
ভারতে চলমান ককরোচদের আন্দোলনের সবচেয়ে আলোচিত নাম এখন রিয়া আহির। গতকাল বুধবার মুম্বাইয়ে একটি পুলিশ ভ্যান আটকে দাঁড়াতে দেখা যায় ২৭ বছর বয়সী এই তরুণীকে। ভ্যানটিতে একদল শিক্ষার্থীকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছিল। এঁরা সবাই ককরোচ জনতা পার্টির (সিজেপি) ব্যানারে পরীক্ষায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছিলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ভিডিওটিতে দেখা যায়, রিয়া পুলিশ ভ্যানের সামনে গিয়ে দাঁড়িয়েছেন। পরে তাঁর এই অনড় অবস্থানের কারণে মুম্বাইয়ের দাদার এলাকার শিবাজি পার্কে আটক বিক্ষোভকারীদের ছেড়ে দিতে বাধ্য হয় পুলিশ।
রিয়া এনডিটিভিকে বলেন, ‘আমি বিক্ষোভে যোগ দিতে গিয়েছিলাম এবং বন্ধুদের জন্য অপেক্ষা করছিলাম। বেশ কিছুটা দূর থেকেই আমি প্রতিবাদের উদ্দীপ্ত স্লোগান শুনতে পাচ্ছিলাম। বিষয়টি আমাকে গভীরভাবে নাড়া দেয়।’
তিনি জানান, বিক্ষোভস্থলের দিকে যাওয়ার সময় তিনি শিক্ষার্থীঠাসা একটি পুলিশের ভ্যান দেখতে পান। রিয়া বলেন, ‘ভ্যানটি কানায় কানায় পূর্ণ ছিল। এমনকি পুলিশের সদস্যরাও পাদানিতে ঝুলে ছিলেন। আমি দেখতে পাচ্ছিলাম বাসটি শিক্ষার্থীদের দিয়ে ভর্তি। তারা চিৎকার করছিল এবং স্লোগান দিচ্ছিল। আমি পুলিশ সদস্যদের কাছে জানতে চাই, তাদের কাছে গ্রেপ্তারি পরোয়ানা আছে কি না। কিন্তু তাদের কাছে কোনো উত্তর ছিল না।’
ঠিক ওই মুহূর্তেই তিনি পুলিশ ভ্যানটির সামনে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। রিয়া বলেন, ‘আমি ভ্যানের সামনে গিয়ে দাঁড়াই। আমার মনে হয়েছিল, পুলিশ যদি ওই শিক্ষার্থীদের নিয়ে যায়, তবে একজন সচেতন নাগরিক হিসেবে আমি আমার দায়িত্ব পালনে ব্যর্থ হব। আমি এটি করতে পেরেছিলাম কারণ আমি জানতাম পুলিশ ভুল করছে। আপনার অধিকার সম্পর্কে আপনাকে জানতে হবে।’
যখন তিনি ভ্যানের বনেটে (হুড) এক হাত রেখে দাঁড়িয়েছিলেন, তখন অনেক পথচারী তাঁর সঙ্গে যোগ দেন এবং উল্লাস প্রকাশ করেন। রিয়া বলেন, আমি আমার সিদ্ধান্তে অনড় ছিলাম এবং ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান দিতে শুরু করি। পাশাপাশি ‘ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করুন’ স্লোগানও দিয়েছিলাম। আমি কেবল একজন নাগরিক হিসেবে আমার অধিকার এবং সহনাগরিকদের প্রতি একজন সচেতন মানুষের কর্তব্য পালন করেছি।
তাঁর এই সাহসিকতার ভাইরাল ভিডিও প্রসঙ্গে রিয়া বলেন, মানুষ জেন-জি প্রজন্মকে ‘সারাক্ষণ ছবি তোলার’ জন্য দোষারোপ করে। তবে এই ঘটনা প্রমাণ করে যে, হাতের কাছে একটি ক্যামেরা বা ফোন রাখা কতটা জরুরি, যাতে কী ঘটছে তার প্রমাণ রাখা যায়।
বিক্ষোভ দমনে সরকারের পদক্ষেপ নিয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের ওপর ধরপাকড় চালিয়ে কর্তৃপক্ষ মারাত্মক ভুল করছে। সরকারের এই প্রতিক্রিয়াকে একটি ‘ভয়াবহ ভুল’ আখ্যা দিয়ে রিয়া শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেন। শিক্ষামন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, ‘একজন পুরুষের মতো সাহসিকতার পরিচয় দিন, নিজের ভুল স্বীকার করুন এবং পদত্যাগ করুন।’
