
ট্রাম্প প্রশাসন ইরান যুদ্ধের কট্টর সমালোচক ত্রিতা পার্সির বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। মার্কিন কর্মকর্তাদের দেওয়া এবং ট্রাম্পপন্থী নিউজ আউটলেট ফ্রি–প্রেসের দেখা নথি অনুযায়ী, পার্সিকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের সম্ভাবনাও বিবেচনা করা হচ্ছে। পার্সি ইরান ও সুইডিশ—দুই দেশেরই নাগরিক। কিন্তু তিনি যুক্তরাষ্ট্র থেকে একটি থিংক ট্যাংক পরিচালনা করেন।
ত্রিতা পার্সি কুইন্সি ইনস্টিটিউট ফর রেসপনসিবল স্টেটক্রাফটের সহ-প্রতিষ্ঠাতা এবং নির্বাহী সহ-সভাপতি। তিনি ন্যাশনাল ইরানিয়ান-আমেরিকান কাউন্সিলেরও (নিয়াক) সহ-প্রতিষ্ঠাতা। যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী সামরিক কর্মকাণ্ডের একজন স্পষ্টভাষী সমালোচক হিসেবে তিনি দীর্ঘদিন ধরে পরিচিত।
প্রতিবেদনে এক মার্কিন কর্মকর্তার বরাতে বলা হয়, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ‘খুবই স্পষ্টভাবে’ জানিয়েছেন যে—এমন ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, ‘যারা আমাদের প্রতিপক্ষদের সমর্থন করে এবং যাদের কাজ তাদের এজেন্ডাকে এগিয়ে নেয় ও আমাদের নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করে।’ ওই কর্মকর্তা আরও বলেন, ‘যারা যুক্তরাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করতে চায়, আমরা তাদের ওপর গভীরভাবে নজর রাখছি।’
ফেব্রুয়ারিতে শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইসরায়েল ইরানবিরোধী হামলার পর থেকে ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রে বসবাসকারী ইরানি বংশোদ্ভূত ব্যক্তিদের ওপর নজরদারি ও পদক্ষেপ আরও বাড়িয়েছে বলে অভিযোগ উঠেছে। গত এপ্রিলে হামিদেহ সোলাইমানি আফশার এবং তাঁর মেয়ে সারিনাকে আটক করা হয় এবং তাঁদের আবাসিক অনুমতিও বাতিল করা হয়। তাঁদের ভুলভাবে সাবেক ইরানি সামরিক কমান্ডার কাসেম সোলাইমানির আত্মীয় হিসেবে শনাক্ত করা হয়েছিল। এমনটা করা হয়েছির কট্টর ডানপন্থি মার্কিন ইনফ্লুয়েন্সার লরা লুমারের তথ্যের ভিত্তিতে। তাঁরা কাসেম সোলাইমানির সঙ্গে কোনো সম্পর্ক থাকার অভিযোগ অস্বীকার করলেও, বর্তমানে তাঁরা টেক্সাসে আটক অবস্থায় রয়েছেন। একই মাসে যুক্তরাষ্ট্র সাবেক ইরানি মন্ত্রী মাসুমেহ এবতেকারের আত্মীয়দেরও আটক করে এবং তাঁদের গ্রিন কার্ড বাতিল করে।
ত্রিতা পার্সি নিজে ইরানি ইসলামী প্রজাতন্ত্রের সমালোচক। তাঁর পরিবার ইরানে নির্যাতন থেকে বাঁচতে সুইডেনে আশ্রয় নেয়। তবে ইরানবিরোধী কিছু রাজতন্ত্রী গোষ্ঠী এবং ট্রাম্পপন্থী কিছু ব্যক্তির কাছ থেকে তাঁর অবস্থান নিয়ে তিনি সমালোচনা ও আক্রমণের শিকার হয়েছেন। তিনি গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডে যুক্তরাষ্ট্রের সমর্থন এবং লেবাননে হামলারও কঠোর সমালোচক।
মে মাসে মিডল ইস্ট আইকে দেওয়া এক সাক্ষাৎকারে পার্সি সতর্ক করে বলেন, ইরানের সঙ্গে কোনো চুক্তির সাফল্য শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের ইসরায়েলি হামলা নিয়ন্ত্রণের সক্ষমতার ওপর নির্ভর করবে। তিনি বলেন, ‘যদি ট্রাম্প তা করতে না পারেন বা না চান, তাহলে ওয়াশিংটনের সঙ্গে কোনো চুক্তির মূল্যই গুরুতরভাবে প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে।’
তিনি আরও বলেন, ‘একটি যুদ্ধবিরতি যদি ইসরায়েলকে ইচ্ছামতো আবার সংঘাত শুরু করার সুযোগ দেয়, আর যুক্তরাষ্ট্র যদি নিজেকে সেই সংঘাতে আবারও টেনে আনা থেকে বিরত রাখতে না পারে, তাহলে সেটি স্থিতিশীলতার কোনো নিশ্চয়তা দেয় না। এমন পরিস্থিতিতে ওয়াশিংটনের সঙ্গে চুক্তির কার্যকারিতা নাটকীয়ভাবে কমে যায়।’
এ বিষয়ে মন্তব্যের জন্য যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট এবং ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির সঙ্গে যোগাযোগ করা হলেও প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের মিডল্যান্ড শহরে এক বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে অন্তত একজন নিহত ও ১১ জন আহত হয়েছেন। কয়েক ঘণ্টা ধরে চলা গোলাগুলির পর সন্দেহভাজন হামলাকারীও নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ...
৪ ঘণ্টা আগে
চলমান যুদ্ধের অবসান ঘটিয়ে মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে যুক্তরাষ্ট্র-ইরান একটি চূড়ান্ত চুক্তির ‘একেবারে কাছাকাছি’ পৌঁছাতে পেরেছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। আজ শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে...
৬ ঘণ্টা আগে
বলিউড সুপারস্টার সালমান খানের পানভেল ফার্মহাউসের প্রতিবেশী কেতন কাক্করের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা মানহানিকর বক্তব্য অবিলম্বে মুছে ফেলার নির্দেশ দিয়েছেন বোম্বে হাইকোর্ট। গতকাল বৃহস্পতিবার (১১ জুন) সম্পত্তি নিয়ে একটি পুরোনো মামলার শুনানিতে আদালত এই রায়...
৯ ঘণ্টা আগে
চীনের এই জনসংখ্যার সংকট এখন ‘গাণিতিকভাবে অপরিবর্তনশীল’ এবং এটি সময়ের ব্যবধানে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি, ভোক্তা বাজার এবং বিশ্বমঞ্চে পরাশক্তি হওয়ার উচ্চাকাঙ্ক্ষাকে ধূলিসাৎ করে দেবে...
৯ ঘণ্টা আগে