Ajker Patrika

একই সময়ে ৬ সরকারি দপ্তরে চাকরি, দোষী সাব্যস্ত ব্রিটিশ কর্মকর্তা

আজকের পত্রিকা ডেস্ক­
একই সময়ে ৬ সরকারি দপ্তরে চাকরি, দোষী সাব্যস্ত ব্রিটিশ কর্মকর্তা
প্রতীকী ছবি

গোপনে একাধিক সরকারি চাকরি করে ২ লাখ ৮৪ হাজার পাউন্ডের বেশি অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে যুক্তরাজ্যের সরকারি কর্মকর্তা কাশিম চৌধুরী দোষী সাব্যস্ত হয়েছেন। ৫৬ বছর বয়সী এই কর্মকর্তাকে প্রতারণার নয়টি অভিযোগে দোষী সাব্যস্ত করেছেন আদালত।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, পূর্ব লন্ডনের বাসিন্দা কাশিম চৌধুরী ২০২০ থেকে ২০২৩ সালের মধ্যে আটটি পূর্ণকালীন সরকারি চাকরি করেন। এর মধ্যে শুধু ২০২৩ সালেই তিনি ছয়টি সরকারি দপ্তর ও সংস্থায় কর্মরত ছিলেন। এসব চাকরির চুক্তি অনুযায়ী, সপ্তাহে তাঁর ১৮৩ ঘণ্টা কাজ করার কথা ছিল, যা সাত দিনের মোট সময়ের চেয়েও ১৫ ঘণ্টা বেশি।

রাষ্ট্রপক্ষের অভিযোগ, চাকরির আবেদন করার সময় নিজের আগের কর্মসংস্থানের তথ্য গোপন করেছিলেন কাশিম চৌধুরী। নতুন চাকরি পাওয়ার পরও অন্য প্রতিষ্ঠানে কাজ করার বিষয়টি নিয়োগকর্তাদের জানাননি। এভাবে বছরের পর বছর প্রতারণা চালিয়ে যান তিনি।

মায়ের অসুস্থতার কথা বলে বাসা থেকে কাজ

কাশিম চৌধুরী নিয়োগকর্তাদের জানিয়েছিলেন, অসুস্থ মায়ের দেখাশোনার জন্য তাঁকে বাসা থেকে কাজ করতে হবে। এই সুযোগে তিনি একাধিক প্রতিষ্ঠানের চাকরি চালিয়ে যান। তাঁর মা ডিমেনশিয়ায় আক্রান্ত ছিলেন। ২০২৩ সালে তাঁর শরীরে শেষ পর্যায়ের ক্যানসার শনাক্ত হয়।

আদালতে কাশিম চৌধুরী দাবি করেন, আগে চাকরি হারানোর অভিজ্ঞতা থেকে জীবিকা হারানোর আশঙ্কায় তিনি একাধিক চাকরি নিয়েছিলেন। তবে রাষ্ট্রপক্ষের অভিযোগ, অসুস্থতার অজুহাতে একাধিক প্রতিষ্ঠানের কাছ থেকে ছুটি নিয়েও অন্য প্রতিষ্ঠানে কাজ চালিয়ে গেছেন তিনি।

২০২৩ সালের মে মাসে একটি ভিডিও বৈঠকে নিজেকে অসুস্থ দেখানোর জন্য মুখে মেকআপ ব্যবহারের অভিযোগও ওঠে তাঁর বিরুদ্ধে। তাঁর এক ব্যবস্থাপক আদালতে জানান, বৈঠকে বিষয়টি তাঁর কাছে সন্দেহজনক মনে হয়েছিল।

তদন্তে ধরা পড়েন যেভাবে

২০২৩ সালে সরকারের ন্যাশনাল ফ্রড ইনিশিয়েটিভের সতর্কবার্তার পর তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু হয়। ওই বছরের জুলাইয়ে কাশিম চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। পরে সেপ্টেম্বরে তাঁকে সরকারি চাকরি থেকে বরখাস্ত করা হয়। প্রায় সাত ঘণ্টা আলোচনার পর জুরির সদস্যরা সর্বসম্মতিক্রমে তাঁকে প্রতারণার নয়টি অভিযোগে দোষী সাব্যস্ত করেন। বিচারক তাঁর অপরাধকে গুরুতর উল্লেখ করে জামিন আবেদন নাকচ করেন। আদালত জানান, এ অপরাধে তাঁর দীর্ঘমেয়াদি কারাদণ্ড হতে পারে।

ক্রাউন প্রসিকিউশন সার্ভিসের কৌঁসুলি সারাহ মেলো বলেন, কাশিম চৌধুরী ধারাবাহিকভাবে ও পরিকল্পিতভাবে অসততার আশ্রয় নিয়েছেন। ডেফরার এক মুখপাত্র বলেন, সরকারি কর্মকর্তা হিসেবে তাঁর ওপর অর্পিত বিশ্বাসের অপব্যবহার করেছেন কাশিম চৌধুরী। প্রতারণার মাধ্যমে অর্জিত অর্থ ফেরত পেতে সব ধরনের আইনি পদক্ষেপ নেওয়া হবে।

মায়ের সম্পত্তি নিয়েও অভিযোগ

চাকরিতে প্রতারণার মামলার বাইরে মায়ের সম্পত্তি নিয়ে পৃথক আইনি জটিলতায় রয়েছেন কাশিম চৌধুরী। তাঁর দুই ভাই ও এক বোনের অভিযোগ, মায়ের মৃত্যুর কয়েক দিন আগে তিনি চাপ প্রয়োগ করে কয়েকটি নথিতে স্বাক্ষর করিয়েছিলেন। এর মাধ্যমে পূর্ব লন্ডনে প্রায় ২১ লাখ পাউন্ড মূল্যের পারিবারিক বাড়ির অর্ধেক মালিকানা নিজের নামে নেওয়ার চেষ্টা করেন তিনি।

ভাইবোনদের দাবি, তাঁদের মা ফাইজুন নেসা তখন ক্যানসারে গুরুতর অসুস্থ ছিলেন, প্রায় অন্ধ হয়ে গিয়েছিলেন এবং ইংরেজি বলতে পারতেন না। নথিগুলো বাংলায় অনুবাদ করে বুঝিয়ে না দেওয়ায় তিনি কী বিষয়ে স্বাক্ষর করছেন, তা বুঝতে পারেননি। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন কাশিম চৌধুরী। মায়ের সম্পত্তি নিয়ে মামলাটি এখনো আদালতে বিচারাধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত