Ajker Patrika

পশ্চিমে ভ্যাসেকটমি বা স্থায়ী বন্ধ্যাকরণে তরুণদের আগ্রহ কেন বাড়ছে

আজকের পত্রিকা ডেস্ক­
পশ্চিমে ভ্যাসেকটমি বা স্থায়ী বন্ধ্যাকরণে তরুণদের আগ্রহ কেন বাড়ছে
৩০ বছরের কমবয়সী অনেক তরুণ ভ্যাসেকটমি করতে আগ্রহী হয়ে উঠছে। ছবি: সংগৃহীত

সন্তান জন্মদানের পর মানসিক চাপ ও ট্রমা, পরিবার সম্পূর্ণ হওয়া কিংবা ভবিষ্যতে সন্তান না নেওয়ার নিজস্ব ইচ্ছার কারণে স্থায়ী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি হিসেবে ‘ভ্যাসেকটমি’ বা পুরুষদের স্থায়ী অস্ত্রোপচারের দিকে ঝুঁকছেন অনেকে।

যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পরিসংখ্যান এবং একাধিক পুরুষের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে দেখা যাচ্ছে, পরিবার পরিকল্পনার ক্ষেত্রে পুরুষদের ভূমিকা ও চিন্তাভাবনায় একটি দৃশ্যমান পরিবর্তন আসছে।

বিবিসির প্রতিবেদনে যুক্তরাজ্যের কেন্টের বাসিন্দা ৩৩ বছর বয়সী মর্টগেজ ব্রোকার অ্যালেক্স ওয়েস্টের একটি সাক্ষাৎকার তুলে ধরা হয়েছে। তিনি জানান, প্রথম সন্তানের জন্মের সময় তাঁর স্ত্রী কঠিন শারীরিক জটিলতার মধ্য দিয়ে যান। দ্বিতীয় সন্তান জন্মের সময় স্ত্রীর পরিস্থিতি কিছুটা উন্নত হলেও, মানসিকভাবে ভেঙে পড়েন অ্যালেক্স নিজেই।

অ্যালেক্স বলেন, ‘আমার প্যানিক অ্যাটাক হয় এবং আমি ভেঙে পড়ি। প্রথম সন্তানের জন্মকালীন ট্রমা এবং পরবর্তীতে পোস্টন্যাটাল ডিপ্রেশন বা প্রসবপরবর্তী বিষণ্নতার কারণে আমি বুঝতে পারি, আমাদের আর সন্তান নেওয়া ঠিক হবে না।’

প্রথমে এই দম্পতির চার সন্তান নেওয়ার পরিকল্পনা থাকলেও দুই সন্তানের পর তাঁরা থামার সিদ্ধান্ত নেন। অ্যালেক্স মনে করেন, সন্তান না নেওয়ার মূল সিদ্ধান্ত যেহেতু তাঁর, তাই জন্মনিয়ন্ত্রণের পুরো দায়িত্ব স্ত্রীর ওপর চাপিয়ে দেওয়া সমীচীন নয়।

তিনি জানান, ৩০ বছর বয়সে পৌঁছানোর পর ২০২৪ সালের মে মাসে তিনি লন্ডনের একটি ক্লিনিকে ভ্যাসেকটমি করান। প্রক্রিয়াটি ছিল অত্যন্ত দ্রুত ও ব্যথাহীন।

পরিসংখ্যান কী বলছে?

যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) ইংল্যান্ডের উপাত্ত অনুযায়ী, ২০২৪-২৫ মেয়াদে হাসপাতাল ও ক্লিনিকগুলোতে ২৬ হাজার ৩৮৫টি ভ্যাসেকটমি করা হয়েছে, যা আগের বছরের (২০২৩-২৪) তুলনায় ১৬ শতাংশ বেশি।

সবচেয়ে বেশি ভ্যাসেকটমি করিয়েছেন ৩৫ থেকে ৩৯ বছর বয়সী পুরুষেরা (প্রায় ৮,৪০০ জন)। তবে ৩০ বছরের কম বয়সী পুরুষদের মধ্যেও এই প্রবণতা কিছুটা বেড়েছে; ২০২৪-২৫ সালে এই বয়সের প্রায় ৯৫০ জন পুরুষ স্থায়ী জন্মনিয়ন্ত্রণ করিয়েছেন।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সার্ভে অব ফ্যামিলি গ্রোথ-এর ২০২২-২৩ সালের জরিপ অনুযায়ী, দেশটিতে ১৮ থেকে ২৯ বছর বয়সী পুরুষদের মধ্যে ১ শতাংশেরও কম ভ্যাসেকটমি করিয়েছেন। তবে ৪০ থেকে ৪৯ বছর বয়সী পুরুষদের ১৫ শতাংশ এই পদ্ধতি গ্রহণ করেছেন।

আমেরিকান ভিডিও গেম সাউন্ড ডিজাইনার ২৫ বছর বয়সী স্যাম নাইট জানান, তিনি কখনোই সন্তান চাননি। ২২ বছর বয়সে তাঁর তৎকালীন সঙ্গী অনিচ্ছাকৃতভাবে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন এবং পরে গর্ভপাত করান।

স্যাম বলেন, ‘ওই ঘটনার পর আমার উপলব্ধি হয়, আমি এই ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি আর চাই না।’

স্যাম জানান, সন্তান লালন-পালনে যে সময় ও মানসিক মনোযোগের প্রয়োজন, তা তিনি তাঁর ক্যারিয়ার ও শিল্পচর্চায় দিতে চান। ২৫ বছর বয়সে এই সিদ্ধান্ত নেওয়ার আগে তাঁকে চিকিৎসকদের বেশ কিছু কঠোর প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে, কারণ অল্প বয়সে ভ্যাসেকটমি করা পুরুষদের মধ্যে পরবর্তীতে অনুশোচনার সম্ভাবনা বেশি থাকে।

ভ্যাসেকটমি নিয়ে বিশেষজ্ঞের পরামর্শ

ভ্যাসেকটমি হলো পুরুষদের শুক্রাণু বহনকারী নালি (ভাস ডেফারেন্স) কেটে ও বন্ধ করে দেওয়ার একটি সহজ ও নিরাপদ শল্যচিকিৎসা।

যুক্তরাজ্যের এমএসআই রিপ্রোডাক্টিভ চয়েসেস-এর মেডিকেল ডিরেক্টর ড. সারা সালকেল্ড জানান, ভ্যাসেকটমি অত্যন্ত নিরাপদ ও কার্যকর। তবে সিদ্ধান্ত নেওয়ার আগে পুরুষদের ভালোভাবে চিন্তা করা প্রয়োজন।

তিনি বলেন, ‘আমরা সবাইকে সিদ্ধান্ত নেওয়ার আগে কাউন্সেলিং বা পরামর্শ নেওয়ার সুযোগ দিই, যাতে তাঁরা সঠিক তথ্য জেনে এই সিদ্ধান্ত নিতে পারেন।’

এনএইচএস জানায়, ভ্যাসেকটমি পুনঃপ্রতিষ্ঠা (রিভার্সাল) করার প্রক্রিয়াটি অত্যন্ত জটিল ও ব্যয়বহুল। আবার অনেক সময় সফল হয় না। তাই এটিকে একটি স্থায়ী সিদ্ধান্ত হিসেবে বিবেচনা করার পরামর্শ দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত