
হংকংয়ের মডেল ও সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাবশালী ব্যক্তিত্ব অ্যাবি চোইকে হত্যার পর তাঁর মরদেহ টুকরো টুকরো করে একটি পাত্রে গাজর ও অন্যান্য সবজির সঙ্গে রান্না করা হয়েছিল বলে আদালতে দাবি করেছেন কৌঁসুলিরা। বহুল আলোচিত এই হত্যা মামলার বিচার গত বুধবার (৩০ সেপ্টেম্বর) হংকংয়ের হাইকোর্টে শুরু হয়েছে।
শুক্রবার (২ সেপ্টেম্বর) যুক্তরাজ্যভিত্তিক ইনডিপেনডেন্ট জানায়, ২৮ বছর বয়সী অ্যাবি চোই ২০২৩ সালের ২১ ফেব্রুয়ারি নিখোঁজ হন। তিন দিন পর হংকংয়ের তাই পো এলাকার একটি ভাড়া বাসা থেকে তাঁর দেহের খণ্ডাংশ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, বাসাটিকে অস্থায়ী কসাইখানায় পরিণত করা হয়েছিল। সেখানে মাংস কাটার যন্ত্র, বৈদ্যুতিক করাত ও পোশাকসহ বিভিন্ন আলামত পাওয়া যায়।
মামলায় অ্যাবির সাবেক শ্বশুর কোং কাউ, সাবেক স্বামী অ্যালেক্স কোং এবং সাবেক ভাশুর অ্যান্থনি কোংকে আসামি করা হয়েছে। বুধবার তিনজনই হত্যার অভিযোগ অস্বীকার করে নিজেদের নির্দোষ দাবি করেন।
বিচার শুরুর দিন কৌঁসুলি শার্লট ড্রেকট স্ক বলেন, অ্যাবির মালিকানাধীন একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট বিক্রির সিদ্ধান্তকে কেন্দ্র করে তাঁর সাবেক শ্বশুরের মধ্যে প্রবল ক্ষোভ তৈরি হয়েছিল। কৌঁসুলির ভাষ্য, সেই ক্ষোভই শেষ পর্যন্ত অ্যাবিকে হত্যার পরিকল্পনার দিকে নিয়ে যায়।
হো ম্যান টিন এলাকার কাদুরিয়া আবাসিক প্রকল্পের ওই ফ্ল্যাটটির মূল্য ছিল প্রায় ৭ কোটি ২০ লাখ হংকং ডলার। ২০১৯ সালে অ্যাবি এটি ৬ কোটি হংকং ডলারে কিনেছিলেন। তাঁর দুই সন্তান যাতে তাদের দাদা-দাদির কাছে থেকে সহজে দেখাশোনা ও আদর-যত্ন পায়, সে জন্য অ্যাবি ফ্ল্যাটটি সাবেক শ্বশুরের নামে নিবন্ধন করেছিলেন বলে আদালতে জানানো হয়।
কৌঁসুলিরা আরও জানান, একাধিক সম্পত্তির মালিকদের ওপর উচ্চ স্ট্যাম্প ডিউটি এড়াতেই অ্যাবি ফ্ল্যাটটি সাবেক শ্বশুরের নামে করেছিলেন। পরে তিনি ফ্ল্যাটটি বিক্রি করতে চাইলে কোং কাউ ক্ষুব্ধ হন। একপর্যায়ে অ্যাবি তাঁকে ফ্ল্যাট থেকে বের করে দেন। এরপর তিনি বড় ছেলের সঙ্গে একটি এক কক্ষের বাসায় থাকতে বাধ্য হন।
আদালতে অ্যাবির মায়ের কাছে পাঠানো ব্যক্তিগত অডিও বার্তাও শোনানো হয়। সেখানে অ্যাবি তাঁর সাবেক শ্বশুরবাড়ির সদস্যদের আচরণ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন এবং তাঁদের জন্য নিজের আর্থিক সহায়তার কথা উল্লেখ করেন।
কৌঁসুলিরা অভিযোগ করেন, ২০২৩ সালে কোং কাউ ফ্ল্যাটটি নিজের দখলে রাখার উদ্দেশ্যে অ্যাবিকে হত্যার পরিকল্পনা করেন এবং দুই ছেলেকে এতে যুক্ত করেন। তাঁদের প্রত্যেকেরই পরিকল্পনায় আলাদা ভূমিকা ছিল বলে দাবি করা হয়েছে।
