Ajker Patrika

নিলামে বিক্রি হলো রুশ রাজপরিবারের নীলকান্তমণির ব্রেসলেট

আজকের পত্রিকা ডেস্ক­
নিলামে বিক্রি হলো রুশ রাজপরিবারের নীলকান্তমণির ব্রেসলেট
গয়না প্রস্তুতকারী প্রতিষ্ঠান কার্তিয়ের নীলকান্তমণিটিকে ব্রেসলেটে স্থাপন করেছে। ছবি: সিএনএন

রাশিয়ার শেষ রাজপরিবার রোমানভদের রাজকীয় রত্নভান্ডারের অংশ ছিল বিশাল এক নীলকান্তমণি। সেই রত্ন বসানো একটি ব্রেসলেট সুইজারল্যান্ডের জেনেভায় নিলামে বিক্রি হয়েছে ৪৯ লাখ ডলারে (প্রায় ৬১ কোটি টাকা)। প্রত্যাশিত দামের চেয়ে প্রায় তিন গুণ বেশি দামে বিক্রি হওয়ায় রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছে ঐতিহাসিক অলংকারটি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সিএনএন জানায়, বুধবার নিলাম প্রতিষ্ঠান সোথেবি’স আয়োজিত নিলামে ব্রেসলেটটি ৪১ লাখ সুইস ফ্রাঁ বা প্রায় ৪৯ লাখ ডলারে বিক্রি হয়। এর প্রাক-নিলাম মূল্য ধরা হয়েছিল ৮ লাখ ৫০ হাজার থেকে ১৭ লাখ সুইস ফ্রাঁ (প্রায় ১০ লাখ ২০ হাজার থেকে ২০ লাখ ৪০ হাজার ডলার)।

ব্রেসলেটটিতে রয়েছে ১৯৭ দশমিক ৮০ ক্যারেটের কুশন আকৃতির রোমানভ নীলকান্তমণি। বিখ্যাত গয়না প্রস্তুতকারী প্রতিষ্ঠান কার্তিয়েরের তৈরি জ্যামিতিক নকশার হীরাখচিত ব্রেসলেটটিতে রত্নটি বসানো হয়েছে।

সোথেবি’সের তথ্য অনুযায়ী, রাশিয়ার জারদের কিংবদন্তিতুল্য সংগ্রহ থেকে এসেছিল এই নীলকান্তমণি। বিশ্বের সবচেয়ে জাঁকজমকপূর্ণ ও মূল্যবান রাজকীয় রত্নভান্ডারগুলোর একটি ছিল রোমানভ পরিবারের সংগ্রহ।

ঠিক কখন রোমানভরা রত্নটি সংগ্রহ করেছিলেন, তা জানা যায়নি। তবে ১৮৮৩ সালে একটি রাজকীয় নৃত্যানুষ্ঠানে সম্রাট দ্বিতীয় নিকোলাসের মা সম্রাজ্ঞী মারিয়া ফিওদোরোভনার পরা পোশাকের সামনের অংশে একই ধরনের দুটি নীলকান্তমণি দেখা যায়।

১৯১৭ সালের রুশ বিপ্লবের সময় দ্বিতীয় নিকোলাস সিংহাসন ছাড়লে রোমানভ শাসনের অবসান ঘটে। পরের বছর বলশেভিকদের হাতে রাজপরিবারের সদস্যরা নিহত হন। বিপ্লবের পর ১৯২০-এর দশকে সোভিয়েত সরকার রাজপরিবারের রত্নভান্ডার বিক্রি করে দেয়।

১৯২৭ সালে গ্যানা ওয়ালস্কা নামের এক সমাজকর্মী ও অভিজাত নারী নীলকান্তমণিটি কিনেছিলেন। পরে এটি একাধিকবার গয়নার নকশা পরিবর্তনের মধ্য দিয়ে যায়। ২০১৫ সালে গয়না প্রস্তুতকারী প্রতিষ্ঠান কার্তিয়ের রত্নটিকে বর্তমান ব্রেসলেটে স্থাপন করে।

রোমানভদের ঐতিহাসিক গয়না নিলামে প্রত্যাশার চেয়ে বেশি দাম পাওয়ার ঘটনা অবশ্য নতুন নয়। ২০২১ সালে রোমানভ পরিবারের একটি নীলকান্তমণি ও হিরার ব্রোচ এবং মানানসই কানের দুল সোথেবি’সের নিলামে ৮ লাখ ৬ হাজার ৫০০ সুইস ফ্রাঁয় বিক্রি হয়েছিল। দামটি ছিল প্রাক-নিলাম অনুমানের সর্বোচ্চ সীমার প্রায় দ্বিগুণ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত