Ajker Patrika

ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় এআই ব্যবহার করে জালিয়াতি, শিক্ষামন্ত্রীর পদত্যাগ

আজকের পত্রিকা ডেস্ক­
ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় এআই ব্যবহার করে জালিয়াতি, শিক্ষামন্ত্রীর পদত্যাগ
নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চেয়েছেন এই পরীক্ষার্থী। ছবি: সংগৃহীত

দক্ষিণ কোরিয়ায় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে জালিয়াতির আশঙ্কা ও তা ঠেকাতে সরকারের প্রস্তুতির ঘাটতি নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পদত্যাগ করেছেন দেশটির শিক্ষামন্ত্রী চোই কিয়ো-জিন। আজ রোববার তিনি পদত্যাগ করেন। প্রেসিডেন্ট লি জে মিউং তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছেন বলে জানিয়েছে প্রেসিডেন্টের কার্যালয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, দেশটির গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ‘সুনেউং’ অনুষ্ঠিত হওয়ার মাত্র চার দিন আগে জাতীয় পর্যায়ের কর হিসাবরক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতির ঘটনা সামনে আসে। গত রোববার ওই পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়া এক পরীক্ষার্থী স্বীকার করেন, একটি ক্ষুদ্রাকৃতির ক্যামেরা ও স্মার্টফোন ব্যবহার করে তিনি প্রায় পূর্ণ নম্বর পেয়েছেন। এ ঘটনার পর থেকেই দক্ষিণ কোরিয়াজুড়ে এআই ব্যবহার করে পরীক্ষায় জালিয়াতির আশঙ্কা ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি মোকাবিলায় গত সপ্তাহে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় জালিয়াতি ঠেকাতে বেশ কিছু প্রতিরোধমূলক ব্যবস্থা নেয় সরকার। এর মধ্যে পরীক্ষাকেন্দ্রগুলোতে জনসাধারণের জন্য উন্মুক্ত ওয়াই-ফাই সংযোগ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তও ছিল। তবে এসব পদক্ষেপের মাধ্যমে জনগণকে আশ্বস্ত করতে ব্যর্থ হন শিক্ষামন্ত্রী চোই কিয়ো-জিন। সরকারের প্রতিক্রিয়াকে বিলম্বিত বলে সমালোচনা করে শিক্ষক সংগঠনগুলো।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে চোই লেখেন, ‘কোনো বড় ধরনের ঘটনা ছাড়াই পরীক্ষা শেষ হয়েছে। তবে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে আগে থেকে যথাযথ প্রস্তুতি নিতে আমরা ব্যর্থ হয়েছি, এমন জনসমালোচনা থেকে নিজেকে মুক্ত মনে করি না।’ তিনি আরও লেখেন, ‘এখন পরীক্ষা শেষ হয়েছে। আমি এর সম্পূর্ণ দায়ভার গ্রহণ করছি এবং পদত্যাগের সিদ্ধান্ত জানাচ্ছি।’

এর আগে সোমবার পার্লামেন্টারি শুনানিতে শিক্ষামন্ত্রীকে প্রশ্ন করা হয়েছিল, পরীক্ষার দিন যারা জালিয়াতির চেষ্টা করবে, কর্তৃপক্ষ তাদের শনাক্ত করতে পারবে বলে তিনি আত্মবিশ্বাসী কি না। জবাবে ৭২ বছর বয়সী চোই বলেন, ‘আমার বয়সের কারণে আমি এ বিষয়ে আত্মবিশ্বাসী নই।’ তাঁর এই মন্তব্যের পর ব্যাপক সমালোচনা শুরু হয়।

বৃহস্পতিবার অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার আগের দিনগুলোতে আয়োজিত সংবাদ সম্মেলনগুলোতেও শিক্ষামন্ত্রী উপস্থিত ছিলেন না। তাঁর পরিবর্তে একজন উপশিক্ষামন্ত্রী পরীক্ষায় জালিয়াতি ঠেকাতে নেওয়া পদক্ষেপগুলো ঘোষণা করেন।

দক্ষিণ কোরিয়ায় প্রতিবছর আট ঘণ্টাব্যাপী ‘সুনেউং’ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই পরীক্ষার ফলের ওপর নির্ভর করে একজন শিক্ষার্থী কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবেন। একই সঙ্গে তা তাঁদের ভবিষ্যৎ কর্মজীবন ও সম্ভাবনার ওপরও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে।

পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দক্ষিণ কোরিয়ায় নেওয়া হয় নজিরবিহীন নিরাপত্তাব্যবস্থা। ইংরেজি ভাষার শ্রবণ অংশের ২৫ মিনিট চলাকালে শব্দদূষণ এড়াতে উড়োজাহাজের উড্ডয়ন ও অবতরণের সময়সূচি পরিবর্তন করা হয়। এ সময় কামানের গোলাবর্ষণ ও ট্যাংকের চলাচলও বন্ধ রাখা হয়। পাশাপাশি শেয়ারবাজার নির্ধারিত সময়ের এক ঘণ্টা পরে খোলা হয় এবং প্রতিটি পরীক্ষাকেন্দ্রের ২০০ মিটারের মধ্যে গাড়ি চলাচল বন্ধ রাখা হয়।

চলতি মাসের শুরুতে জালিয়াতির ঘটনা সামনে আসার পর সরকার পরীক্ষাকেন্দ্রে স্মার্ট ডিভাইস ব্যবহারের ওপর আরও কঠোর বিধিনিষেধ আরোপ করে। পরীক্ষার্থীদের সব স্মার্ট ডিভাইস বন্ধ করে জমা দিতে নির্দেশ দেওয়া হয়। পরীক্ষাকেন্দ্রের করিডরে রাখা ব্যাগগুলোও তল্লাশি করার সিদ্ধান্ত নেওয়া হয়, যাতে সেগুলোর ভেতরে চালু অবস্থায় কোনো ইলেকট্রনিক ডিভাইস লুকিয়ে রাখা না হয়।

এ ছাড়া পরীক্ষার দায়িত্বে থাকা কর্মকর্তাদের সব পরীক্ষার্থীর চশমা ও হাতঘড়ি পরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়। গোপন ক্যামেরা লুকিয়ে রাখা হয়েছে কি না, তা নিশ্চিত করতে তাঁদের জামার কলার, হাতার অংশ ও বোতামও তল্লাশি করার ব্যবস্থা করা হয়।

জালিয়াতি শনাক্ত করতে সরকার দেশের প্রতিটি মোবাইল ফোনে জরুরি সতর্কবার্তা পাঠানোর ব্যবস্থাও করে। এসব সতর্কবার্তা ফোনে সর্বোচ্চ শব্দে বেজে ওঠে এবং তা বন্ধ করার কোনো সুযোগ ছিল না। যেসব পরীক্ষার্থী নিজেদের ডিভাইস জমা না দিয়ে লুকিয়ে রেখেছেন, তাঁদের শনাক্ত করাই ছিল এই উদ্যোগের উদ্দেশ্য। কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস-সংক্রান্ত অনিয়মের ১১১টি ঘটনা শনাক্ত করা হয়েছে। এর প্রায় অর্ধেকই জরুরি সতর্কবার্তার মাধ্যমে ধরা পড়ে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত