Ajker Patrika

হত্যাচেষ্টার অভিযোগ, রুশ কূটনীতিককে বহিষ্কার করছে ডেনমার্ক

আজকের পত্রিকা ডেস্ক­
হত্যাচেষ্টার অভিযোগ, রুশ কূটনীতিককে বহিষ্কার করছে ডেনমার্ক
কোপেনহেগেনে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোকে রাসমুসেন। ছবি: সংগৃহীত

ইউক্রেনীয় বংশোদ্ভূত মার্কিন র‍্যাপার কিয়েভস্টোনারকে হত্যাচেষ্টার ঘটনায় রাশিয়ার প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে ডেনমার্ক। আগামী সাত দিনের মধ্যে তাঁকে দেশ ছাড়তে হবে। হত্যাচেষ্টায় রুশ গোয়েন্দা সংস্থার সংশ্লিষ্টতা রয়েছে বলে সন্দেহ করছে ডেনমার্কের কর্তৃপক্ষ।

ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোকে রাসমুসেন এক সংবাদ সম্মেলনে জানান, রুশ রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়েছে। তিনি বলেন, ‘আমরা বিষয়টি স্পষ্ট করে জানিয়ে দিয়েছি—আপনাদের পরিকল্পনা আমরা উদ্ঘাটন করেছি।’

এ বিষয়ে শুক্রবার (২০ নভেম্বর) দ্য গার্ডিয়ান জানায়, গত সেপ্টেম্বরে ডেনমার্কে একটি কনসার্টে পারফর্ম করার কথা ছিল র‍্যাপার কিয়েভস্টোনারের। তাঁর আসল নাম আলবার্ট ভিক্টোরোভিচ ভাসিলিয়েভ। তিনি যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের দ্বৈত নাগরিক। কনসার্টের আগেই তাঁকে হত্যার পরিকল্পনা নস্যাৎ করে দেয় ডেনিশ পুলিশ।

কোপেনহেগেনের উত্তরে কনসার্টস্থলের দিকে যাওয়ার সময় তিন সন্দেহভাজনকে আটক করে পুলিশ। তাঁদের কাছে দুটি গুলিভর্তি পিস্তল ও দুটি ছুরি ছিল। স্থানীয় সময় রাত ৯টা ৫৫ মিনিটে তাঁদের আটক করা হয়, কনসার্ট শুরু হওয়ার মাত্র পাঁচ মিনিট আগে। পরে ওই রাতেই চতুর্থ এক সন্দেহভাজনকেও গ্রেপ্তার করা হয়। তাঁদের একজন কনসার্টের টিকিটও কিনেছিলেন। ঘটনার পর কনসার্টটি বাতিল করা হয়।

ডেনমার্কের জাতীয় নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার প্রধান রাসমুস কিফার-ক্রিস্টেনসেন বলেন, তাঁদের সুস্পষ্ট মূল্যায়ন হচ্ছে, রুশ গোয়েন্দা সংস্থাই হত্যাচেষ্টার পরিকল্পনা করেছিল। অভিযুক্তদের বিরুদ্ধে বিদেশি গোয়েন্দা সংস্থাকে সহায়তা এবং হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে। তবে আদালতে তাঁরা অভিযোগ অস্বীকার করেছেন।

কিফার-ক্রিস্টেনসেন বলেন, ডেনমার্কে এ ধরনের রুশ হত্যাচেষ্টার ঘটনা আগে দেখা যায়নি। এটি রাশিয়ার ক্রমবর্ধমান আগ্রাসী ও ঝুঁকিপূর্ণ আচরণের ইঙ্গিত দেয়।

এদিকে রুশ নাগরিকদের জন্য শেনজেন ভিসা স্থগিতের বিষয়টিও বিবেচনা করছে ডেনমার্ক। ইউরোপীয় পর্যায়ে রুশ নাগরিকদের প্রবেশের নিয়ম আরও কঠোর করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান রাসমুসেন। তিনি বলেন, ইউক্রেনকে সমর্থন অব্যাহত রাখাই হবে রাশিয়ার বিরুদ্ধে ডেনমার্কের অন্যতম প্রধান প্রতিক্রিয়া।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত