায় এবং তাদের মিত্র উত্তর কোরিয়া...
৩ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বয়স এখন ৮০ বছর। যুক্তরাষ্ট্রের ইতিহাসে দায়িত্ব পালন করা সবচেয়ে প্রবীণ প্রেসিডেন্ট তিনি। তাঁর চিকিৎসক জানিয়েছেন, ট্রাম্প ‘চমৎকার স্বাস্থ্যের’ অধিকারী। তবে এই বক্তব্যের সত্যতা কতটুকু তা নিয়ে প্রশ্ন উঠেছে অনেকবারই।
৬ ঘণ্টা আগে
লাতিন আমেরিকার দেশ কলম্বিয়ায় সোমবারের শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৬৫ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ৩ হাজার ৪৯৪ জন এবং এখনও ৪৯৬ জন নিখোঁজ রয়েছেন। গতকাল বুধবার প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েয়া এই তথ্য জানিয়েছেন।
৬ ঘণ্টা আগে