মামলার সবচেয়ে ভয়াবহ তথ্যগুলোর একটি হলো, অ্যাবির মাথার খুলি একটি বড় পাত্রে গাজর ও অন্যান্য সবজির সঙ্গে পাওয়া যায় বলে আদালতকে জানানো হয়েছে। তাঁর দুই পা ওই বাসার একটি ফ্রিজের ভেতর থেকে উদ্ধার করা হয়েছিল।
পুলিশের পক্ষ থেকে আগে বলা হয়েছিল, অ্যাবির মরদেহের কিছু অংশ সম্ভবত অন্যত্র সরিয়ে ফেলা হয়েছিল। হত্যার আলামত গোপন করতে সন্দেহভাজনরা বাসার দেয়াল ত্রিপল দিয়ে ঢেকে এবং রক্তের দাগ এড়াতে মুখঢাকা সরঞ্জাম ও রেইনকোট ব্যবহার করেছিল বলেও পুলিশ জানিয়েছিল।
অ্যাবি চোই ধনী পরিবারের সন্তান ছিলেন। ১৮ বছর বয়সে অ্যালেক্স কোংকে বিয়ে করেন এবং তাঁদের দুই সন্তান রয়েছে। পরে তাঁদের বিবাহবিচ্ছেদ হলেও অ্যাবি সাবেক স্বামী ও তাঁর পরিবারের সদস্যদের আর্থিকভাবে সহায়তা করতেন বলে কৌঁসুলিরা জানিয়েছেন। দ্বিতীয় সঙ্গীর সঙ্গেও অ্যাবির আরও দুই সন্তান ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি নিয়মিত ফ্যাশন শো ও নিজের বিলাসবহুল জীবনযাপনের ছবি প্রকাশ করতেন। মৃত্যুর কয়েক দিন আগেও প্যারিস ফ্যাশন উইকে ক্রিশ্চিয়ান ডিওরের একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার ছবি প্রকাশ করেছিলেন তিনি।
আন্তর্জাতিকভাবে আলোচিত এই মামলার বিচার প্রায় আট সপ্তাহ চলতে পারে।

মাত্র ১৬ বছর বয়সী এক কিশোরকে আন্তর্জাতিক র্যানসমওয়্যার চক্র ‘কিলসেক’-এর (KillSec) মূল পরিচালনাকারী হিসেবে সন্দেহ করছে ইউরোপীয় আইনশৃঙ্খলা বাহিনী। ইউরোপীয় ইউনিয়নের আইন প্রয়োগকারী সংস্থা ইউরোপোল জানিয়েছে, সমন্বিত অভিযানে চক্রটির গুরুত্বপূর্ণ অবকাঠামো গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ভার্মন্ট অঙ্গরাজ্যে বসতবাড়িতে বসানো ব্যাটারিগুলোকে এক সুতায় গেঁথে তৈরি করা হয়েছে এমন এক বিদ্যুৎব্যবস্থা, যা এখন রাজ্যটির সবচেয়ে বড় বিদ্যুৎ উৎসে পরিণত হয়েছে। বিদ্যুৎ-বিভ্রাটের সময় বাড়িগুলোকে ব্যাকআপ সরবরাহের পাশাপাশি এসব ব্যাটারি একসঙ্গে যুক্ত হয়ে ‘ভার্চুয়াল পাওয়ার প্ল্যান্ট’
৬ ঘণ্টা আগে
ফ্লাইদুবাইয়ের একটি উড়োজাহাজকে দুর্ঘটনার হাত থেকে রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার বলেছেন, হামলার সময় তিনি নিজের জীবন বাঁচানোর জন্য লড়াই করেছেন। পাশাপাশি যাত্রীদের জীবন রক্ষার দায়িত্বটুকুও তিনি অনুধাবন করেছিলেন।
৬ ঘণ্টা আগে
শিক্ষার মান বৃদ্ধি, শ্রেণিকক্ষে অতিরিক্ত শিক্ষার্থীর চাপ কমানো এবং শিক্ষক-সংকট দূরীকরণের দাবিতে ফ্রান্সে শিক্ষার্থীদের দেশব্যাপী আন্দোলন তীব্র আকার ধারণ করেছে। বিক্ষোভ, সড়ক অবরোধ ও সহিংসতার ঘটনায় দেশটির ৫ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে সরাসরি পাঠদান ব্যাহত হয়েছে এবং অন্তত চার শতাধিক স্কুল বন্ধ ঘোষণা...
৭ ঘণ্টা আগে