Ajker Patrika

মাফিয়াবিরোধী লড়াইয়ের নায়কই ছিলেন সহযোগী, অভিযোগের পর ইতালির সাবেক পুলিশপ্রধানের আত্মহত্যা

আজকের পত্রিকা ডেস্ক­

মাফিয়াবিরোধী লড়াইয়ের নায়কই ছিলেন সহযোগী, অভিযোগের পর ইতালির সাবেক পুলিশপ্রধানের আত্মহত্যা
ইতালির সাবেক পুলিশপ্রধান জিয়ানি দে জেনারো। ছবি: এএফপি

ইতালির শীর্ষস্থানীয় মাফিয়াবিরোধী বিচারক পাওলো বোরসেলিনো হত্যাকাণ্ডের তদন্তে বাধা দেওয়ার অভিযোগে তদন্তের মুখে থাকা দেশটির সাবেক পুলিশপ্রধান জিয়ানি দে জেনারো আত্মহত্যা করেছেন। শনিবার বিষয়টি সম্পর্কে অবগত এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, ৭৮ বছর বয়সী দে জেনারো ২০০০ থেকে ২০০৭ সাল পর্যন্ত ইতালির জাতীয় পুলিশপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। দেশটির অন্যতম প্রভাবশালী নিরাপত্তা কর্মকর্তা হিসেবে পরিচিত দে জেনারো সংগঠিত অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। বিশেষ করে ১৯৮০ ও ১৯৯০-এর দশকে সিসিলির কুখ্যাত কোসা নস্ত্রা মাফিয়াবিরোধী অভিযানে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

এক সপ্তাহেরও কম সময় আগে সিসিলির কালতানিসেত্তার কৌঁসুলিরা তাঁকে গৃহবন্দি রাখার আবেদন করেন। ১৯৯২ সালে পালেরমোতে গাড়িবোমা হামলায় মাফিয়াবিরোধী বিচারক পাওলো বোরসেলিনো এবং তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা পাঁচ পুলিশ সদস্য নিহত হন। ওই হত্যাকাণ্ডের তদন্ত বাধাগ্রস্ত করার কথিত প্রচেষ্টার অভিযোগে চলমান তদন্তের অংশ হিসেবে দে জেনারোর বিরুদ্ধে এ আবেদন করা হয়েছিল।

তবে একজন বিচারক তাঁকে গৃহবন্দি রাখার আবেদন নাকচ করেন। পরে কৌঁসুলিরা ওই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেন। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত আসার কথা ছিল। তদন্তের খবর ইতালিতে ব্যাপক বিস্ময়ের সৃষ্টি করে। দে জেনারো নিজেও এ ঘটনায় হতবাক হয়েছিলেন বলে তাঁর ঘনিষ্ঠ ব্যক্তিরা জানিয়েছেন। তিনি তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছিলেন।

দে জেনারোর আইনজীবী ফ্রানচেস্কো বেরতোরোত্তা ইতালির সংবাদপত্র লা রিপাবলিকাকে বলেন, গত সপ্তাহে তাঁর সঙ্গে কথা বলার সময় দে জেনারোকে গভীরভাবে বিপর্যস্ত মনে হয়েছিল। আইনজীবী বলেন, ‘তিনি গভীরভাবে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। যেসব অভিযোগকে তিনি অন্যায় ও মানহানিকর বলে মনে করতেন, সেগুলোর বিরুদ্ধে নিজেকে নির্দোষ প্রমাণ করতে গিয়ে তাঁকে অত্যন্ত বিপর্যস্ত মনে হচ্ছিল।’

বোরসেলিনো হত্যাকাণ্ডের তদন্ত ঘিরে রহস্য

ইতালীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তাসকানি অঞ্চলে নিজের গ্রামীণ বাড়ি থেকে দে জেনারোর মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের সদস্যরা তাঁর সঙ্গে যোগাযোগ করতে না পেরে উদ্বিগ্ন হয়ে কর্তৃপক্ষকে খবর দেন। তাসকানি অঞ্চলের গ্রোসেত্তো প্রদেশের কৌঁসুলিরা আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে তদন্ত শুরু করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা আনসা। দে জেনারোর গ্রামীণ বাড়িটি এই প্রদেশেই অবস্থিত।

