
হরমুজ প্রণালি দিয়ে ভারতীয় পতাকাবাহী বা ভারতমুখী জাহাজগুলোর নিরাপদ যাতায়াতের বিনিময়ে গত ফেব্রুয়ারি মাসে ভারতের হাতে আটক হওয়া তিনটি ট্যাংকার মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে ইরান। বার্তা রয়টার্সের এক প্রতিবেদন এই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। সংশ্লিষ্ট বিষয়ে অবগত তিনটি সূত্র এই দর–কষাকষির বিষয়টি নিশ্চিত করেছে।
একটি ইরানি সূত্রের দাবি অনুযায়ী, তেহরান কেবল আটক ট্যাংকারই নয়, নির্দিষ্ট কিছু ওষুধ এবং চিকিৎসা সরঞ্জাম সরবরাহেরও দাবি জানিয়েছে। এই বিষয়ে আলোচনার জন্য আজ নয়াদিল্লিতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন বলেও জানা গেছে।
উল্লেখ্য, এর আগে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে দাবি করেছিল, আটক জাহাজগুলোর সঙ্গে তাদের ন্যাশনাল ইরানিয়ান অয়েল কোম্পানির কোনো সম্পর্ক নেই।
রয়টার্সের প্রতিবেদন থেকে জানা যায়, গত ১৫ ফেব্রুয়ারি ভারতীয় জলসীমার কাছ থেকে অ্যাসফল্ট স্টার, আল জাফজিয়া এবং স্টেলার রুবি নামে তিনটি ইরান-সংশ্লিষ্ট ট্যাংকার আটক করে ভারতীয় কোস্ট গার্ড। অভিযোগের একটি কপি রয়টার্সের হাতে এসেছে। তাতে বলা হয়েছে, এই জাহাজগুলো নিজেদের পরিচয় গোপন বা পরিবর্তন করে সমুদ্রে অবৈধভাবে এক জাহাজ থেকে অন্য জাহাজে (শিপ-টু-শিপ) জ্বালানি ও বিটুমিন স্থানান্তর করছিল। বর্তমানে জাহাজ তিনটি মুম্বাই উপকূলের কাছে নোঙর করে রাখা হয়েছে।
তবে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় থাকা ভারতীয় ব্যবসায়ী জুগবিন্দর সিং ব্রার রয়টার্সকে জানান, তিনি জাহাজ তিনটির উপদেষ্টা। তাঁর দাবি, জাহাজগুলো বিটুমিন পরিবহন করছিল এবং তারা কোনো অবৈধ কাজ করেনি। গত ৪০ দিন ধরে জাহাজগুলো আটকে থাকায় তিনি ব্যাপক লোকসানের সম্মুখীন হচ্ছেন বলেও জানান।
ইরান যুদ্ধে ভারতের অন্তত ৩ জন নাবিক নিহত ও একজন নিখোঁজ হওয়ার পর থেকে হরমুজ প্রণালিতে দেশটির জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে আছে। ভারতের জন্য এটি বড় উদ্বেগের কারণ, কারণ দেশটির মোট এলপিজি (রান্নার গ্যাস) আমদানির প্রায় ৯০ শতাংশ আসে এই অঞ্চল থেকে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এখনো ২২টি ভারতীয় পতাকাবাহী জাহাজ এবং ৬১১ জন ভারতীয় নাবিক পারস্য উপসাগরীয় এলাকায় আটকা পড়ে আছেন। এর মধ্যে ৬টি জাহাজ এলপিজি বোঝাই।
দর–কষাকষির বিষয়ে প্রশ্ন করা হলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল আজ সোমবার এক সংবাদ সম্মেলনে বলেন, চলমান উত্তেজনার মধ্যেও হরমুজ প্রণালি হয়ে জাহাজ চলাচল দুই দেশের ‘দীর্ঘদিনের সম্পর্কের’ প্রতিফলন। তবে কোনো কিছুর বিনিময়ে এই সুবিধা নেওয়া হচ্ছে—এমন দাবি তিনি অস্বীকার করেন।
উল্লেখ্য, গত ১৪ মার্চ শিপিং করপোরেশন অব ইন্ডিয়ার (এসসিআই) দুটি বড় এলপিজি ট্যাংকার সফলভাবে হরমুজ প্রণালি অতিক্রম করে। এর মধ্যে শিভালিক নামের ভারতীয় পতাকাবাহী একটি জাহাজ ইতিমধ্যে গুজরাটের মুন্দ্রা বন্দরে এসে পৌঁছেছে।

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করেছে। ইসরায়েল জানিয়েছে, তারা লেবাননের দক্ষিণাঞ্চলে ‘সীমিত ও লক্ষ্যভিত্তিক’ স্থল অভিযান শুরু করেছে। ইসরায়েলের দাবি, এই অভিযান মূলত ইরান-সমর্থিত সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর গুরুত্বপূর্ণ ঘাঁটি লক্ষ্য করে পরিচালিত হচ্ছে।
১ ঘণ্টা আগে
চলমান এই বিতর্কের মাঝে নিজের বেঁচে থাকার প্রমাণ দিতে গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি ভিডিও শেয়ার করেছিলেন নেতানিয়াহু। কিন্তু ওই ভিডিও প্রকাশের পর আবার নতুন করে আলোচনা শুরু হয়েছে যে, এই ভিডিও এআই দিয়ে তৈরি।
১ ঘণ্টা আগে
বিখ্যাত ব্রিটিশ-ভারতীয় ঔপন্যাসিক সালমান রুশদি বলেছেন, তিনি চান মানুষ তাঁকে মূলত তাঁর বইয়ের জন্য মনে রাখুক—শুধু মতপ্রকাশের স্বাধীনতার প্রতীক হিসেবে নয়। মজা করে তিনি বলেন—মতপ্রকাশের প্রতীক হিসেবে তাঁকে দেখাটা তাঁর কাছে কিছুটা হতাশাজনক।
১ ঘণ্টা আগে
ইরান ও মার্কিন-ইসরায়েল যুদ্ধের জেরে অবরুদ্ধ হরমুজ প্রণালি সচল করতে যুক্তরাষ্ট্রের সামরিক জোটে যোগ দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা। আজ সোমবার ব্রাসেলসে ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের এক বিশেষ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
২ ঘণ্টা আগে