সাধারণত একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন ৭ থেকে ৯ ঘণ্টা ঘুমের প্রয়োজন হয়। কিন্তু আমাদের চারপাশে এমন কিছু মানুষ আছেন, যাঁরা মাত্র ৪ থেকে ৬ ঘণ্টা ঘুমিয়ে পরদিন ভোরবেলা দারুণ চনমনে ও কর্মক্ষম থাকেন। বিখ্যাত বিজ্ঞানী টমাস আলভা এডিসন দাবি করতেন, তিনি কখনো চার ঘণ্টার বেশি ঘুমাতেন না। কলোরাডো বিশ্ববিদ্যালয়ের ইমিউনোলজি অধ্যাপক এইমি পিউ বার্নার্ডও তেমনই একজন। রাত ১০টায় ঘুমিয়ে ভোর সাড়ে ৪টায় উঠে তিনি জিমে যান এবং সকাল ৮টার আগেই দেড় ঘণ্টার অফিসের কাজ সেরে ফেলেন। দুনিয়াতে এমন মানুষ অনেক আছেন।
কখনো জানতে চেয়েছেন, অল্প ঘুমেই কীভাবে এমন অসম্ভব শক্তি পান তাঁরা? জিজ্ঞেস করলেই তাঁরা হয়তো বলবেন, আরে, দরকার হয় না। কিন্তু কেন দরকার হয় না, এটা তাঁরা নিজেরাও জানেন না। বিজ্ঞানীরা বলছেন, এর পেছনে লুকিয়ে আছে বিরল এক জিনগত রহস্য।
অল্প ঘুমের জিনগত কারণ
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা মানুষের ঘুমের সময়কাল নিয়ন্ত্রণকারী বিশেষ কিছু জিনগত মিউটেশন বা পরিবর্তন খুঁজে পেয়েছেন। বংশগত এই বিরল অবস্থাকে বিজ্ঞানীরা নাম দিয়েছেন ফ্যামিলিয়াল ন্যাচারাল শর্ট স্লিপ। আণবিক জীববিজ্ঞানী ইং-হুই ফুর মতে, যাঁদের শরীরে এই বিশেষ জিনগত বৈশিষ্ট্য থাকে, তাঁরা কম ঘুমালেও স্মৃতিশক্তি হ্রাস বা শারীরিক ক্লান্তির মতো কোনো নেতিবাচক প্রভাবের শিকার হন না। কয়েকজন যমজ ভাইয়ের ওপর করা একটি গবেষণায় দেখা গেছে, যাঁর মধ্যে এই জিনগত মিউটেশন ছিল, তিনি তাঁর ভাইয়ের চেয়ে প্রতিদিন প্রায় এক ঘণ্টা কম ঘুমালেও গভীর ঘুম প্রায় সমান পরিমাণেই ঘুমাতেন। অর্থাৎ, তাঁদের মস্তিষ্ক অল্প সময়ের মধ্যেই ঘুমের সর্বোচ্চ উপকারিতা শুষে নিতে পারে।
সবাই কি সত্যিই কম ঘুমে ভালো থাকেন
এখানে একটি বড় সতর্কবার্তাও দিয়েছেন ঘুম বিশেষজ্ঞরা। ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটির ঘুম বিজ্ঞানী হ্যান্স ভ্যান ডনগেনের গবেষণায় দেখা গেছে, সাধারণ মানুষ যাঁরা প্রতিদিন মাত্র ৪ থেকে ৬ ঘণ্টা ঘুমান, দুই সপ্তাহ পর তাঁদের মস্তিষ্কের কর্মক্ষমতা মারাত্মকভাবে কমে যায়। অথচ তাঁরা নিজেরা তা টেরও পান না। তাঁরা ভাবেন, বেশ ভালো আছেন, কিন্তু ভেতরে ভেতরে তাঁদের মনোযোগ ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমে যায়। তা ছাড়া সবার ক্ষেত্রে কম ঘুমের জিন আশীর্বাদ হয়ে আসে না। লন্ডনের কিংস কলেজের গবেষক ইসাবেল অস্টিন-জিমারম্যানের মতে, সাধারণ জনগোষ্ঠীর মধ্যে কম ঘুমের সঙ্গে সম্পর্কিত কিছু জিনগত বৈশিষ্ট্য অনিদ্রা, বিষণ্ণতা, এডিএইচডি এবং টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে।

ভালো ও গভীর ঘুমের জন্য ৬টি কার্যকর টিপস
আপনি যদি বিরল শর্ট স্লিপার না হয়ে থাকেন, তবে সুস্থ থাকতে আপনার পর্যাপ্ত ও মানসম্মত ঘুম প্রয়োজন। বিশেষজ্ঞদের মতে, ভালো ঘুমের জন্য ৬টি অভ্যাস গড়ে তোলা জরুরি। তবে দীর্ঘদিন ধরে ঘুমের সমস্যা চলতে থাকলে বা সারা দিন অতিরিক্ত ক্লান্তি বোধ করলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
ভালো ঘুমের ৬ কারণ
নির্দিষ্ট রুটিন মেনে চলুন: ছুটির দিনসহ প্রতিদিন একই সময়ে ঘুমাতে যান এবং একই সময়ে ঘুম থেকে উঠুন। বিছানায় যাওয়ার ২০ মিনিটের মধ্যে ঘুম না এলে উঠে গিয়ে হালকা কোনো বই পড়ুন বা মৃদু সংগীত শুনুন; ক্লান্তি বোধ করলে আবার বিছানায় যান।
খাবার ও পানীয়ের দিকে নজর দিন: একদম খালি পেটে বা অতিরিক্ত ভরা পেটে ঘুমাতে যাবেন না। ঘুমানোর কয়েক ঘণ্টা আগে থেকে চা, কফি, নিকোটিন ও অ্যালকোহল এড়িয়ে চলুন। কারণ, এগুলো ঘুমের ব্যাঘাত ঘটায়।
ঘুমের উপযোগী পরিবেশ তৈরি করুন: শোয়ার ঘরটি ঠান্ডা, অন্ধকার ও নিরিবিলি রাখুন। ঘুমানোর ঠিক আগে মোবাইল বা টিভির স্ক্রিনের উজ্জ্বল আলো এড়িয়ে চলুন। হালকা গরম পানিতে গোসল বা রিল্যাক্সেশন টেকনিক ভালো ঘুমে সাহায্য করে।
দিনের বেলার ঘুম সীমিত করুন: দুপুরে বা বিকেলে দীর্ঘ সময় ঘুমালে রাতের ঘুম নষ্ট হয়। দিনে ঘুমাতে হলে তা এক ঘণ্টার বেশি নয় এবং বিকেলের পর কখনোই আর ঘুম নয়।
নিয়মিত শরীরচর্চা করুন: প্রতিদিন নিয়ম করে ব্যায়াম বা শারীরিক পরিশ্রম করলে রাতে গভীর ঘুম হয়। তবে ঘুমানোর ঠিক আগমুহূর্তে ভারী ব্যায়াম করবেন না।
দুশ্চিন্তা ঝেড়ে ফেলুন: সারা দিনের উদ্বেগ বা পরের দিনের কাজের চাপ নিয়ে বিছানায় যাবেন না। প্রয়োজনে পরের দিনের কাজের তালিকা কাগজে লিখে রেখে মন হালকা এবং মেডিটেশনের চর্চা করুন।
সূত্র: মায়ো ক্লিনিক, বিবিসি, স্লিপ ফাউন্ডেশন