পরে আনসা জানায়, তদন্তকারীরা পরিবারের সদস্যদের উদ্দেশে লেখা কয়েকটি নোট উদ্ধার করেছেন। এগুলোকে বিদায়বার্তা বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া আরও কিছু নথিও পাওয়া গেছে।

বোরসেলিনো হত্যাকাণ্ডের তদন্ত যেভাবে পরিচালিত হয়েছিল, তা ইতালির সাম্প্রতিক ইতিহাসের অন্যতম বিতর্কিত অধ্যায়। ১৯৯২ সালে বোরসেলিনো হত্যার দুই মাসেরও কম সময় আগে মাফিয়াদের বোমা হামলায় নিহত হন মাফিয়াবিরোধী বিচারক জিওভান্নি ফালকোনে। তিনি ছিলেন দে জেনারোর ঘনিষ্ঠ সহযোগী।

ইতালির উপপ্রধানমন্ত্রী আন্তোনিও তাজানি এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ‘একটি স্বাধীন, গণতান্ত্রিক ও সভ্য দেশে বিচারকাজ আদালতকক্ষেই পরিচালিত হয়, আদালতের বাইরে নয়।’

মাফিয়াবিরোধী লড়াই থেকে জাতীয় পর্যায়ে উত্থান

দে জেনারোর দীর্ঘ কর্মজীবন সিসিলির মাফিয়াবিরোধী লড়াই এবং ইতালির পুলিশ ও গোয়েন্দা সংস্থার সর্বোচ্চ পর্যায়ের বিভিন্ন দায়িত্বের সঙ্গে জড়িত ছিল। ‘দ্য শার্ক’ বা ‘হাঙর’ নামে পরিচিত দে জেনারো বিচারক জিওভান্নি ফালকোনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেন। মাফিয়াবিরোধী বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ তদন্তে তিনি ভূমিকা রাখেন। এ ছাড়া ব্রাজিল থেকে মাফিয়ার তথ্যদাতা তোমাসো বুশেত্তিকে ইতালিতে ফিরিয়ে আনার প্রক্রিয়া তদারকিতেও তিনি সহযোগিতা করেন।

পরবর্তী সময়ে তিনি ইতালির অ্যান্টি-মাফিয়া ইনভেস্টিগেটিভ ডিরেক্টরেটের প্রধান হন। এরপর সাত বছর জাতীয় পুলিশপ্রধানের দায়িত্ব পালন করেন। পরে দেশটির গোয়েন্দা সংস্থাগুলোর সমন্বয় বিভাগের নেতৃত্ব দেন।

তবে তাঁর কর্মজীবনে বিতর্কও ছিল। পুলিশপ্রধান থাকাকালে ২০০১ সালে জেনোয়ায় অনুষ্ঠিত জি-৮ সম্মেলনের নিরাপত্তা কার্যক্রমের তদারকি করেন তিনি। ওই সম্মেলনকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিশ্বায়নবিরোধী বিক্ষোভকারীদের সহিংস সংঘর্ষ হয়।

আধুনিক ইতালির পুলিশি কার্যক্রমের ইতিহাসে ওই সম্মেলন এখনো অন্যতম বিতর্কিত ঘটনা হিসেবে বিবেচিত। দে জেনারো বরাবরই তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন। শেষ পর্যন্ত এ-সংক্রান্ত একটি মামলায় তিনি খালাস পান। ২০১৩ সালে তিনি রাষ্ট্রীয় নিয়ন্ত্রণাধীন মহাকাশ ও প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান ফিনমেকানিকার চেয়ারম্যান হন। পরবর্তী সময়ে প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে লিওনার্দো রাখা হয়। ২০২০ সাল পর্যন্ত তিনি এ পদে দায়িত্ব পালন করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত