
ভারতের পাঞ্জাবের জলন্ধরের লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটিতে (এলপিইউ) এক নারী শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক আন্দোলন শুরু করেছেন শিক্ষার্থীরা। স্থানীয় সময় আ রোববার ভোরে শুরু হওয়া বিক্ষোভে শত শত শিক্ষার্থী অংশ নেন। একপর্যায়ে জলন্ধর-ফাগওয়ারা জাতীয় মহাসড়কের একটি অংশ অবরোধ করা হয়। ক্যাম্পাসে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে বলে জানা গেছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, পুলিশ জানিয়েছে, রাত প্রায় ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মেয়েদের হোস্টেলের কাছে বিক্ষোভ শুরু হয়। শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের জি–৩ হোস্টেলে থাকা এক ছাত্রীকে গত ২৪ সেপ্টেম্বর এক বহিরাগত ব্যক্তি ধর্ষণ করেন। তাদের দাবি, ওই ঘটনায় একজন প্লাম্বার বা নির্মাণকর্মী জড়িত ছিলেন এবং বিষয়টি হোস্টেল ওয়ার্ডেনকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অভিযোগটিকে গুজব হিসেবে প্রত্যাখ্যান করেছে। অন্যদিকে পুলিশ জানিয়েছে, অভিযোগের তদন্ত শুরু হয়েছে এবং ওই ছাত্রীর বক্তব্যের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে। জলন্ধর রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (ডিআইজি) নবীন সিংলা বলেন, পুলিশ ওই শিক্ষার্থীর বক্তব্য পেয়েছে এবং একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত না হওয়ায় প্রাথমিকভাবে অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে এফআইআর করা হয়েছে।
তিনি জানান, শিক্ষার্থীদের বক্তব্য অনুযায়ী, জি–৩ হোস্টেলে থাকা এক তরুণীকে তিন দিন আগে ধর্ষণ করা হয় এবং পরে তিনি বাড়ি ফিরে যান। তিনি আরও বলেন, ‘বিষয়টি তদন্ত করা হবে এবং ফরেনসিক বিশ্লেষণ, সিসিটিভি বিশ্লেষণ ও ফোন বিশ্লেষণ করা হবে। শিক্ষার্থী নেতাদের সঙ্গে নিয়ে তদন্ত পরিচালনা করা হবে।’
অভিযোগ তদন্তে একটি বিশেষ তদন্ত দল গঠন করা হয়েছে। পুলিশ সুপার (ফাগওয়ারা) মেজর সিংয়ের নেতৃত্বে দলটি তদন্ত করবে বলে জানিয়েছেন ডিআইজি।
এদিকে, বিক্ষোভ চলাকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ভাঙচুরের ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বিপুলসংখ্যক শিক্ষার্থীকে বিক্ষোভ ও স্লোগান দিতে দেখা গেছে। কিছু ভিডিওতে জানালার কাচ ও ফুলের টব ভাঙচুরের দৃশ্য দেখা যায়। বিশ্ববিদ্যালয়ের একটি ভবনের কিছু অংশ ও বিভিন্ন জিনিসপত্রে আগুন জ্বলতেও দেখা গেছে। ক্যাম্পাসের কয়েকটি দোকানেও ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ রয়েছে।
বিক্ষোভের মধ্যে এক শিক্ষার্থীকে ক্যাম্পাসে স্থাপন করা ভারতীয় বিমানবাহিনীর মিগ–২৩ ইউএম যুদ্ধবিমানের ওপর উঠে যেতে দেখা যায়। প্রায় ১০ শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থাপিত একটি সামরিক ট্যাংকের ওপর দাঁড়িয়ে থাকতেও দেখা গেছে।
ধর্ষণের অভিযোগের পাশাপাশি শিক্ষার্থীদের আরও কিছু দাবি রয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। এর মধ্যে মেয়েদের হোস্টেলের পুরো স্টাফ নারী করার দাবিও রয়েছে। নবীন সিংলা বলেন, ‘শিক্ষার্থীদের আরও কিছু দাবি রয়েছে। যেমন, নারী শিক্ষার্থীরা অনুরোধ করেছেন যে তাদের হোস্টেলগুলোর পুরো স্টাফই যেন নারী হন। এ ধরনের কিছু নির্দিষ্ট দাবি রয়েছে এবং আমরা ব্যবস্থাপনার সঙ্গে বসে আলোচনা করে সেগুলো পূরণ করা হবে তা নিশ্চিত করব।’
শিক্ষার্থীদের প্রতিনিধিদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।
এলপিইউর রেজিস্ট্রার মনিকা গুলাটি এক বিবৃতিতে ধর্ষণের অভিযোগকে ঘিরে ছড়িয়ে পড়া তথ্যকে অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘বর্তমানে যে গুজব ছড়ানো হচ্ছে, তার কোনো সত্যতা নেই।’ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, ‘সমাজবিরোধী কিছু উপাদান’ সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ‘মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট’ গুজব ছড়াচ্ছে।
শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষকে এসব দাবি বিশ্বাস, প্রচার বা আরও ছড়িয়ে না দেওয়ার আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে তারা জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে দেওয়া তথ্যের ওপরই নির্ভর করতে হবে। এদিকে পুলিশ বলছে, অভিযোগের প্রকৃত ঘটনা উদ্ঘাটনে ফরেনসিক, সিসিটিভি ও ফোন বিশ্লেষণসহ বিভিন্ন দিক খতিয়ে দেখা হবে।

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে প্রায় ২০০ বছর পর কোনো নারীর মৃত্যুদণ্ড কার্যকর হতে যাচ্ছে। ৫০ বছর বয়সী ক্রিস্টা পাইককে প্রাণঘাতী ইনজেকশনের মাধ্যমে মৃত্যুদণ্ড দেওয়ার প্রস্তুতি চলছে। তবে তাঁর আইনজীবীরা শেষ মুহূর্ত পর্যন্ত দণ্ড কার্যকর ঠেকাতে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন।
১ মিনিট আগে
আসামের গুয়াহাটিতে একটি সমাবেশের ঠিক কয়েক ঘণ্টা আগে ককরোচ জনতা পার্টির (সিজেপি) সহ-আহ্বায়ক আশুতোষ রাঙ্কা ও তাঁর দলের বেশ কয়েকজন সক্রিয় সদস্যকে আটক করেছে পুলিশ। সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে বিষয়টি নিশ্চিত করেন...
২৬ মিনিট আগে
যুক্তরাজ্যে মার্কিন সামরিক বাহিনী ব্যবহৃত একটি বিমানঘাঁটির কাছে কয়েকটি বাড়ি থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। একই ঘটনায় বিস্ফোরক-সংক্রান্ত অপরাধের সন্দেহে কয়েকজনকে গ্রেপ্তার করেছে ব্রিটিশ পুলিশ। কাতারাভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
চীনের তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন এক ভিন্নধারার ‘আইডল’। তিনি কোনো পপ তারকা কিংবা চলচ্চিত্র অভিনেতা নন; ৫৪ বছর বয়সী নৃতত্ত্ববিদ ও অধ্যাপক বিয়াও শিয়াং। তরুণদের উদ্বেগ, অনিশ্চয়তা ও জীবনের অর্থ খোঁজার সংকট নিয়ে তাঁর খোলামেলা আলোচনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।
১ ঘণ্টা আগে