হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১ হাজার ৩২৫ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু না হলেও ৭৭ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে ২ লাখ ৩৪ হাজার ১৪৮ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এ সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২৪ হাজার ১৫০ জনের।
সরকারি হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ২৬৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১ হাজার ১৬৪ জন। আর নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে ১০৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় (গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে চারজন এবং সিলেট ও খুলনা বিভাগে একজন করে মারা গেছে।
এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৫২১ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর সিলেট বিভাগে ২০৪ জন, চট্টগ্রামে ১১২, রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৮৯, বরিশালে ৭০, খুলনায় ৫৭ ও রংপুর বিভাগে ১৮ জন মারা গেছে।









