
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছর পর দেশটির শাসনব্যবস্থা, নারীর অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা এবং সাধারণ মানুষের জীবন নিয়ে এক বিরল চিত্র তুলে ধরেছে বিবিসি। দুই বছর ধরে তালেবানের প্রভাবশালী নেতা, সাবেক যোদ্ধা ও সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাৎকারের ভিত্তিতে তৈরি এই প্রতিবেদনে উঠে এসেছে ক্ষমতাসীনদের অতীত, বর্তমান নীতি এবং শাসিত মানুষের অসন্তোষের নানা দিক।
উত্তর আফগানিস্তানের এক গভর্নরের কার্যালয়ে ১৮ বছর বয়সী এক তরুণী তাঁর নির্যাতনকারী স্বামীর কাছ থেকে বিচ্ছেদ চেয়ে হাজির হন। মুখ পুরোপুরি আবৃত থাকলেও তিনি দৃঢ়তার সঙ্গে নিজের সিদ্ধান্ত জানান। গভর্নর আবদুল্লাহ সারহাদি তাঁকে সংসার টিকিয়ে রাখার পরামর্শ দেন। পরে নারীদের ‘বুদ্ধিবৃত্তিকভাবে দুর্বল’ বলে মন্তব্য করলে উপস্থিত পুরুষ কর্মকর্তাদের মধ্যে হাসির রোল ওঠে।
তরুণীর অভিযোগ, স্বামী দীর্ঘদিন ধরে তাঁকে মারধর করেছেন। কিন্তু স্বামী বিচ্ছেদের বিনিময়ে বিয়ের সময় দেওয়া অর্থের চার গুণ দাবি করেন। পরিবারের পক্ষ থেকে তা প্রত্যাখ্যান করা হয়। গভর্নর স্ত্রীকে মারধর না করতে স্বামীকে সতর্ক করলেও ওই তরুণী ও তাঁর পরিবার আদালতের মাধ্যমে বিচ্ছেদের সিদ্ধান্তে অটল থাকে। তালেবান শাসনব্যবস্থায় স্বামীর সম্মতি ছাড়া নারীর জন্য বিবাহবিচ্ছেদ পাওয়া অত্যন্ত কঠিন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তালেবানের প্রথম শাসনামলের একজন সামরিক কমান্ডার ছিলেন গভর্নর সারহাদি। একসময় তিনি যুক্তরাষ্ট্রের গুয়ানতানামো কারাগারেও বন্দী ছিলেন। বিবিসির কাছে তিনি স্বীকার করেন, বামিয়ানের ঐতিহাসিক বুদ্ধমূর্তি ধ্বংসে তিনি নিজেও অংশ নিয়েছিলেন। এ নিয়ে তাঁর কোনো অনুশোচনা নেই বলেও জানান।
সারহাদির কাছ থেকেই জানা গেল, কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহারে সাম্প্রতিক নিষেধাজ্ঞার কারণে প্রশাসনিক কাজের গতি কমে গেছে। আগে দ্রুত বার্তা পাঠানো, নথি আদান-প্রদান এবং তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল। তবে এই নিষেধাজ্ঞা নিয়ে বিস্তারিত কথা বলতে রাজি হননি তিনি। এই বিষয়ে বেশি কিছু বললে ‘সমস্যা হতে পারে’ বলেও মন্তব্য করেন।
রাজধানী কাবুলে বিবিসির সঙ্গে কথা বলেন আরেক তালেবান কর্মকর্তা হাবিবুল্লাহ বদর। দাবি করেন, অতীতে কাবুলে আত্মঘাতী হামলাকারীদের কার্যক্রম পরিচালনার দায়িত্বে ছিলেন তিনি। তবে বেসামরিক মানুষের মৃত্যুর বিষয়ে প্রশ্ন করা হলে তিনি নির্দিষ্ট হামলার প্রসঙ্গ এড়িয়ে যান।
তালেবানবিরোধী মত প্রকাশের ক্ষেত্রেও কঠোরতার চিত্র উঠে এসেছে প্রতিবেদনে। এক অনুষ্ঠানে মেয়েদের জন্য স্কুল ও শিক্ষা উন্মুক্ত করার দাবি জানান দাতব্য সংস্থার এক কর্মকর্তা। বক্তব্যের মাঝেই তার মাইক্রোফোন সরিয়ে নেওয়া হয়। পরে তিনি বলেন, ইসলাম নারী-পুরুষ উভয়ের জন্য জ্ঞান অর্জনকে বাধ্যতামূলক করেছে।
তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বিবিসিকে বলেন, নারীর অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা ‘শরিয়তের কাঠামোর মধ্যেই’ নিশ্চিত করা হবে। তবে সরকারি অফিসে নারীদের কাজ করার অনুমতি দিলে ‘অনৈতিকতা’ সৃষ্টি হতে পারে বলেও মন্তব্য করেন তিনি। নারীদের শিক্ষার বিষয়ে এখনো ‘শরিয়াভিত্তিক সমাধান’ খোঁজা হচ্ছে বলে জানান তিনি।
২০২১ সালে ক্ষমতায় ফেরার পর তালেবান মেয়েদের মাধ্যমিক ও উচ্চশিক্ষা থেকে বঞ্চিত করেছে, অধিকাংশ কর্মক্ষেত্র থেকে নারীদের সরিয়ে দিয়েছে এবং তাদের চলাচলের ওপর নানা বিধিনিষেধ আরোপ করেছে। কান্দাহারে পুরুষদের দাড়ি রাখা বাধ্যতামূলক করা হয়েছে; রেডিওতে গান ও নারীকণ্ঠ সম্প্রচারেও নিষেধাজ্ঞা রয়েছে।
অন্যদিকে, দারিদ্র্য, বেকারত্ব ও অর্থনৈতিক সংকটও আফগানিস্তানের বড় বাস্তবতা। জাতিসংঘের হিসাবে, দেশটির প্রতি চারজনের তিনজন মৌলিক চাহিদা পূরণ করতে পারেন না।
তবে অনেক আফগান নাগরিক মনে করেন, দেশের সবচেয়ে বড় সংকটই তালেবান শাসন। এক নারী অধিকারকর্মী বিবিসিকে বলেন, শিক্ষিত নারীদের ভয় পায় তালেবান। কারণ শিক্ষিত নারীই ভবিষ্যৎ প্রজন্মকে সচেতন করে তুলতে পারেন। তাঁর মতে, তালেবান হয়তো আরও বিধিনিষেধ আরোপ করবে, কিন্তু এই পরিস্থিতি চিরকাল থাকবে না।

ভারতের রাজস্থানের যোধপুরে অনুষ্ঠিত হলো বহুজাতিক বিমান মহড়া ‘তরঙ্গ শক্তি ২০২৬ ’। এই মহড়ার সমাপনী অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের তৈরি পঞ্চম প্রজন্মের স্টিলথ যুদ্ধবিমান এফ-৩৫ নিয়ে খোঁচা দিয়েছেন ভারতীয় বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল এ পি সিং।
৭ মিনিট আগে
ভোটার তালিকা সংশোধনে (এসআইআর) অনিয়মের অভিযোগে দিল্লির যন্তর মন্তরে পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে আটক হওয়া ব্যঙ্গাত্মক রাজনৈতিক সংগঠন ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) তিন শীর্ষ নেতাকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে
ডিজেল নিয়ে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি পুতিনকে উপহার দেওয়ার শামিল অভিহিত করে সমালোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি মনে করেন, লাখ লাখ টন ডিজেল সরবরাহের নতুন চুক্তির ফলে রাশিয়া যে অর্থ পাবে, তা যুদ্ধ চালিয়ে যেতে ব্যবহার করবে।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে একটি বাড়িতে গুলি চালিয়ে আটজনকে হত্যা করেছেন এক ব্যক্তি। নিহত ব্যক্তিদের মধ্যে দুই শিশু ও আট মাসের অন্তঃসত্ত্বা এক নারী রয়েছেন। পরে ওই ব্যক্তি নিজেও আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
২ ঘণ্টা আগে