
স্পেনে আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। পার্লামেন্টে সংখ্যালঘু অবস্থানে থাকা তাঁর সরকারের প্রস্তাব করা আবাসন সহায়তা সংক্রান্ত পদক্ষেপ প্রত্যাখ্যাত হওয়ার পর আগাম সাধারণ নির্বাচনের ঘোষণা দেন তিনি।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, সানচেজ আজ সোমবার জানিয়েছেন, আগামী ২৯ নভেম্বর এই নির্বাচন অনুষ্ঠিত হবে। টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি বলেন, ‘আমাদের জনগণের সমর্থন নতুন করে অর্জন করতে হবে।’
তিনি বলেন, ‘আমাদের আরও বড় একটি প্রগতিশীল সংখ্যাগরিষ্ঠতার জন্য মানুষকে সংগঠিত করতে হবে এবং নির্বাচনে জয়ী হতে হবে। এমন একটি সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন, যা আমাদের প্রভাবশালী স্বার্থগোষ্ঠীগুলোর বাধা অতিক্রম করতে, নতুন সামাজিক অগ্রগতি নিশ্চিত করতে এবং স্পেনকে পরিবর্তনের প্রক্রিয়া অব্যাহত রাখতে সক্ষম করবে।’
সাম্প্রতিক সপ্তাহগুলোতে আবাসনের ক্রমবর্ধমান ব্যয় নিয়ে স্পেনের জনগণ সরকারের কাছে সমাধান দাবি করে আসছেন। দেশজুড়ে এ নিয়ে বিক্ষোভও হয়েছে। গত মাসে মাদ্রিদে ৮৭ বছর বয়সী এক নারীকে বাড়ি থেকে উচ্ছেদের ঘটনা টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত হওয়ার পর জনমনে ক্ষোভ আরও বেড়ে যায়।
সরকার জানিয়েছে, শনিবার রাজধানী মাদ্রিদে আবাসন নিয়ে আয়োজিত বিক্ষোভে ৭০ হাজারের বেশি মানুষ অংশ নিয়েছেন। বহু বছর ধরেই আবাসন স্পেনের জনগণের অন্যতম প্রধান উদ্বেগের বিষয়। কারণ, বর্তমানে আবাসনের যে সরবরাহ রয়েছে, তা চাহিদার তুলনায় কম। আবাসনবিষয়ক ওয়েবসাইট আইদিয়ালিস্তার তথ্য অনুযায়ী, গত এক দশকে দেশটিতে গড় বাড়িভাড়া প্রায় দ্বিগুণ হয়েছে। একই সময়ে বাড়ির চাওয়া দাম প্রায় ৯০ শতাংশ বেড়েছে।
নির্বাচনের ঘোষণা দেওয়ার সময় সানচেজ স্বীকার করেন, তিনি কিছু ভুল করেছেন এবং আগের নির্বাচনী প্রচারণায় দেওয়া কিছু প্রতিশ্রুতি পূরণ করতে পারেননি। সানচেজ বলেন, ‘আমি এটাও জানি যে, সেই সামাজিক সংখ্যাগরিষ্ঠতার একটি অংশ আজ অসন্তুষ্ট।’
তবে এই পরিস্থিতিতে নির্বাচনের মুখোমুখি হওয়া সানচেজের জন্য ঝুঁকিপূর্ণ পদক্ষেপ। জনমত জরিপগুলোতে দেখা যাচ্ছে, রক্ষণশীল পিপলস পার্টির নেতৃত্বে এবং কট্টর ডানপন্থী ভক্স দলের সমর্থনে একটি জোট নির্বাচনের সম্ভাব্য ফল হিসেবে সামনে রয়েছে। যদি তারা জয়ী হয়, তাহলে স্বৈরশাসক ফ্রান্সিসকো ফ্রাঙ্কোর মৃত্যুর পর এই প্রথম কোনো কট্টর ডানপন্থী দল কেন্দ্রীয় সরকারে প্রবেশ করবে।
পিপলস পার্টির নেতা আলবার্তো নুনিয়েস ফেইহো নির্বাচনে তার দলকে ক্ষমতায় আনার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন। টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি বলেন, ‘আমি ভোটারদের কাছে যে প্রশ্নটি রাখছি তা হলো, তারা কি আমরা যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি, তার আরও চার বছর চান, নাকি তারা পরিবর্তনের সুযোগ দিতে চান?’
সানচেজ নির্বাচনে হেরে গেলে এর অর্থ হবে ইউরোপের সর্বশেষ বামঘেঁষা সরকারগুলোর একটি সরকারেরও অবসান। একই সময়ে পুরো ইউরোপজুড়ে কট্টর ডানপন্থী শক্তিগুলো আরও প্রভাবশালী হয়ে উঠছে। প্রগতিশীল বিভিন্ন ধারণার পক্ষে শক্ত অবস্থানের কারণে সানচেজ বিশ্বজুড়েও আলাদা করে নজর কেড়েছেন। এর মধ্যে রয়েছে ফিলিস্তিনি জনগণের অধিকার রক্ষা, বহুপাক্ষিক প্রতিষ্ঠানগুলোর পক্ষে অবস্থান এবং প্রযুক্তি খাতের অতি প্রভাবশালী ধনকুবেরদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া।
প্রধানমন্ত্রী সানচেজ কখনোই এককভাবে সংখ্যাগরিষ্ঠ সরকার গঠনের মতো পর্যাপ্ত ভোট পাননি। তারপরও তিনি ক্ষমতায় টিকে থাকার জন্য একের পর এক ভঙ্গুর এবং আপাতদৃষ্টিতে অসম্ভব জোট গড়ে তুলেছেন। এসব জোটে কট্টর বামপন্থী দল থেকে শুরু করে বিচ্ছিন্নতাবাদী ডানপন্থী দল পর্যন্ত ছিল। এভাবেই তিনি টানা তিন মেয়াদে, মোট আট বছর ক্ষমতায় থাকতে সক্ষম হয়েছেন।

উত্তর ফ্রান্স থেকে ছোট নৌকায় করে যুক্তরাজ্যে পৌঁছানোর চেষ্টা করা প্রায় সব নারীই যাত্রাপথে ধর্ষণের শিকার হয়েছেন বলে দাবি করেছেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ। তাঁর অভিযোগ, মানবপাচারকারী চক্রগুলোই ঠিক করছে কারা ছোট নৌকায় করে যুক্তরাজ্যে প্রবেশ করবে।
১৬ মিনিট আগে
সৌদি আরব-সমর্থিত ইয়েমেনি সরকারি বাহিনী আজ সোমবার বাব এল–মান্দেব প্রণালির গুরুত্বপূর্ণ কয়েকটি অবস্থান দখল করেছে। সামরিক ও সরকারি সূত্রগুলো এ তথ্য জানিয়েছে। গত মাসে ইরান-সমর্থিত হুতিরা যেসব এলাকায় অগ্রসর হয়েছিল, সেসব এলাকা পুনর্দখল করে তাদের গুরুত্বপূর্ণ এই জলপথ থেকে সরিয়ে দিতে সরকারি বাহিনী লড়াই করছে
১ ঘণ্টা আগে
ইসরায়েলের হামলা ও ধ্বংসযজ্ঞে গাজা উপত্যকার প্রায় ৮২ শতাংশ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি সেন্ট্রাল ব্যুরো অব স্ট্যাটিস্টিকস (পিসিবিএস)। সংস্থাটির তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১৬ জুন পর্যন্ত গাজায় প্রায় ২ লাখ ১ হাজার ২৯০টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
২ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানি গত সপ্তাহে ইরান যুদ্ধ শুরুর আগের স্তর পার হয়ে গেছে। তবে ইরানকে বাদ দিয়ে এই হিসাব করা হয়েছে। হরমুজ প্রণালিতে জাহাজে হামলা চললেও এমনটি ঘটেছে বলে জানিয়েছে সামুদ্রিক জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান কেপলার।
৩ ঘণ্টা আগে