এক বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত বলেছেন, দেশে প্রায় ৩ কোটি ৮০ লাখ মানুষ কিডনি রোগে আক্রান্ত। তাদের অনেকেই রোগের দীর্ঘমেয়াদি ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন নন। এ পরিস্থিতি মোকাবিলায় আগামী এক বছরের মধ্যে দেশের ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু করবে সরকার।
আজ শনিবার বিকেলে রাজধানীর মিরপুরে বাংলাদেশ কিডনি ফাউন্ডেশন হাসপাতালে ‘ইন্টারন্যাশনাল ফেডারেশন অব কিডনি ফাউন্ডেশনস-ওয়ার্ল্ড কিডনি অ্যালায়েন্স’ আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
এম এ মুহিত বলেন, প্রাথমিক স্বাস্থ্যসেবার আওতায় ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের পাশাপাশি কিডনি রোগও প্রাথমিক পর্যায়ে শনাক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সরকারের এক লাখ স্বাস্থ্যকর্মী উপজেলা পর্যায়ে কাজ করবেন।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, সারা দেশে কিডনি চিকিৎসাসেবা সম্প্রসারণে দক্ষ জনবল তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সরকারি ও বেসরকারি সংস্থার সহযোগিতায় প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। আগামী দুই থেকে তিন বছরের মধ্যে বিশেষজ্ঞ চিকিৎসক, বিশেষায়িত নার্স ও মেডিকেল টেকনোলজিস্টদের সমন্বয়ে জেলা পর্যায়ে পূর্ণাঙ্গ কিডনি চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, কিডনি রোগ, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের সব ধরনের চিকিৎসাসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর।
কিডনি ফাউন্ডেশন হাসপাতালের প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যাপক হারুন-উর-রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইন্টারন্যাশনাল ফেডারেশন অব কিডনি ফাউন্ডেশনস-ওয়ার্ল্ড কিডনি অ্যালায়েন্সের সভাপতি অধ্যাপক আলেসান্দ্রো বালদুচ্চি এবং সংগঠনটির মহাসচিব ও নবনির্বাচিত সভাপতি অধ্যাপক দিনা আবদেল লতিফ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কিডনি ফাউন্ডেশন বাংলাদেশের মহাসচিব অধ্যাপক রুহুল আমিন রুবেল।