সাহসিকতাপূর্ণ এই কাজের জন্য রিয়ার কাছে এখন অসংখ্য প্রশংসাসূচক কল ও মেসেজ আসছে। তাঁর কাছে এটি একটি দারুণ অভিজ্ঞতা। একই সঙ্গে এটি রিয়ার মধ্যে এক ধরনের দায়িত্ববোধও তৈরি করেছে।
চলমান এই প্রতিবাদের নতুন মুখ রিয়া এনডিটিভির সংবাদ পরিবেশনের প্রশংসাও করেছেন। তিনি বলেন, এটিই একমাত্র মূলধারার সংবাদমাধ্যম যা ‘মাঠপর্যায়ের প্রকৃত কণ্ঠস্বরকে প্ল্যাটফর্ম দিচ্ছে এবং বাস্তব চিত্র তুলে ধরছে।’
অভিনয়, মডেলিং, উপস্থাপনা এবং উদ্যোক্তা—একাধিক পরিচয়ে পরিচিত রিয়া আহির। সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন ইস্যুতে খোলামেলা মত প্রকাশের জন্যও তিনি আলোচনায় থাকেন। বিনোদন অঙ্গনের পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মেও তিনি নিজের একটি শক্ত অবস্থান তৈরি করেছেন।
রিয়া আহির ইনস্টাগ্রামে রিয়া একৌসিয়া (Rhiya Ekousiya) নামেও পরিচিত। মডেলিং ও অভিনয়ের পাশাপাশি তিনি নিজের পোশাকের ব্র্যান্ড ‘রিয়াসাত’ (Rhiyasat) পরিচালনা করেন। ব্র্যান্ডটি হাতে তৈরি বিলাসবহুল পোশাকের ওপর গুরুত্ব দিয়ে কাজ করে।
ব্যবসার পাশাপাশি নাচের প্রতিও আগ্রহ রয়েছে রিয়া আহিরের। তিনি বিভিন্ন মিউজিক ভিডিওতেও কাজ করেছেন। তাঁর সর্বশেষ মিউজিক ভিডিও ‘দিলবারা’ (Dilbara) ২০২৫ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত হয়।

এক দিন আগেই ট্রাম্প প্রশাসনের দুজন কর্মকর্তার বরাতে সিএনএন জানায়, পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হচ্ছে সৌদি আরব। এ নিয়ে একটি চুক্তিও অনুমোদন করেছেন তিনি। তবে আজ সেই চুক্তি কার্যকর করতে নতুন শর্ত জুড়ে দিয়েছেন ট্রাম্প...
২৬ মিনিট আগে
বিক্ষোভকারী শিক্ষার্থীদের হুমকি দিচ্ছেন মুম্বাই পুলিশের এক কর্মকর্তা। ভিডিওতে দেখা যাচ্ছে, ওই পুলিশ কর্মকর্তা বলছেন—‘আন্দোলনে এলে মিথ্যা মাদক মামলায় ফাঁসিয়ে দেব।’ এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, মুম্বাই কংগ্রেসের এক্স হ্যান্ডলে প্রথমে ভিডিওটি প্রকাশ করা হয়। সেখানে দেখা যায়...
১ ঘণ্টা আগে
মহাকাশে ডেটা সেন্টার স্থাপনের পরিকল্পনা করছে ইলন মাস্কের স্পেসএক্স, জেফ বেজোসের ব্লু অরিজিনসহ বেশ কয়েকটি প্রযুক্তি প্রতিষ্ঠান। তবে এসব প্রকল্প বাস্তবায়িত হলে বিপুল পরিমাণ দূষণ ছড়িয়ে পৃথিবীর বায়ুমণ্ডলে বড় ধরনের পরিবর্তন ঘটতে পারে।
১ ঘণ্টা আগে
উটকে বলা হয় ‘মরুভূমির জাহাজ’। তীব্র গরম, পানির সংকট আর প্রতিকূল পরিবেশেও টিকে থাকার অসাধারণ ক্ষমতার কারণে আফ্রিকার শুষ্ক অঞ্চলে যুগ যুগ ধরে যাযাবর জনগোষ্ঠীর জীবন ও জীবিকার অন্যতম ভরসা এই প্রাণী। কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে তাপমাত্রা যেভাবে বাড়ছে, তাতে সেই উটও এখন আর আগের মতো খাপ খাওয়াতে পারছে না।
৩ ঘণ্টা আগে