
জাতিসংঘের কাছে যুক্তরাষ্ট্রের যে কয়েক বিলিয়ন ডলার বকেয়া রয়েছে, তার একটি প্রাথমিক অংশ আগামী কয়েক সপ্তাহের মধ্যেই পরিশোধ করা হবে বলে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ। শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বিশ্ব সংস্থায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ এই তথ্য নিশ্চিত করেছেন। তবে একই সঙ্গে তিনি জাতিসংঘের সংস্কার প্রক্রিয়া অব্যাহত রাখার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।
জাতিসংঘের আর্থিক সংকট নিয়ে সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস চরম উদ্বেগ প্রকাশের দুই সপ্তাহ পর ওয়াল্টজ এই মন্তব্য করলেন। গুতেরেস সতর্ক করেছিলেন যে সদস্য দেশগুলোর চাঁদা পরিশোধ না করার কারণে ১৯৩টি দেশের এই সংস্থাটি আর্থিক বিপর্যয়ের ঝুঁকিতে রয়েছে। উল্লেখ্য, এই অনাদায়ী অর্থের সিংহভাগই পাওনা যুক্তরাষ্ট্রের কাছে।
টেলিফোন সাক্ষাৎকারে ওয়াল্টজ বলেন, ‘আপনারা শিগগিরই অর্থের একটি প্রাথমিক কিস্তি দেখতে পাবেন। এটি আমাদের বার্ষিক পাওনার একটি উল্লেখযোগ্য অগ্রিম অর্থ (ডাউন পেমেন্ট) হতে যাচ্ছে। চূড়ান্ত অঙ্কটি কত হবে তা এখনো নিশ্চিত নয়, তবে কয়েক সপ্তাহের মধ্যেই তা দেওয়া হবে।’
জাতিসংঘের কর্মকর্তাদের তথ্যমতে, সংস্থাটির নিয়মিত বাজেটে অনাদায়ী অর্থের ৯৫ শতাংশেরও বেশি যুক্তরাষ্ট্রের কাছে পাওনা। ফেব্রুয়ারির শুরু পর্যন্ত এর পরিমাণ ছিল ২১৯ কোটি ডলার। এ ছাড়া বর্তমান ও অতীতের শান্তিরক্ষা মিশনের জন্য ২৪০ কোটি ডলার এবং পাশাপাশি জাতিসংঘ ট্রাইব্যুনালগুলোর জন্য বকেয়া আছে আরও ৪ কোটি ৩৬ লাখ ডলার।
সপ্তাহব্যাপী আলোচনার পর গত ৩০ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ ২০২৬ সালের জন্য ৩ দশমিক ৪৫ বিলিয়ন ডলারের নিয়মিত বাজেট অনুমোদন করে। এই অর্থ দিয়ে নিউইয়র্ক সদর দপ্তরসহ বিশ্বজুড়ে জাতিসংঘের কার্যালয় পরিচালনা, কর্মীদের বেতন, বৈঠক আয়োজন এবং উন্নয়ন ও মানবাধিকার কার্যক্রম চালানো হবে।
জাতিসংঘের এই তহবিল সংকট এমন একসময়ে দেখা দিয়েছে, যখন যুক্তরাষ্ট্র বিভিন্ন দিক থেকে বহুপাক্ষিকতা থেকে পিছিয়ে আসছে। যদিও জাতিসংঘে যুক্তরাষ্ট্রের বকেয়ার ইতিহাস কয়েক দশক পুরোনো, ট্রাম্পের প্রেসিডেন্সির সময় এই বকেয়ার পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। জাতিসংঘ কর্মকর্তারা জানিয়েছেন, গত বছর নিয়মিত বাজেটে যুক্তরাষ্ট্র কোনো অর্থ পরিশোধ করেনি, যার ফলে ওই খাতে ৮২ কোটি ৭০ লাখ ডলার বকেয়া রয়েছে। এ ছাড়া ২০২৬ সালের জন্যও যুক্তরাষ্ট্রের বকেয়া দাঁড়িয়েছে ৭৬ কোটি ৭০ লাখ ডলার।
গত মঙ্গলবার প্রেসিডেন্ট ট্রাম্প একটি ব্যয় বিল আইনে স্বাক্ষর করেন, যেখানে জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় যুক্তরাষ্ট্রের বকেয়া মেটানোর জন্য ৩ দশমিক ১ বিলিয়ন ডলার বরাদ্দ রাখা হয়েছে। ওয়াল্টজ যে অর্থের কথা বলছেন তা গত বছরের বকেয়া নাকি ২০২৬ সালের পাওনা হিসেবে দেওয়া হবে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সামগ্রিকভাবে বকেয়ার দিকেই এই অর্থ যাবে, এবং একই সঙ্গে আমরা যেসব সংস্কার দেখতে পাচ্ছি, তার স্বীকৃতিস্বরূপও এটি দেওয়া হবে।’
ট্রাম্পের শাসনামলে যুক্তরাষ্ট্র শুধু জাতিসংঘের নিয়মিত ও শান্তিরক্ষা বাজেটে বাধ্যতামূলক অর্থ পরিশোধ বন্ধই করেনি, বরং স্বেচ্ছা অনুদাননির্ভর জাতিসংঘ সংস্থাগুলোর অর্থায়নও ব্যাপকভাবে কমিয়েছে। পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ একাধিক জাতিসংঘ সংস্থা থেকে বেরিয়ে যাওয়ার উদ্যোগ নিয়েছে ওয়াশিংটন।
ওয়াল্টজ বলেন, গুতেরেসের ‘ইউএন ৮০’ সংস্কার উদ্যোগকে যুক্তরাষ্ট্র জোরালোভাবে সমর্থন করছে এবং এটিকে একটি গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ হিসেবে দেখছে। তবে তিনি আক্ষেপ করে বলেন, ‘সংস্কারটি আরও জোরালো হওয়া উচিত ছিল। আমি আশা করেছিলাম মহাসচিব তাঁর মেয়াদের প্রথম বা দ্বিতীয় বছরে এটি করবেন, নবম বছরে নয়।’
ওয়াল্টজ আরও বলেন, ‘আমরা শান্তি ও নিরাপত্তার মতো মৌলিক বিষয়গুলোতে গুরুত্ব দিচ্ছি। প্রেসিডেন্ট প্রশ্ন তুলেছেন, কীভাবে জাতিসংঘকে তার পূর্ণ সম্ভাবনার জায়গায় ফিরিয়ে আনা যায়? বর্তমানে এ নিয়ে আলোচনা চলছে এবং আমরা আরও সংস্কার দেখার প্রত্যাশা করছি।’
গুতেরেস গত বছর খরচ কমাতে এবং দক্ষতা বাড়াতে ‘UN 80’ সংস্কার শুরু করেন। অনুমোদিত ২০২৬ সালের নিয়মিত বাজেট তার প্রস্তাবিত বাজেটের চেয়ে প্রায় ২০০ মিলিয়ন ডলার বেশি হলেও ২০২৫ সালের অনুমোদিত বাজেটের তুলনায় প্রায় ৭ শতাংশ কম। গত মাসে তিনি সতর্ক করে বলেন, আগামী জুলাইয়ের মধ্যে জাতিসংঘের নগদ অর্থ ফুরিয়ে যেতে পারে।
ওয়াল্টজ মনে করেন, সদস্য দেশগুলোর উচিত এই নিয়ম পরিবর্তন করা। শান্তিরক্ষা মিশনে মার্কিন বকেয়ার বিষয়ে তিনি বলেন, জাতিসংঘের নির্ধারিত অঙ্ক এবং মার্কিন আইনের অনুমোদিত সীমার মধ্যে একটি আইনি পার্থক্য রয়েছে। আগামী বছর যখন পুনরায় ফি নির্ধারণ নিয়ে আলোচনা হবে, তখন এই বিষয়টি সমাধান করা হবে বলে তিনি জানান।

দীর্ঘ চার বছর ধরে চলা রক্তক্ষয়ী রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানে এবার একটি নির্দিষ্ট সময়সীমা বা ডেডলাইন বেঁধে দিয়েছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, ট্রাম্প প্রশাসন জুনের মধ্যে এই সংঘাতের একটি সমাধান চায়। এ লক্ষ্যে আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার...
৪ ঘণ্টা আগে
চীনের বিরুদ্ধে ২০২০ সালে গোপনে একটি পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালানোর অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র। চীন ও রাশিয়াকে নিয়ে ট্রাম্প প্রশাসনের বিস্তৃত একটি পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির আলোচনার মধ্যে গতকাল শুক্রবার এই অভিযোগ উঠল।
৫ ঘণ্টা আগে
ঘটনার শুরু ১৯৯৬ সালে। আহমেদাবাদে কর্মরত পুলিশ কনস্টেবল বাবুভাই প্রজাপতির বিরুদ্ধে সে সময় ২০ রুপি ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে। দুর্নীতি দমন আইনে তাঁর বিরুদ্ধে মামলা হয়। ১৯৯৭ সালে চার্জশিট দাখিল হয় এবং ২০০২ সালে শুরু হয় বিচার প্রক্রিয়া। দীর্ঘ শুনানি শেষে ২০০৪ সালে নিম্ন আদালত তাঁকে চার বছরের কারাদণ্ড...
৭ ঘণ্টা আগে
তদন্তে আরেকটি বিষয় জানা গেছে। চেতন কুমারের তিন স্ত্রী—সুজাতা, হিনা ও টিনা। চাঞ্চল্যকর বিষয় হলো, এই তিন স্ত্রীই আপন বোন। নিহত নিশিকা ছিল বড় বোন সুজাতার মেয়ে, আর প্রাচী ও পাখি ছিল মেজো বোন হিনার সন্তান। পুলিশের দাবি, মেয়েদের সঙ্গে তাদের মায়েদের চেয়ে বাবার আত্মিক টান বেশি ছিল।
৮ ঘণ্টা আগে