Ajker Patrika

ফ্যাক্টচেক /কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনা সাম্প্রদায়িক রং দিয়ে প্রচার

ফ্যাক্টচেক ডেস্ক
আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ২০: ৩১
কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনা সাম্প্রদায়িক রং দিয়ে প্রচার
সনাতন ধর্মাবলম্বী স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের দাবিতে ছড়ানো ভিডিও। ছবি: স্ক্রিনশট

এক মুসলিম যুবক এক সনাতন ধর্মাবলম্বী স্কুলছাত্রীকে ছুরিকাঘাত করেছেন—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ঢাকার সড়কের ঘটনা বলে দাবি করা হচ্ছে।

‘Ankit Dubey’ নামের একটি এক্স অ্যাকাউন্ট থেকে ভিডিওটি শেয়ার করে ইংরেজি ক্যাপশনে দাবি করা হয়, ঢাকার রাস্তায় এক সনাতন ধর্মাবলম্বী তরুণী একজন মুসলিম পুরুষের প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় তাঁকে ছুরিকাঘাত করা হয়েছে। একই পোস্টে নারীর অধিকার নিয়ে সোচ্চার ব্যক্তিদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়।

আজকের পত্রিকার অনুসন্ধান

ভিডিওতে দেখা যায়, একটি বাসার গেটের সামনে দাঁড়িয়ে কলবেল চাপার পর অপেক্ষা করছে এক স্কুলছাত্রী। এ সময় কালো শার্ট পরা এক তরুণ পেছন থেকে এসে ধারালো অস্ত্র দিয়ে তাকে উপর্যুপরি আঘাত করেন। মেয়েটির চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারী পালিয়ে যান।

ভিডিওটির সূত্র ধরে অনুসন্ধানে জানা যায়, এটি ঢাকার কোনো ঘটনার ভিডিও নয়। বরং গত সোমবার (৯ নভেম্বর) কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকায় এক স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনার ফুটেজ। এ বিষয়ে গত সোমবার প্রথম আলোতে ‘কলবেল চেপে বাসার সামনে অপেক্ষায় ছিল স্কুলছাত্রী, পেছন থেকে একের পর এক ছুরিকাঘাত’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, কুষ্টিয়া মিশন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ওই শিক্ষার্থী পরীক্ষা দিয়ে বাসায় ফেরার পর ভবনের নিচে দাঁড়িয়ে কলবেল চাপছিল। এ সময় পেছন থেকে এক কিশোর এসে তাকে ছুরিকাঘাত করে। শরীরের অন্তত ছয়টি স্থানে আঘাত নিয়ে সে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হয়।

প্রথম আলোর প্রতিবেদন। ছবি: স্ক্রিনশট
প্রথম আলোর প্রতিবেদন। ছবি: স্ক্রিনশট

ঘটনার কারণ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় সম্পর্কে জানতে অনুসন্ধানে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস), জাগো নিউজসহ একাধিক গণমাধ্যমের প্রতিবেদন পাওয়া যায়।

বাসসের গতকাল মঙ্গলবার (১০ নভেম্বর) প্রকাশিত ‘কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ইমন গ্রেফতার’ শিরোনামের প্রতিবেদন অনুযায়ী, জাকিয়া সুলতানা (১৬) নামের ওই স্কুলছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করছিল মজমপুর এলাকার ইমন (১৭)। একটি কোচিং সেন্টারে পড়ার সময় থেকেই সে জাকিয়াকে বিরক্ত করত। এসব ঘটনার প্রতিবাদ করায় ক্ষুব্ধ হয়ে ইমন তার ওপর ছুরিকাঘাত করে বলে পরিবারের অভিযোগ। পরে কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি এলাকা থেকে অভিযুক্ত ইমনকে গ্রেপ্তার করে পুলিশ।

জাগো নিউজের প্রকাশিত প্রতিবেদনেও আহত স্কুলছাত্রীর পরিচয় ও পারিবারিক তথ্য উল্লেখ করা হয়। প্রতিবেদন অনুযায়ী, জাকিয়া সুলতানা ফরিদপুরের ভাঙ্গা উপজেলার জাকারিয়ার মেয়ে। জাকিয়ার মা সুমি আক্তার গণমাধ্যমকে জানান, ইমন দীর্ঘদিন ধরে তাঁর মেয়েকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করত। বিষয়টি ইমনের অভিভাবকদের জানানোর পর কিছুদিন সে আর বিরক্ত করেনি। ঘটনার দিন স্কুল ছুটির পর বাড়ির সামনে গেট খোলার অপেক্ষায় থাকার সময় ইমন তাঁর মেয়েকে ছুরি দিয়ে আঘাত করে। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।

বাসস ও জাগো নিউজের প্রতিবেদন। ছবি: স্ক্রিনশট
বাসস ও জাগো নিউজের প্রতিবেদন। ছবি: স্ক্রিনশট

এদিকে বাসসের প্রতিবেদনেও জাকিয়ার মা সুমি আক্তারের বক্তব্যের বরাতে একই ধরনের অভিযোগের কথা উল্লেখ করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, এ ঘটনায় জাকিয়ার বাবা জাকারিয়া বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় মামলা করেছেন।

অন্যদিকে, গতকাল আজকের পত্রিকায় ‘কুষ্টিয়ায় এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত, যে কারণ জানাল অভিযুক্তকিশোর’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে পুলিশের বক্তব্য তুলে ধরা হয়। জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদের বরাতে প্রতিবেদনে বলা হয়, জিজ্ঞাসাবাদে অভিযুক্ত কিশোর জানিয়েছে, জাকিয়ার সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। তবে জাকিয়ার পরিবারের বাধার কারণে তাদের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়। সেই ক্ষোভ থেকেই সে জাকিয়াকে ছুরিকাঘাত করে বলে পুলিশ জানায়।

আজকের পত্রিকার প্রতিবেদন। ছবি: স্ক্রিনশট
আজকের পত্রিকার প্রতিবেদন। ছবি: স্ক্রিনশট

এ ছাড়া স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, ইমন পাটিকাবাড়ি এলাকার আব্বাস উদ্দিনের ছেলে। প্রায় ২০ বছর আগে তার পরিবার পূর্ব মজমপুর এলাকায় বসবাস শুরু করে। তার বাবা দীর্ঘদিন ধরে সৌদি আরবপ্রবাসী। বড় ভাই আকাশ থাকেন নেদারল্যান্ডসে। দুই ভাইয়ের মধ্যে ইমন ছোট।

অর্থাৎ, গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ভুক্তভোগী ও অভিযুক্ত দুজনই মুসলিম। তবে হামলার কারণ সম্পর্কে পুলিশ ও ভুক্তভোগীর পরিবারের বক্তব্যে পার্থক্য রয়েছে। পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রেমের সম্পর্কের টানাপোড়েন থেকে এ হামলার ঘটনা ঘটে। অন্যদিকে, পরিবারের অভিযোগ, দীর্ঘদিন উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় জাকিয়ার ওপর হামলা চালানো হয়।

সিদ্ধান্ত

ঢাকায় এক মুসলিম যুবক প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এক সনাতন ধর্মাবলম্বী স্কুলছাত্রীকে ছুরিকাঘাত করেছেন—এমন দাবিতে প্রচারিত ভিডিওটি বিভ্রান্তিকর। প্রকৃতপক্ষে, ভিডিওটি কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকায় স্কুলছাত্রী জাকিয়া সুলতানাকে ছুরিকাঘাতের ঘটনার।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা [email protected]
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত