Ajker Patrika

পোপ চতুর্দশ লিওর ফুসফুসের ক্যানসার শনাক্ত, সফল অস্ত্রোপচার

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ১০: ০৫
পোপ চতুর্দশ লিওর ফুসফুসের ক্যানসার শনাক্ত, সফল অস্ত্রোপচার
৭১ বছর বয়সী পোপ চতুর্দশ লিও ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়েছেন। ছবি: সংগৃহীত

ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়েছেন পোপ চতুর্দশ লিও। তাঁর ডান ফুসফুসের নিচের অংশ অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করা হয়েছে। অস্ত্রোপচার সফল হয়েছে বলে এক মেডিকেল বুলেটিনে জানিয়েছে ভ্যাটিকান।

ভ্যাটিকান জানিয়েছে, মঙ্গলবার রোমের জেমেলি হাসপাতালের বক্ষদেশের অস্ত্রোপচার বিশেষজ্ঞদের একটি দল পোপের অস্ত্রোপচার করে। প্রায় ৯০ মিনিট ধরে চলে এ অস্ত্রোপচার। পরে তাঁর ফুসফুসে অ্যাডেনোকার্সিনোমা শনাক্ত হয়।

পরে সফলভাবে অস্ত্রোপচার শেষ হয় এবং কোনো জটিলতা দেখা দেয়নি। অস্ত্রোপচারের পর পোপ স্বাভাবিকভাবে জ্ঞান ফিরে পান। কিছুক্ষণ পর্যবেক্ষণে রাখার পর তাঁকে নিজের কক্ষে ফিরিয়ে নেওয়া হয়।

অস্ত্রোপচারটি যথাযথভাবে সম্পন্ন করতে পোপের ডান ফুসফুসের নিচের পুরো অংশ অপসারণ করা হয়েছে বলেও জানিয়েছে ভ্যাটিকান।

ভ্যাটিকানের বিবৃতিতে আরও জানানো হয়, ৭১ বছর বয়সী পোপের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সময় ফুসফুসে পিণ্ডটি ধরা পড়ে। সুস্থ হয়ে উঠতে পোপকে প্রায় এক সপ্তাহ হাসপাতালে থাকতে হতে পারে।

বার্তা সংস্থা এএফপিকে ভ্যাটিকানের একটি সূত্র জানিয়েছে, ক্যানসার শরীরের অন্য কোথাও ছড়িয়ে পড়েছে কি না, তা জানতে আরও পরীক্ষা করা হচ্ছে।

এর আগে গত রোববার পোপ নিজেই তাঁর অস্ত্রোপচারের খবর বিশ্ববাসীকে জানান। সেন্ট পিটার্স স্কয়ারের বারান্দা থেকে ঐতিহ্যবাহী অ্যাঞ্জেলাস প্রার্থনা ও আশীর্বাদ দেওয়ার পর তিনি এ কথা বলেন।

পোপ জানান, তাঁর ফুসফুসে যে ছোট পিণ্ড বা অস্বাভাবিক বৃদ্ধি ধরা পড়েছে, তা একটি নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ এবং ‘খুব প্রাথমিক পর্যায়ে’ শনাক্ত হয়েছে। তবে চিকিৎসকেরা সেটি অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণের পরামর্শ দিয়েছেন।

ফুসফুসে এ ধরনের পিণ্ড বেশ সাধারণ এবং তা সব সময় ক্যানসারযুক্ত হয় না। তবে পরীক্ষার পর চিকিৎসকেরা নিশ্চিত হয়েছেন, এটি ফুসফুসের অ্যাডেনোকার্সিনোমা। ভ্যাটিকান জানিয়েছে, অস্ত্রোপচারের আগের পরীক্ষায় চিকিৎসকেরা যে ধরনের ক্যানসারের সন্দেহ করেছিলেন, পরীক্ষায় সেটিই ধরা পড়েছে। ভ্যাটিকান জোর দিয়ে বলেছে, সাধারণভাবে সুস্থ-সবল বলে বিবেচিত পোপের শরীরে সংক্রমণ বা অসুস্থতার কোনো উপসর্গ ছিল না।

টোকিওর কার্ডিনাল কিকুচি তারসিসিও ইসাও সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, সোমবার পোপ লিওর সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়েছিল। তখন পোপ শারীরিকভাবে ‘কোনো সমস্যা অনুভব করছেন না’ বলে জানিয়েছিলেন।

তবে সুস্থ হয়ে ওঠার জন্য পোপের ২০ অক্টোবর পর্যন্ত সব কর্মসূচি বাতিল করা হয়েছে।

কিকুচি বলেন, নভেম্বরের শুরুতে পোপের লাতিন আমেরিকা সফরের কথা রয়েছে। সফরের পরিকল্পনা অনুযায়ী এগোতে আগ্রহী হওয়ায় তিনি যত দ্রুত সম্ভব হাসপাতালে ভর্তি হয়ে অস্ত্রোপচার করানোর সিদ্ধান্ত নিয়েছেন।

এই সফরের বিশেষ গুরুত্ব রয়েছে। সফরের অংশ হিসেবে পেরুতে যাবেন পোপ। বহু বছর ধরে সেখানে ধর্মপ্রচারক এবং পরে বিশপ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি।

তবে আশ্বস্ত করার নানা বক্তব্যের পরও পোপের অসুস্থতার খবর বিশ্বজুড়ে ক্যাথলিকদের উদ্বিগ্ন করেছে। পোপের জন্য হাসপাতালের বাইরে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেন বিপুলসংখ্যক মানুষ। তিনি গাড়িতে করে যাওয়ার সময় তাঁরা উল্লাস করে শুভেচ্ছা ও দ্রুত সুস্থতা কামনা করেন। গাড়ির পেছনের জানালা নামানো ছিল। সেখান দিয়ে হাত নেড়ে ও হাসিমুখে তাঁদের অভিবাদনের জবাব দেন পোপ।

পরে হাসপাতালের সিঁড়িতে কর্মীরা তাঁকে স্বাগত জানান। তাঁদের একজন সহমর্মিতা প্রকাশ করে বলেন, ‘আমি দুঃখিত।’ জবাবে পোপ হাসেন এবং কাঁধ ঝাঁকান। এরপর তাঁকে আশ্বস্ত করে বলা হয়, ‘আমরা আপনার পাশে আছি।’

একাধিক পোপের চিকিৎসা দেওয়া জেমেলি হাসপাতালের বাইরে পোপ ভর্তি হওয়ার পরও কয়েকজন ক্যাথলিককে অপেক্ষা করতে দেখা যায়। কারলা নামের এক নারী বিবিসিকে বলেন, ‘তাঁকে শান্ত মনে হচ্ছে, তাই আমরাও শান্ত আছি। যদিও অসুস্থতা সব সময়ই কষ্টদায়ক। আমরা এখানে অপেক্ষা করব এবং প্রার্থনা করব।’

এলসা নামের আরেক নারী বলেন, ‘পোপ যখন এ ঘোষণা দিয়েছিলেন, তখন আমি সেন্ট পিটার্স স্কয়ারে ছিলাম। খবরটি শুনে আমার খুব খারাপ লেগেছিল।’

খবরটিতে তিনি অবাক হয়ে গিয়েছিলেন উল্লেখ করে এলসা জানান, পোপ লিও নির্বাচিত হওয়ার সময় তাঁর ধারণা হয়েছিল, তিনি তুলনামূলক কম বয়সী ও সুস্থ একজন পোপ। এলসা আরও বলেন, ‘শেষ পর্যন্ত দেখা গেল, তিনিও অসুস্থ হতে পারেন, তাঁরও দুর্বলতা রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত