Ajker Patrika

ভারতে পাকিস্তানি টিভি সিরিজ ‘দার-ই-নিজাতের’ দুটি প্রদর্শনী বাতিল

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ১১: ৪৮
ভারতে পাকিস্তানি টিভি সিরিজ ‘দার-ই-নিজাতের’ দুটি প্রদর্শনী বাতিল

পাকিস্তানি টেলিভিশন ধারাবাহিক ‘দার-ই-নিজাত’-এর দুটি বিশেষ প্রদর্শনী বাতিল করতে বাধ্য হয়েছেন বেঙ্গালুরুর আয়োজকরা। আগামী ২৮ নভেম্বর ও ৫ ডিসেম্বর ভারতের এই শহরে প্রদর্শনী দুটি হওয়ার কথা ছিল। তবে বিভিন্ন মহলের আপত্তি, বিতর্ক এবং পুলিশের নজরদারির মুখে শেষ পর্যন্ত অনুষ্ঠান দুটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর খবরে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত পোস্টারের মাধ্যমে প্রদর্শনী দুটির আয়োজন সম্পর্কে জানানো হয়েছিল। প্রথম প্রদর্শনীর আয়োজক ছিল ‘দ্য ব্লুম সোসাইটি সিস্টার্স ক্লাব’। আগামী ২৮ নভেম্বর সন্ধ্যা ৬টা থেকে বেঙ্গালুরুর ফ্রেজার টাউনের একটি পারস্য ও আরবী খাবারের রেস্তোরাঁয় অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল। এটিকে বেঙ্গালুরুতে ধারাবাহিকটির ৩৪ ও ৩৫ তম পর্বের ‘প্রথম প্রদর্শনী’ হিসেবে প্রচার করা হয়েছিল। প্রদর্শনী শেষে অতিথিদের জন্য পারস্য ও আরবীয় খাবারের বিশেষ নৈশভোজেরও আয়োজন রাখা হয়েছিল।

অন্যদিকে, ‘দ্য স্টার ক্লাব’ আগামী ৫ ডিসেম্বর শহরের একটি ব্যক্তিগত প্রেক্ষাগৃহে দ্বিতীয় প্রদর্শনীর আয়োজন করেছিল।

বেঙ্গালুরুর পুলিশ কমিশনার আর. হিতেন্দ্র জানান, প্রস্তাবিত অনুষ্ঠানগুলো সম্পর্কে পুলিশ খোঁজখবর নিচ্ছে এবং বিস্তারিত জানতে আয়োজকদের সঙ্গে যোগাযোগ করছে। তিনি বলেছিলেন, ‘এ বিষয়ে বিস্তারিত জানতে আমরা আয়োজকদের সঙ্গে যোগাযোগ করছি। বাস্তবে কোনো পদক্ষেপ নেওয়ার প্রয়োজন হলে তা নেওয়া হবে।’

তবে ভারতীয় সংবাদমাধ্যম সংবাদমাধ্যম দ্য হিন্দুকে দুই অনুষ্ঠানের আয়োজকই নিশ্চিত করেছেন, প্রদর্শনী দুটি বাতিল করা হয়েছে।

ফ্রেজার টাউনের অনুষ্ঠানের আয়োজক জানান, অনুষ্ঠানটি ঘিরে সমালোচনা ও বিতর্কের জেরে ধারাবাহিক প্রদর্শনীর পাশাপাশি পারস্য ও আরবীয় খাবারের যে বিশেষ নৈশভোজের আয়োজন করা হয়েছিল, সেটিও বাতিল করা হয়েছে। তবে এ বিষয়ে তিনি আর কোনো মন্তব্য করতে রাজি হননি।

অন্যদিকে, ৫ ডিসেম্বরের প্রদর্শনীর আয়োজক জানান, শুরুতে অনুষ্ঠানটি ঘনিষ্ঠ পরিচিতদের নিয়ে একটি ব্যক্তিগত সমাবেশ হিসেবে আয়োজনের পরিকল্পনা করা হয়েছিল। সেখানে মেহেদি অনুষ্ঠানের কথা ছিল, যা একটি বিষয়ভিত্তিক কর্মশালার অংশ হিসেবে আয়োজনের পরিকল্পনা ছিল। কিন্তু বিষয়টি প্রকাশ্যে আসার পর পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নেয়। আয়োজক বলেন, ‘বিষয়টি যেহেতু অন্য পর্যায়ে চলে গেছে, তাই ৫ ডিসেম্বরের নির্ধারিত অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে।’

জনপ্রিয়তা পাওয়া পাকিস্তানি এই টেলিভিশন ধারাবাহিকটি সাম্প্রতিক সময়ে বিভিন্ন ব্যক্তি ও ব্যবসাপ্রতিষ্ঠান নিজেদের প্রচারণার কাজে ব্যবহার করছে। তবে বেঙ্গালুরুতে প্রদর্শনীর আয়োজন নিয়ে বিতর্কের সূত্রপাত হয়, যখন অভিযোগ ওঠে, আয়োজকদের একজন অতিথিদের পাকিস্তানি পোশাকবিধি অনুসরণের অনুরোধ জানিয়েছিলেন।

এই ঘটনাকে কেন্দ্র করে সমালোচনা বাড়তে থাকে। একপর্যায়ে বিষয়টি পুলিশের নজরেও আসে। শেষ পর্যন্ত বিতর্ক, বিভিন্ন মহলের আপত্তি ও পুলিশের অনুসন্ধানের মধ্যে ধারাবাহিকটির প্রদর্শনী ঘিরে পরিকল্পিত দুটি অনুষ্ঠানই বাতিল করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত