
দেশে চলমান হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনে এ পর্যন্ত ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী ১ কোটি ৬১ লাখ শিশু টিকা পেয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি আরও জানান, এর মাধ্যমে নির্ধারিত লক্ষ্যমাত্রার ৮৯ শতাংশ অর্জিত হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে শতভাগ লক্ষ্যমাত্রা পূরণ হবে।
আজ মঙ্গলবার (৫ মে) সকালে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সভাকক্ষে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি ও অর্জন তুলে ধরতে গিয়ে তিনি এ তথ্য জানান।
তথ্য উপদেষ্টা বলেন, ‘হাম ও এর উপসর্গ নিয়ে শিশুমৃত্যুর ঘটনা অত্যন্ত মর্মান্তিক। আক্রান্ত শিশুরা যখন নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে পড়ে, তখন তাদের আইসিইউ সাপোর্ট দেওয়া কঠিন হয়ে যায়। তবে সরকার এই সংকট মোকাবিলায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।’
তিনি আরও জানান, শিশুদের এই অনাকাঙ্ক্ষিত মৃত্যু প্রতিরোধে টিকাদান কর্মসূচিকে আরও বেগবান করা হয়েছে।
জাহেদ উর রহমান জানান, টিকা কার্যক্রমে সহায়তার জন্য ইউনিসেফ ও গ্যাভির পক্ষ থেকে আরও ২২ লাখ মিক্সিং সিরিঞ্জ দেশে পৌঁছেছে। এ ছাড়া যক্ষ্মা রোগ শনাক্তকরণে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ৬ লাখ জিনএক্সপার্ট কার্টিজ এবং ১১ হাজার শিশুর জন্য যক্ষ্মা প্রতিরোধী ওষুধ অনুদান হিসেবে পাওয়া গেছে।
এর বাইরে বর্ষা মৌসুমে ডেঙ্গু মোকাবিলায় স্বাস্থ্য দপ্তরগুলো প্রস্তুতি শুরু করেছে বলে জানান তথ্য উপদেষ্টা। ব্রিফিংয়ে স্বাস্থ্য খাতের পাশাপাশি অন্যান্য মন্ত্রণালয়ের অগ্রগতির বিষয়ে উপদেষ্টা বিস্তারিত তথ্য তুলে ধরেন তিনি।
শিক্ষা খাতে বড় উদ্যোগের কথা জানিয়ে জাহেদ উর রহমান বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনা মূল্যে স্কুল ড্রেস, ব্যাগ ও জুতা বিতরণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী জুলাই থেকে পাইলট প্রকল্প হিসেবে দেশের প্রতিটি উপজেলার দুটি করে বিদ্যালয়ে প্রথম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে এই সামগ্রী বিতরণ শুরু হবে।
জ্বালানি ও বিদ্যুৎ পরিস্থিতি সংকট কাটিয়ে ওঠার তথ্য দিয়ে উপদেষ্টা বলেন, বর্তমানে দেশে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে। গত ২ মে তারিখের হিসাব অনুযায়ী, ২ লাখ ৩৪ হাজার মেট্রিক টনের বেশি ডিজেল এবং পর্যাপ্ত পরিমাণে অকটেন, পেট্রল ও জেট ফুয়েল মজুত আছে।
তিনি জনগণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘ফুয়েল পাস’ কার্যক্রম চলমান থাকবে যাতে ভবিষ্যতে যেকোনো পরিস্থিতি মোকাবিলা করা যায়।
বিদ্যুৎ প্রসঙ্গে তিনি বলেন, ২৮ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত দেশে কোনো লোডশেডিং হয়নি। তবে সঞ্চালন লাইনের ত্রুটির কারণে কোথাও কোথাও সাময়িক বিভ্রাট হতে পারে।
তীব্র গরম পড়লে এবং মধ্যপ্রাচ্য সংকটের কারণে এলএনজি প্রাপ্তিতে সমস্যা হলে কিছুটা লোডশেডিংয়ের প্রয়োজন হতে পারে। এ জন্য মানসিক প্রস্তুতি রাখারও আহ্বান জানান তিনি।
সংবাদ ব্রিফিংয়ে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহ আলম উপস্থিত ছিলেন।

‘মাতৃদুগ্ধের বিকল্প নেই’—এটি বিশেষ করে নবজাতক এবং ছয় মাসের কম বয়সী শিশুদের বাবা-মায়েদের জন্য একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যবার্তা। মায়ের দুধ থেকে শিশু প্রয়োজনীয় পুষ্টি ও প্রাথমিক রোগ প্রতিরোধক্ষমতা অর্জন করে। কিন্তু দেশে ছোট শিশুদের একচেটিয়া মাতৃদুগ্ধ পানের হার (শুধু মায়ের দুধ পান করা) সাম্প্রতিক...
১২ ঘণ্টা আগে
থাইরয়েড গ্রন্থি শরীরের বিপাকের হার, হৃৎস্পন্দন, রক্তচাপ, ওজন ও তাপমাত্রা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ গ্রন্থির সমস্যায় হাইপোথাইরয়েডিজম এবং থাইরয়েড ক্যানসারের মতো জটিলতা দেখা দিতে পারে। তবে প্রাথমিক পর্যায়ে নির্ণয় করা গেলে থাইরয়েডজনিত রোগ সহজেই নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
১৪ ঘণ্টা আগে
কঙ্গোতে (গণপ্রজাতন্ত্রী কঙ্গো) ছড়িয়ে পড়া প্রাণঘাতী ইবোলা ভাইরাস পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটির কর্মকর্তারা আশঙ্কা করছেন, প্রাথমিক ধারণার চেয়েও দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে এই ভাইরাস।
১৭ ঘণ্টা আগে
দেশের স্বাস্থ্য খাতে শুধু বাজেট বৃদ্ধি নয়, বরং বরাদ্দ করা অর্থের সঠিক ও কার্যকর ব্যবহার নিশ্চিত করাও জরুরি বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। তাঁরা বলেন, প্রাতিষ্ঠানিক সংস্কার, জবাবদিহি ও আর্থিক সুরক্ষাব্যবস্থা শক্তিশালী না হলে বাজেট বৃদ্ধির সুফল সাধারণ মানুষ পাবে না।
১৮ ঘণ্টা আগে