Ajker Patrika

শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা আর প্রত্যর্পণের অনুরোধ ভিন্ন বিষয়: জয়সওয়াল

আজকের পত্রিকা ডেস্ক­
শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা আর প্রত্যর্পণের অনুরোধ ভিন্ন বিষয়: জয়সওয়াল
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ছবি: সংগৃহীত

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ক্ষেত্রে বাংলাদেশ সরকারের প্রত্যর্পণ অনুরোধ এবং তাঁর স্বেচ্ছায় দেশে ফেরার পরিকল্পনা সম্পূর্ণ ভিন্ন বিষয় বলে মন্তব্য করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ বুধবার (২৫ নভেম্বর) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এ কথা বলেন মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, এখানে দুটি বিষয় রয়েছে। একটি হলো শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ, যা দেশের (ভারতের) প্রতিষ্ঠিত আইনি প্রক্রিয়ার আওতায় বর্তমানে পর্যালোচনা ও বিবেচনা করে দেখা হচ্ছে। অন্য বিষয়টি হলো—একজন নাগরিক যদি প্রয়োজনীয় ট্রাভেল ডকুমেন্ট (ভ্রমণসংক্রান্ত নথি) সঙ্গে নিয়ে স্বেচ্ছায় নিজ দেশে ফিরতে চান, তবে সেটি সম্পূর্ণ ভিন্ন একটি বিষয়।

শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য বিমান পাঠানো কিংবা তাঁকে হাতকড়া পরা অবস্থায় নেওয়া হবে—সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে চলা এ ধরনের বক্তব্যের বিষয়েও রণধীর জয়সওয়ালের দৃষ্টি আকর্ষণ করা হয়। এ বিষয়ে জয়সওয়াল বলেন, এটি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং সে দেশের বর্তমান সরকারের মধ্যকার অভ্যন্তরীণ বিষয়। এ ব্যাপারে ভারতের পক্ষ থেকে কোনো মন্তব্য বা কিছু করার নেই।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। পরবর্তীতে জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ তাঁকে মৃত্যুদণ্ড দেন। দুই দেশের বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাঁকে ফেরত পাঠানোর আনুষ্ঠানিক আবেদনও জানায় বাংলাদেশ সরকার। তবে ভারত এ ব্যাপারে বরাবরই বলে এসেছে, তাঁর (শেখ হাসিনার) প্রত্যর্পণের অনুরোধ আইনি বিষয়। এটি আইনিভাবেই সমাধান করা হবে।

এর মধ্যে গতকাল শেখ হাসিনার মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানান, তিনি আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা করছেন। দেশে ফেরার জন্য তিনি বাংলাদেশ সরকারকে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন। শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী এক বিবৃতিতে বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের একটি উড়োজাহাজে করে শেখ হাসিনাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল। এখন তিনি দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্য সরকারের কাছে আকাশপথে পরিবহনের ব্যবস্থা করার আহ্বান জানাচ্ছেন।’

বিবৃতিতে তিনি আরও বলেন, ‘সংবিধান-বহির্ভূতভাবে এবং এমন পরিস্থিতিতে তাঁকে নির্বাসনে পাঠানোর পর ১৬ ডিসেম্বর বিজয় দিবসে তাঁর বাংলাদেশে ফিরে আসার ব্যবস্থা করা এখন সরকারের দায়িত্ব।’

ব্রিফিংয়ে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের নড়াইল ও পাবনাসহ কিছু স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সহিংসতার খবর নিয়ে প্রশ্ন করা হলে ভারতের উদ্বেগ পুনর্ব্যক্ত করেন রণধীর জয়সওয়াল। তিনি বলেন, বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর আক্রমণের ঘটনা আমাদের জন্য উদ্বেগজনক। আমরা আশা করব বাংলাদেশ সরকার এসব ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত নিশ্চিত করবে এবং জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে বিচার করবে।

প্রসঙ্গত, নড়াইলের ঘটনার পর জেলা পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বেন্দারচর গ্রামে হিন্দুধর্মাবলম্বীদের ঘরবাড়িতে ভাঙচুর বা অগ্নিসংযোগের প্রচারিত বিষয়টি ভিত্তিহীন ও মিথ্যা। কারণ ওই এলাকায় কোনো হিন্দু বসতি কিংবা ব্যবসাপ্রতিষ্ঠান আক্রান্ত হয়নি।

সংবাদ ব্রিফিংয়ে আরও কয়েকটি বিষয় উঠে আসে। এর মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কিছু নেতার বেনাপোল-পেট্রাপোল সীমান্ত এলাকা সফর নিয়ে প্রশ্ন করা হলে তা এড়িয়ে যান রণধীর জয়সওয়াল।

গঙ্গা চুক্তির নবায়ন প্রসঙ্গে মুখপাত্র জানান, দুই দেশে প্রবাহিত গঙ্গাসহ সব অভিন্ন নদীর পানিবণ্টনসংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত ভারত-বাংলাদেশের যৌথ নদী কমিশনের (জেআরসি) সুনির্দিষ্ট ও কাঠামোগত প্রক্রিয়ার মধ্যেই গৃহীত হয়।

ইন্দোনেশিয়ার নৌবাহিনী বিস্ফোরক ও অস্ত্র তৈরির বিপুল সরঞ্জামসহ বাংলাদেশগামী একটি জাহাজ আটক করার যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে, সে বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় অবগত রয়েছে বলেও জানান জয়সওয়াল। তিনি উল্লেখ করেন, প্রতিবেশী অঞ্চলে যেকোনো পরিস্থিতির ওপর ভারত সার্বক্ষণিক নজর রাখে এবং প্রয়োজন অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা নেয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত