Ajker Patrika

উপসাগরীয় অঞ্চল থেকে ১ লিটার তেলও বের হতে দেব না—ইরানের হুঁশিয়ারি

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ১০ মার্চ ২০২৬, ১৮: ০৭
উপসাগরীয় অঞ্চল থেকে ১ লিটার তেলও বের হতে দেব না—ইরানের হুঁশিয়ারি

ইরান ঘোষণা দিয়েছে, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চলাকালে উপসাগরীয় অঞ্চল থেকে এক ফোঁটা তেলও রপ্তানি হতে দেবে না তারা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন দাবি করছিলেন, যুদ্ধ প্রায় শেষের পথে, তখনই তেহরানের এই হুঁশিয়ারি ছিল তাঁর বক্তব্যের সরাসরি জবাব। আজ মঙ্গলবার ইরান এই ঘোষণা দিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

ট্রাম্প বলেছিলেন, যুদ্ধ ‘খুব শিগগির শেষ হবে’। তাঁর এই মন্তব্যের পর আগের দিনের তেলের দাম বাড়ার ধাক্কা কিছুটা কমে আসে। এর আগে ইরানের হামলায় কৌশলগত হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ায় বিশ্ববাজারে তেলের দাম হঠাৎ বেড়ে গিয়েছিল। ওই হামলা ছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানের প্রতিক্রিয়া, যেখানে ইরানের সর্বোচ্চ নেতা নিহত হন।

তেলের দাম বাড়ার পেছনে আরও কারণ ছিল। ইরানের একটি তেলের ডিপোতে হামলা চালায় ইসরায়েল। একই সময়ে সৌদি আরব ও বাহরাইনের তেল অবকাঠামোতেও আঘাত হানা হয়। ট্রাম্পের আশাবাদী মন্তব্যের পর ইউরোপে গ্যাসের দাম বাজার খোলার সময় প্রায় ১৫ শতাংশ কমে যায়। এশিয়ার শেয়ারবাজারও গতকাল সোমবারের বড় পতন কাটিয়ে কিছুটা ঘুরে দাঁড়ায়। তবু উদ্বেগ কমেনি। মিসর জ্বালানির দাম সর্বোচ্চ ৩০ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে। পাকিস্তান ঘোষণা দিয়েছে, বাণিজ্যিক জাহাজ চলাচলে তারা নৌবাহিনীর নিরাপত্তা দেবে।

এদিকে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী—আইআরজিসি ট্রাম্পের বক্তব্যকে বিদ্রূপ করে বলেছে, যুদ্ধের অর্থনৈতিক প্রভাব কমানোর তাঁর প্রচেষ্টা বৃথা যাবে। তাদের হুঁশিয়ারি, ইরানের সশস্ত্র বাহিনী...পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই অঞ্চল থেকে শত্রুপক্ষ ও তাদের মিত্রদের কাছে এক লিটার তেলও রপ্তানি হতে দেবে না।

আইআরজিসি আরও বলেছে, যুদ্ধ কখন শেষ হবে, তা তারাই নির্ধারণ করবে। ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনির ঘনিষ্ঠ বলে বিবেচিত এই বাহিনী এক বিবৃতিতে জানায়, ‘এখন এই অঞ্চলের ভবিষ্যৎ ও সমীকরণ আমাদের সশস্ত্র বাহিনীর হাতে। আমেরিকান বাহিনী এই যুদ্ধের সমাপ্তি ঘটাতে পারবে না।’

ওয়াশিংটনের উদ্দেশে সরাসরি বার্তাও দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি মার্কিন গণমাধ্যম পিবিএস নিউজকে বলেন, ‘যত দিন প্রয়োজন, তত দিন আমরা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যেতে প্রস্তুত।’ তেহরানের শীর্ষ কূটনীতিক আরও অভিযোগ করেন, কূটনৈতিক আলোচনা চলার সময়ই যুক্তরাষ্ট্র ইরানের ওপর হামলা চালিয়েছে। তাঁর ভাষায়, ‘এখন আর আমেরিকানদের সঙ্গে আলোচনা করা আমাদের অ্যাজেন্ডায় থাকবে বলে আমি মনে করি না।’

ইরানে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে আয়াতুল্লাহ মুজতবা খামেনি দায়িত্ব নেওয়ার পরও আব্বাস আরাগচি তাঁর পদে বহাল আছেন। মুজতবা খামেনি তাঁর নিহত পিতা আয়াতুল্লাহর স্থলাভিষিক্ত হন।

ইরানের দৃঢ় অবস্থানের বিপরীতে সমান আত্মবিশ্বাস দেখিয়েছেন ট্রাম্পও। ফ্লোরিডার এক বলরুমে সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই যুদ্ধ খুব দ্রুত শেষ হবে। আর যদি আবার শুরু হয়, তাদের আরও কঠোরভাবে আঘাত করা হবে। ট্রাম্পের ভাষায়, ‘অনেক দিক থেকেই আমরা ইতিমধ্যে জিতে গেছি। তবে এখনো যথেষ্ট জিতিনি।’

তবে পরে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ট্রাম্প সতর্ক করে দেন, তেহরান যদি তেল রপ্তানিতে হস্তক্ষেপ চালিয়ে যায়, তাহলে যুক্তরাষ্ট্র এমনভাবে বোমা হামলা চালাবে, যাতে ‘ইরানের রাষ্ট্র হিসেবে আবার গড়ে ওঠা কার্যত অসম্ভব হয়ে পড়ে’। তিনি লেখেন, ‘তাদের ওপর মৃত্যু, আগুন ও ক্রোধ নেমে আসবে। তবে আমি আশা করি এবং প্রার্থনা করি, যেন তা না ঘটে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নেতানিয়াহু নিহত বা গুরুতর আহত হওয়ার দাবি ইরানি গণমাধ্যমের, ‘গুজব’ বলে উড়িয়ে দিচ্ছে ইসরায়েল

জামায়াতের মঞ্চে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক কারবারি

ইরান যুদ্ধ থেকে ‘প্রস্থানের পথ’ খুঁজছে ইসরায়েল

রাজধানীর তেজগাঁওয়ে মানুষের ৪৭টি মাথার খুলি, বিপুল পরিমাণ হাড়সহ গ্রেপ্তার ৪

লেবানন সীমান্তে হামলায় কলিজা ছিন্নভিন্ন হয়ে গেছে ইসরায়েলি মন্ত্রীর ছেলের

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত